ইবি প্রতিবেদক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬ ২১:৪২ পিএম
ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ের কনফারেন্স রুমে সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের ক্যারিয়ার প্রস্তুতি ও কর্মসংস্থানের সুযোগ বাড়াতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ব্র্যাকের মধ্যে দ্বিপক্ষীয় সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এর আওতায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ‘ক্যারিয়ার হাব’-এর একটি অফিস স্থাপন ও পরিচালনা করা হবে।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ের কনফারেন্স রুমে এ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে ট্রেজারার অধ্যাপক ড. ইদ্রিস আলী এবং ব্র্যাকের পক্ষে হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট ক্লাস্টারের সিনিয়র ডিরেক্টর সাফি রহমান খান সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
সমঝোতা অনুযায়ী, ক্যারিয়ার হাবে অনার্স প্রথমবর্ষ থেকে মাস্টার্স পর্যায়ের শিক্ষার্থীদের ক্যারিয়ার প্রস্তুতি, কাউন্সেলিং, প্রশিক্ষণ কর্মশালা, বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সংযোগ স্থাপন এবং চাকরির বাজারে প্রবেশের সুযোগ তৈরিতে সহায়তা দেওয়া হবে। পাশাপাশি সিভি রিভিউ, মক ইন্টারভিউ, দক্ষতা মূল্যায়ন, ক্যারিয়ার এক্সপো ও করপোরেট এক্সপোজারের মতো কার্যক্রম পরিচালনা করা হবে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. একেএম মতিনুর রহমান, উপ-উপাচার্য অধ্যাপক ড. এমতাজ হোসেন, ট্রেজারার অধ্যাপক ড. ইদ্রিস আলী, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. আতিকুর রহমান, সেন্ট্রাল ল্যাবের পরিচালক অধ্যাপক ড. মো. জাহিদুল ইসলাম, প্রশাসন গঠিত কমিটির আহ্বায়ক কাজী মোস্তফা আরিফসহ কমিটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
ব্র্যাকের পক্ষে উপস্থিত ছিলেন, হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট ক্লাস্টারের সিনিয়র ডিরেক্টর সাফি রহমান খান, ক্যারিয়ার হাবের ম্যানেজার (এমপ্লয়মেন্ট) মো. আলিউল আজীম, ব্র্যাক স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রামের ক্যারিয়ার হাব প্রকল্পের ম্যানেজার জেএম সাইফুল ইসলাম, খুলনা ব্রাঞ্চের ম্যানেজার আদিব আহসান শান্তু, ক্যারিয়ার কাউন্সেলর ফারহা রহমান এবং খুলনা হাবের অ্যাক্টিভেশন অ্যান্ড এনরোলমেন্ট ইউনিটের সাজ্জাদুল ইসলাম।