বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬ ১৮:৪১ পিএম
রবিবার বেলা সাড়ে তিনটায় জাকসু ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জাকসুর সদ্য সাবেক সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) ফেরদৌস আল হাসান কথা বলেন। সংবাদ সম্মেলনে সদ্য সাবেক সহসভাপতি (ভিপি), সাধারণ সম্পাদকসহ (জিএস) অন্যান্য প্রতিনিধি উপস্থিত ছিলেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) গত এক বছরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছ থেকে মাত্র ১৮ লাখ টাকা বরাদ্দ পেয়েছিল। তবে সীমিত এই বরাদ্দের ওপর নির্ভর না করে বিভিন্ন আউটসোর্সিং ও স্পনসরশিপ সংগ্রহের মাধ্যমে ৩ কোটি ৫২ লাখ টাকার উন্নয়ন ও শিক্ষার্থীকল্যাণমূলক কাজ সম্পন্ন করেছে জাকসু।
রবিবার বেলা সাড়ে তিনটায় জাকসু ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জাকসুর সদ্য সাবেক সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) ফেরদৌস আল হাসান এসব তথ্য জানান। সংবাদ সম্মেলনে সদ্য সাবেক সহসভাপতি (ভিপি), সাধারণ সম্পাদকসহ (জিএস) অন্যান্য প্রতিনিধি উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০২৫ সালের ১১ সেপ্টেম্বর জাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর ১৮ সেপ্টেম্বর প্রতিনিধিরা শপথ নেন। দায়িত্ব গ্রহণের পর থেকে প্রাতিষ্ঠানিক সংস্কার ও শিক্ষার্থীদের নানা সমস্যা সমাধানে মনোযোগ দেওয়া হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের বাজেট স্বল্পতা থাকায় জাকসু নিজস্ব উদ্যোগ, কর্পোরেট স্পন্সরশিপ ও বিভিন্ন ফার্মের সহযোগিতায় অর্থ সংগ্রহ করে ৩৩৮টি কর্মসূচি বাস্তবায়ন করে।
প্রায় ২৫ লাখ টাকা ব্যয়ে চিকিৎসা সেবা আধুনিকায়নের কাজ চলছে। ২১টি হলে কম্পিউটার ও টেবিল সরবরাহে ১১ লাখ ৩৫ হাজার টাকা। গরম ও ঠান্ডা পানির ফিল্টার স্থাপন প্রায় ৭ লাখ টাকা।ওয়াটার বুস্টার স্থাপনে ব্যয় প্রায় ১ লাখ ৪৭ হাজার টাকা। হলগুলোতে ও কেন্দ্রীয় মন্দিরে পাঠাগার স্থাপন (৮ লাখ ৮৯ হাজার টাকা)। ফার্স্ট এইড সরঞ্জাম (৩ লাখ টাকা), তিনটি স্থানে মোবাইল চার্জিং স্টেশন (৬০ হাজার টাকা) এবং বিজনেস ফ্যাকাল্টির সামনে ছাতা স্থাপন।
জাকসুর নিজস্ব ওয়েবসাইট (৫০ হাজার টাকা—সম্পূর্ণ স্পন্সরড), ‘টিউটর হাব’ (৪৫ হাজার টাকা), জাবি মূল ওয়েবসাইট উন্নয়ন (৫০ হাজার টাকা) ও রক্তদান ওয়েবসাইট (৩৫ হাজার টাকা)। শিক্ষার্থী যাতায়াত সহজ করতে বাসে ট্র্যাকিং ডিভাইস চালু (প্রায় ২ লাখ টাকা, স্পন্সরশিপের কারণে প্রকৃত ব্যয় হ্রাস)। দুই ধাপে ৭০০-এর বেশি শিক্ষার্থীকে বিনামূল্যে বিভিন্ন কোর্স প্রদান (মূল্য ৭ লাখ টাকা, জাকসুর ব্যয় ০ টাকা)।
বেসিক ও এডভান্সড কম্পিউটার স্কিল কোর্সে ২,০০০+ শিক্ষার্থীর এনরোলমেন্ট (মোট মূল্য ৭ লাখ ১৫ হাজার টাকা)। ‘ফ্লুয়েন্ট ফিউচার’ ল্যাঙ্গুয়েজ কোর্স (১২ লাখ টাকা) এবং নেক্সট জেনারেশন রিসার্চ মেথডোলজি কোর্স (১৬ লাখ টাকা)। ৫৫০০ জন নারী শিক্ষার্থীকে ৭ দিনব্যাপী বিনামূল্যে সাইকেল ও স্কুটি প্রশিক্ষণ (স্পন্সর ব্যয় ২০ লাখ+ টাকা)। ‘ক্যারিয়ার পাথ এক্সপো’ (৩.৫ লাখ টাকা—জাকসুর ব্যয় ০) এবং ‘ইন্টারন্যাশনাল এডুকেশন এক্সপো ২০২৬’ (৪ লাখ টাকার বাজেটে জাকসুর মাত্র ২৫ হাজার টাকা ব্যয়)।
শিক্ষার্থীর অংশগ্রহণে জব ফেয়ার (আর্থিক মূল্য ১৬ লাখ টাকা, স্পন্সরশিপের কারণে জাকসুর খরচ মাত্র ১–১.৫ লাখ টাকা)। ২০ জন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে ৮০০+ শিক্ষার্থীকে কাউন্সেলিং সেবা প্রদান (মূল্য ৯.৭৮ লাখ টাকা। ১০ হাজার টাকা ব্যয়ে ১.৫০ লাখ টাকার ফিজিওথেরাপি সেবা প্রদান।
ক্যাম্পাসের ৩টি পয়েন্টে বিশ্বকাপ খেলা সম্প্রচারের ব্যবস্থা (মূল্য ৩৮ লাখ টাকা)। বছরজুড়ে ১৫টির বেশি সাংস্কৃতিক উৎসব ও ৩টি বড় কনসার্ট আয়োজন (১৮ লাখ টাকার স্পন্সর সংগৃহীত)। 'জাগরণ’ ও জাকসু ম্যাগাজিন প্রকাশ (পৃথকভাবে ২ লাখ টাকা করে)।
জিমনেশিয়াম আধুনিকায়নে ৫ লাখ টাকার স্পন্সর সংগ্রহ এবং নারী হ্যান্ডবল টুর্নামেন্ট আয়োজন। মে দিবসের ৭.৮৫ লাখ টাকার কর্মসূচিতে ৭ লাখ টাকা স্পন্সর সংগৃহীত। হল সংসদ ও নিবন্ধিত ক্লাবগুলোর বিভিন্ন প্রোগ্রাম ও উদ্যোগ সফল করতে জাকসুর মূল বাজেট থেকে নগদ ৩ লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে জাকসু প্রতিনিধিরা জানান, বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া সীমিত বরাদ্দের ওপর নির্ভর না করে উদ্ভাবনী পরিকল্পনা ও বাইরে থেকে ফান্ড সংগ্রহের মাধ্যমে তারা শিক্ষার্থীদের শিক্ষাজীবন, স্বাস্থ্য, দক্ষতা বৃদ্ধি ও বিনোদনে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করেছেন।