রাজশাহী বিশ্ববিদ্যালয়
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬ ২৩:১৮ পিএম
আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৬ ২১:৩৯ পিএম
রাজশাহী বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত
পরীক্ষা শুরু হতে আর সপ্তাহখানেক বাকি। বই-খাতা নিয়ে পড়ার টেবিলে বসার কথা ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী সৈয়দ আতিকের।
কিন্তু পরীক্ষার প্রস্তুতির বদলে তিন দিন তাকে ছুটতে হয়েছে এক দপ্তর থেকে আরেক দপ্তরে। কখনও বিভাগের চেয়ারম্যানের সই, কখনও হল প্রাধ্যক্ষের অনুমোদন, আবার কখনও ব্যাংকের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ফি জমা দেওয়া।
শুধু আতিক নন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রায় সবারই পরীক্ষার আগে এমন ভোগান্তির মুখোমুখি হতে হয়। পরীক্ষায় বসার অনুমতি পেতে একজন শিক্ষার্থীকে ঘুরতে হয় অন্তত ছয়টি দপ্তর।
পুরো প্রক্রিয়ায় সময় লাগে দুই থেকে তিন দিন। বিশ্ববিদ্যালয় প্রশাসন দীর্ঘদিন ধরে অটোমেশনের কথা বললেও এর পূর্ণ বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক সেবাগুলো এখনও পুরোপুরি অটোমেশনের আওতায় না আসায় এই ভোগান্তি পোহাতে হচ্ছে। পরীক্ষার ফরম পূরণ ও ফি পরিশোধের মতো নিয়মিত কাজ অনলাইনে সম্পন্ন করা গেলে দপ্তরে দপ্তরে ছুটতে হতো না।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, পরীক্ষার ফরম পূরণের জন্য প্রথমে অনলাইনে ফরম পূরণ করতে হয়। এরপর সেটি প্রিন্ট করতে যেতে হয় দোকানে। প্রিন্ট করা ফরম নিয়ে নিজ নিজ বিভাগে গিয়ে চেয়ারম্যানের সই নিতে হয়। এরপর ফরমটি নিয়ে যেতে হয় আবাসিক হলের প্রাধ্যক্ষের কাছে।
তবে এখানেই শেষ নয়। আবাসিক শিক্ষার্থীর হলের বকেয়া বেতন থাকলে প্রাধ্যক্ষের সই পাওয়া যায় না। বকেয়া পরিশোধের জন্য তাকে আবার যেতে হয় ব্যাংকে।
দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টাকা জমা দিয়ে রসিদ নিয়ে ফিরতে হয় হল অফিসে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে ফরম জমা দিতে হয় সংশ্লিষ্ট হল সহকারী রেজিস্ট্রারের কাছে।
সেদিনই অনেক সময় প্রাধ্যক্ষের সই পাওয়া যায় না। ফলে পরদিন আবার যেতে হয় হলে। প্রাধ্যক্ষের সই করা ফরম হাতে পাওয়ার পর আবার ব্যাংকে গিয়ে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে পরীক্ষার ফি জমা দিতে হয়। এরপর রসিদ দেখিয়ে পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করে পরীক্ষায় বসার সুযোগ পান শিক্ষার্থী।
আতিক প্রশ্ন তোলেন, “এক সপ্তাহ পর পরীক্ষা। এখন পরীক্ষা নিয়ে পড়াশোনা করব, নাকি ফরম ফিলাপের জন্য বিভিন্ন দপ্তরে ঘুরব?”
ডিজিটাল এই যুগে একটি পরীক্ষার ফরম পূরণের জন্য এত ঘোরাঘুরি খুবই ভোগান্তির উল্লেখ করে তিনি বলেন, “পুরো প্রক্রিয়াটি অনলাইনে করা হলে শিক্ষার্থীদের সময় ও শ্রম দুটোই বাঁচত।”
ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী নাজমুলের অভিযোগ, “পরীক্ষার আগে পড়াশোনায় মনোযোগ দেওয়ার বদলে ফর্ম ফিল-আপের মতো একটি সাধারণ কাজের জন্য শিক্ষার্থীদের বিভিন্ন দপ্তরে ঘুরতে হচ্ছে।”
“বর্তমান প্রযুক্তিনির্ভর যুগে বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানে এখনও এমন কাগজপত্রনির্ভর ও দীর্ঘ প্রশাসনিক প্রক্রিয়া অত্যন্ত হতাশাজনক”, বলেন তিনি।
তার দাবি, “বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক সেবায় অটোমেশনের কথা দীর্ঘদিন ধরে বলা হলেও এর বাস্তব প্রতিফলন আমরা এখনও দেখতে পাচ্ছি না।”
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, প্রশাসনিক ও অ্যাকাডেমিক কার্যক্রম অটোমেশনের দাবি নতুন নয়। শিক্ষার্থী ও ছাত্র সংগঠনগুলোর দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে ২০২৩ সাল থেকে আইসিটি সেন্টারের মাধ্যমে শিক্ষার্থীদের বিভিন্ন অ্যাকাডেমিক কার্যক্রম, হলের আবাসিক ফি ও পরীক্ষার ফরম পূরণ অনলাইন ও অটোমেশনের আওতায় আনার প্রক্রিয়া শুরু করে প্রশাসন। তবে তা এখনও পুরোপুরি বাস্তবায়ন হয়নি।
এদিকে দায়িত্বের শেষ পর্যায়ে এসেও এ সমস্যা সমাধানে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (রাকসু) থেকে উল্লেখযোগ্য কোনো পদক্ষেপ দেখা যায়নি।
এ বিষয়ে রাকসুর বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তোফায়েল আহমেদ তোফার সঙ্গে কথা বলেন প্রতিবেদক।
“রাকসুর প্রথম ও তৃতীয় অধিবেশনে বিষয়টি তুলেছিলাম”- এমন দাবি করে তোফা জানান, কিছু কিছু বিষয় অটোমেশনে হচ্ছে। কিন্তু হল ম্যানেজমেন্টের বিষয়টি হচ্ছে না।
বর্তমানে নতুন আইসিটি সেন্টার পরিচালক ও রেজিস্ট্রার যোগদান করেছেন জানিয়ে তিনি বলেন, তাদের সঙ্গে এখনও এ বিষয়ে কথা হয়নি
তবে শিগগিরই তাদের সঙ্গে কথা বলা হবে উল্লেখ করে রাকসুর এই সম্পাদক বলেন, “প্রয়োজনে বিকল্প ব্যবস্থা নিয়ে হলেও বিষয়টি সমাধানের উদ্যোগ নেব।”
‘অনিয়মে’ আটকে আছে অটোমেশন
২০২৪ সালে হল ব্যবস্থাপনার জন্য অটোমেশন সফটওয়্যার ও মোবাইল অ্যাপ তৈরির প্রকল্পে অনিয়মের অভিযোগ ওঠে। বিষয়টি তদন্তে একাধিক কমিটি গঠন করা হয়।
একটি কমিটি প্রতিবেদন দিলেও অসন্তোষের পর আরেকটি তদন্ত কমিটি গঠন করা হয়। তবে সেই তদন্তের চূড়ান্ত অগ্রগতি এখনও স্পষ্ট নয়।
হল অটোমেশন প্রকল্পটি আটকে থাকায় পরীক্ষার ফরম পূরণের পুরো প্রক্রিয়াও অনলাইনে নেওয়া সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের আইসিটি দপ্তর।
বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক হাসনাত কবীর বলেন, “পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের কাজগুলো নতুন সিস্টেমের আওতায় অটোমেশনের মাধ্যমে করা হচ্ছে। তবে ফরম পূরণের ক্ষেত্রে হলের যে অংশ রয়েছে, সেটি এখনও অটোমেশনের আওতায় আসেনি।”
হলের অটোমেশন না হওয়া পর্যন্ত এই অংশের প্রক্রিয়া অনলাইনে করা সম্ভব হবে না দাবি করে তিনি বলেন, “হলের অটোমেশন নিয়ে একটি কমিটি কাজ করছে। সফটওয়্যারটি চালু হলে বর্তমানে যে সমস্যাগুলোর কথা বলা হচ্ছে, সেগুলোও সমাধান হয়ে যাবে।”
সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আব্দুল আলীম বলেন, “আমরা একটি সিস্টেম তৈরির কাজ করছি, যেখানে ঘরে বসেই মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সকল ফি পরিশোধ করা যাবে।”
তিনি জানান, সিস্টেমটি এখন ডেভেলপের পর্যায়ে আছে। এটি চালু হলে শিক্ষার্থীরা ঘরে বসেই প্রয়োজনীয় সব কাজ করতে পারবেন।
হল ম্যানেজমেন্টে অটোমেশনে অনিয়মের অভিযোগের তদন্তের বিষয়ে কিছুটা আইনগত জটিলতা রয়েছে দাবি করে উপ-উপাচার্য বলেন, “সেগুলো পর্যালোচনা করে সমাধানের প্রক্রিয়া চলছে। আশা করছি খুব শিগগিরই বিষয়টি সমাধান হবে।”