চট্টগ্রাম ও খুলনা অফিস
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬ ০০:৪০ এএম
নিয়োগের ৫৬ দিনের মাথায় উপাচার্যকে ‘অপসারণ’ নিয়ে মধ্যরাতে মিছিল-সমাবেশে উত্তাল হয়ে উঠেছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)। বিভিন্ন ছাত্রাবাস থেকে বেরিয়ে শত শত শিক্ষার্থী ক্যাম্পাসের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবস্থান নিয়েছেন। স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে উঠেছে চুয়েট ক্যাম্পাস। রাত ১২টার সময় পর্যন্ত ক্যাম্পাসে অবস্থান করছিলেন শিক্ষার্থীরা।
জানা যায়, কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অবস্থান নিতে সোমবার রাত ১১টার পর থেকে ছাত্রাবাস থেকে শিক্ষার্থীরা বেরিয়ে আসতে শুরু করেন। ততক্ষণে শহর থেকে শিক্ষার্থীদের নিয়ে চুয়েটের একাধিক বাস দক্ষিণ রাউজানের ক্যাম্পাসে পৌঁছায়। শহর থেকে যাওয়া শিক্ষার্থীরাও বিক্ষোভে যোগ দেন।
চুয়েটের মেটারিয়ালস অ্যান্ড মেটালার্জিক্যাল বিভাগের চূড়ান্ত বর্ষের ছাত্র আবদুল্লাহ মাহমুদ সাজিদ বলেন, সাধারণ শিক্ষার্থীরা কেউ ভিসি স্যারের অপমানজনক অপসারণ মানছে না। শত শত শিক্ষার্থী বিক্ষোভ করছেন। আমরা রাতে যতক্ষণ পারি, ততক্ষণ বিক্ষোভ চালিয়ে যাব। মঙ্গলবার সকালে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।
চুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম বলেন, আমরা সতর্ক আছি। শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমাধান করা হবে।
বিএনপি সরকার গঠনের পর গত ২৭ জুলাই চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে উপাচার্য হিসেবে চার বছরের জন্য নিয়োগ দেওয়া হয়। ২৮ জুলাই তিনি দায়িত্ব নেন। এর ৫৬ দিনের মাথায় গতকাল সোমবার উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে সরিয়ে দেওয়া হয়েছে। নতুন উপাচার্য হিসেবে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নিয়োগ দেওয়া হয়েছে।
গতকাল সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক প্রজ্ঞাপনে নিয়োগের তথ্য জানানো হয়।
অধ্যাপক ড. শেখ শরীফুল আলম ২০২৪ সালের ৪ ডিসেম্বর কুয়েটের প্রো-ভাইস চ্যান্সেলর হিসেবে দায়িত্ব নেন। এর আগে তিনি কুয়েটের ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষক সমিতির সাধারণ সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।