× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফেসবুকে পোস্ট নিয়ে জবিতে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৪

জবি প্রতিবেদক

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬ ২২:১৩ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদলের সদস্যসচিব শামসুল আরেফিনকে নিয়ে যুগ্ম আহ্বায়ক নাহিয়ান বিন হক অনিক ফেসবুকে একটি পোস্ট করেন। 

ওই পোস্টকে কেন্দ্র করে রবিবার দুপুর ২টার দিকে ক্যাম্পাসে দুপক্ষের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৪ জন আহত হয় বলে জানা গেছে। এর মধ্যে একজনের অবস্থা গুরুতর। আহতরা হলেনÑ অর্থনীতি বিভাগের ২১ ব্যাচের শিক্ষার্থী মাদুদ ও লোক প্রশাসন বিভাগের ১৯ ব্যাচের শিক্ষার্থী ইমন। বাকিদের নাম ও পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানায়, বাহাদুর শাহ পার্ক সংলগ্ন চায়ের দোকানের পাশে দুপক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা ও ধস্তাধস্তি শুরু হয়। পরে সংঘর্ষ ক্যাম্পাসের কাঁঠালতলা এলাকায় ছড়িয়ে পড়ে। এ সময় কয়েকজনকে রড ও পাইপ নিয়ে হামলা করতে দেখা যায়। এতে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

জানা যায়, গত ১৯ সেপ্টেম্বর রাতে শামসুল আরেফিনকে নিয়ে ফেসবুকে একটি পোস্ট করেন নাহিয়ান বিন অনিক। পোস্টে তিনি লিখেন, ‘একটা পাডা কতোগুলো ছাত্রলীগ, শিবির আর হাইব্রিড নিয়ে ধাপ্পাবাজির ক্লাস খুলছে। যেখানে ওর মতো গরু তৈরির প্রশিক্ষণ দেওয়া হয়। এই পাডা কথা বলতে বলতে দাঁড়ানো অবস্থা থেকে প্রায় মাটিতে শুয়ে পড়ে। জাস্ট লাইক এ্যা জোকার..!!

তুমি না হয় এর ওর পা টিপে সামহাউ কিছু একটা হইছো। তুমি যেই ভেড়ার ১২-১৩ জনের পাল তৈরি করেছোÑ ওখানে আলো ছড়াবে এমন কাউকে দেখছি না..!! সব ধুলোয় অন্ধকার হাইব্রিড, লীগ আর শিবির। সতর্কবার্তাÑ ভায়া চরিত্র বদলাও, না হলে বদলিয়ে দেওয়া হবে। রাস্তার ছাল ছাড়া অথর্ব নেড়িকুকুর।’ ওই পোস্টকে কেন্দ্র করে পরে ক্যাম্পাসে অনিক ও শামসুল আরেফিনের অনুসারীদের মধ্যে দফায় উত্তেজনা বিরাজ করে।

এ বিষয়ে জানতে ছাত্রদলের জবি শাখার সদস্যসচিব শামসুল আরেফিনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। অন্যদিকে, যুগ্ম আহ্বায়ক নাহিয়ান বিন হক অনিকের মুঠোফোন বন্ধ পাওয়া যায়।

জবি প্রক্টর অধ্যাপক ড. আজম খান বলেন, গতকাল দুপুর ২টার দিকে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুই-তিনজন সামান্য আহত হয়েছেন। বর্তমানে পরিবেশ শান্ত রয়েছে। বিষয়টি প্রশাসনকে জানানো হয়েছে।

জবিতে ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে ৮ নেতাকর্মী বহিষ্কার

এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ৮ নেতাকর্মীকে বহিষ্কার করেছে সংগঠনটির কেন্দ্রীয় সংসদ। পাশাপাশি যুগ্ম আহ্বায়ক নাহিয়ান বিন অনিককে কারণ দর্শানোর (শোকজ) নোটিস দেওয়া হয়েছে। 

রবিবার ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়।

ঘটনার বিষয়ে কারণ দর্শাতে ২৪ ঘণ্টা সময় বেঁধে দিয়ে নাহিয়ান বিন অনিককে দেওয়া নোটিসে বলা হয়েছেÑ ছাত্রদল, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার দায়িত্বশীল পদে আসীন থেকে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগের ভিত্তিতে আপনার বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না। এজন্য তাকে কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হলো।

আরেক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগের ভিত্তিতে জবি শাখার যুগ্ম আহ্বায়ক সবুজ শাহরিয়ার, সদস্য ইসরাফিল ইসলাম রাফিল, মাসুম রেজা, ইয়াসিন সাইফ, ইমরান হোসেন ইমন, মনিরুজ্জামান মনির, সৌরভুর রহমান সুজনকে সাংগঠনিক পদ এবং ছাত্রনেতা কাব্য সাহাকে প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হলো।

দুটি বিজ্ঞপ্তিই ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির অনুমোদন করেছেন বলে তথ্য দেওয়া হয়েছে।

এর আগে দুপুরে জবি ছাত্রদলের সদস্য সচিব শামসুল আরেফীন ও যুগ্ম আহ্বায়ক নাহিয়ান বিন হক অনিকের অনুসারীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এ ছাড়া গত বুধবার নবীনবরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে ছাত্রদলের সুমন সর্দার ও মোস্তাফিজুর রহমান রুমি গ্রুপের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা