× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাবলিক বিশ্ববিদ্যালয়ে অর্থ ব্যয়ে জবাবদিহি নিশ্চিত করতে হবে: ইউজিসি চেয়ারম্যান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬ ১৮:১৬ পিএম

ইউজিসি অডিটোরিয়ামে বৃহস্পতিবার ‘পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের বাজেট প্রণয়ন ও বাস্তবায়ন’ শীর্ষক দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কথা বলেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। ফাইল ছবি

ইউজিসি অডিটোরিয়ামে বৃহস্পতিবার ‘পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের বাজেট প্রণয়ন ও বাস্তবায়ন’ শীর্ষক দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কথা বলেন ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। ফাইল ছবি

পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে সরকারি বরাদ্দের প্রতিটি টাকা প্রয়োজনের ভিত্তিতে, যথাযথ পরিকল্পনা ও স্বচ্ছতার সঙ্গে ব্যয় নিশ্চিত করার তাগিদ দিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।

তিনি বলেছেন, উচ্চশিক্ষার উন্নয়নে সরকার প্রয়োজনীয় অর্থ দিতে প্রস্তুত। কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয় পরিচালিত হয় জনগণের করের অর্থে। তাই সরকারি অর্থ ব্যবহারে স্বচ্ছতা, জবাবদিহি ও সুশাসন নিশ্চিত করতে হবে। অর্থ ব্যয়ের ক্ষেত্রে কোনো ধরনের অস্বচ্ছতা গ্রহণযোগ্য নয়।

ইউজিসি অডিটোরিয়ামে বৃহস্পতিবার ‘পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের বাজেট প্রণয়ন ও বাস্তবায়ন’ শীর্ষক দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইউজিসি চেয়ারম্যান বলেন, ~উচ্চশিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলা এবং দেশ-বিদেশের কর্মসংস্থানের উপযোগী করতে ইউজিসি বিভিন্ন উদ্যোগ নিয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়নে ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়গুলোর আরও বেশি অর্থের প্রয়োজন হতে পারে। তবে বরাদ্দের ক্ষেত্রে অর্থের প্রকৃত প্রয়োজনীয়তা এবং তা ব্যয় করার সক্ষমতা বিবেচনায় নিতে হবে”।

নতুন জনবলের চাহিদার ক্ষেত্রেও প্রকৃত প্রয়োজন ও যৌক্তিকতা যাচাইয়ের ওপর গুরুত্ব দেন তিনি। তার মতে, চাহিদা অনুযায়ী বরাদ্দ পাওয়ার পরও নির্ধারিত সময়ে তা বাস্তবায়ন করা না হলে সেই চাহিদার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন ওঠে। তাই পরিকল্পনা, বাজেট প্রণয়ন ও বাস্তবায়নের মধ্যে কার্যকর সমন্বয় জরুরি।

অধ্যাপক মামুন আহমেদ বলেন, “সরকার পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে অর্থায়ন করে, আর বিশ্ববিদ্যালয়গুলো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে অ্যাকাডেমিক কার্যক্রম পরিচালনা করে। বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসন ও প্রাতিষ্ঠানিক মর্যাদা অক্ষুণ্ন রেখে সরকারি অর্থ যথাযথভাবে ব্যবহার হচ্ছে কি না, তা নিশ্চিত করা ইউজিসির গুরুত্বপূর্ণ দায়িত্ব”।

কর্মশালায় সভাপতির বক্তব্যে ইউজিসির সদস্য অধ্যাপক ড. মো. আসলাম হোসেন বলেন, “সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করার পাশাপাশি প্রতিষ্ঠানগুলোর প্রতি জনগণের আস্থা আরও সুদৃঢ় করতে হবে। সঠিক পরিকল্পনা ও দক্ষ ব্যবস্থাপনার মাধ্যমে বরাদ্দকৃত অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা প্রয়োজন”।

কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন ইউজিসির সদস্য অধ্যাপক ড. আবদুল্লাহ-আল-মামুন, অধ্যাপক মো. মেহেদী হাসান খান ও অধ্যাপক ড. নিয়াজ আহমেদ চৌধুরী। স্বাগত বক্তব্য দেন ইউজিসির সচিব ড. মো. ফখরুল ইসলাম। ইউজিসির অর্থ, হিসাব ও বাজেট বিভাগের উপপরিচালক মো. হাফিজুর রহমানের সঞ্চালনায় দিনব্যাপী এ কর্মশালায় দেশের ২৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, অর্থ ও হিসাব বিভাগের পরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা