গণ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬ ১৩:১৪ পিএম
সেমিনারের শুরুতে ক্যাম্পাসে একটি সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়
গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) অনুষ্ঠিত হয়েছে 'ছত্রাকজনিত রোগ শুরু হয় যেখানে জীবন ঘটে: সচেতনতা, প্রতিরোধ ও সুরক্ষা' শীর্ষক সেমিনার। বুধবার (১৬ সেপ্টেম্বর) সেন্টার ফর মাল্টিডিসিপ্লিনারি রিসার্চ ও মাইক্রোবায়োলজি বিভাগের যৌথ আয়োজনে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ব্লক-এ-এর ৪১৭ নম্বর কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারের শুরুতে ক্যাম্পাসে একটি সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়, যেখানে শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন। এর পাশাপাশি বিষয়সংশ্লিষ্ট একটি পোস্টার প্রেজেন্টেশনেরও আয়োজন করা হয়। সেমিনারে ফাঙ্গাল রোগ প্রতিরোধ, সচেতনতা, সঠিক চিকিৎসা ও অ্যান্টিফাঙ্গাল ওষুধের যথাযথ ব্যবহারের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন গণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন। বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্যবিজ্ঞান অনুষদের ডিন ড. মো. ফুয়াদ হোসেন এবং সেন্টার ফর মাল্টিডিসিপ্লিনারি রিসার্চের পরিচালক ড. মো. তারিকুল ইসলাম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. মো. তানভীর রহমান। আলোচনায় অংশ নেন ডার্মাটোলজি অ্যান্ড ভেনেরিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ও গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ ও হাসপাতালের ড. তানিয়া হক।
অধ্যাপক ড. মো. তানভীর রহমান বলেন, প্রাণী ও মানুষের মধ্যে যোগাযোগ বাড়ায় ফাঙ্গাল রোগের বিস্তারের সুযোগও বেড়েছে। কুকুর, বিড়াল, পাখিসহ বিভিন্ন পোষা প্রাণী ফাঙ্গাস বহন করতে পারে, একইভাবে ছাদবাগানসহ বিভিন্ন জায়গা থেকেও ফাঙ্গাস মানুষের মধ্যে আসতে পারে। তাই প্রাণীসম্পর্কিত ফাঙ্গাস নিয়ন্ত্রণে গবেষণা ও উন্নয়নে গুরুত্ব দিতে হবে। তিনি জানান, নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে বেশি দেখা যায় এমন কিছু ফাঙ্গাল রোগকে নেগলেক্টেড ফাঙ্গাস বলা হয়—স্পোরোট্রাইকোসিস, মাইকেটোমা ও ক্রোমোব্লাস্টোমাইকোসিসের মতো রোগ নিয়ে আরও গবেষণা প্রয়োজন। পোষা প্রাণীর মাধ্যমে দাদসহ বিভিন্ন ফাঙ্গাল সংক্রমণ ছড়াতে পারে, আর অ্যাসপারজিলাসের মতো ফাঙ্গাস খাবারে টক্সিন তৈরি করেও ক্ষতি করতে পারে। ফাঙ্গাল রোগ নির্ণয়ে কালচার টেকনিক কার্যকর হলেও অনেক ক্ষেত্রে কয়েক সপ্তাহ সময় লেগে যায়, এ সময়ের মধ্যে রোগীর অবস্থার অবনতি ও সংক্রমণ ছড়ানোর ঝুঁকি থাকে। তাই দ্রুত রোগ নির্ণয়ে অ্যাডভান্সড ডায়াগনস্টিক প্রযুক্তিতে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।
ড. তানিয়া হক বলেন, জনস্বাস্থ্যে অ্যান্টিফাঙ্গাল ওষুধের গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে, তবে অন্যান্য অ্যান্টিমাইক্রোবিয়াল ওষুধের তুলনায় এর সংখ্যা খুবই কম। এর একটি কারণ, মানুষ ও ছত্রাক উভয়ই ইউক্যারিওটিক কোষ হওয়ায় তাদের গঠনগত মিল রয়েছে ফলে বিশেষভাবে ছত্রাককে লক্ষ্য করে ও মানবদেহে ন্যূনতম পার্শ্বপ্রতিক্রিয়া সৃষ্টিকারী ওষুধ তৈরি করা চ্যালেঞ্জিং। তিনি আরও বলেন, অ্যান্টিফাঙ্গাল ওষুধের স্বল্পতার পাশাপাশি এর যথাযথ ব্যবহারও জরুরি। অতিরিক্ত ব্যবস্থাপত্র এবং সম্পূর্ণ কোর্স শেষ না করার কারণে প্রতিরোধক্ষমতা তৈরি হতে পারে, যা মোকাবিলায় সমন্বিত বা কম্বিনেশন থেরাপি একটি কার্যকর উপায় হতে পারে বলে মত দেন তিনি।
উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন বলেন, ফাঙ্গাল রোগ নিয়ে দীর্ঘদিন আমাদের ধারণা সীমিত ছিল। বিভিন্ন গাছগাছড়া বা শাকসবজিতে ফাঙ্গাস দেখা গেলেও তা আগে সেভাবে গুরুত্ব পায়নি, তবে দিন দিন এ বিষয়ে নতুন তথ্য উঠে আসছে এবং আরও গবেষণার সুযোগ রয়েছে। তিনি বলেন, বয়স বাড়ার সঙ্গে শরীর দুর্বল হলে এসব রোগের আক্রমণ বাড়ে, তাই প্রতিরোধ ও প্রিভেনশনে বিশেষ মনোযোগ প্রয়োজন। এ ধরনের সেমিনার শিক্ষার্থীসহ সংশ্লিষ্টদের সচেতন করতে সহায়ক হবে বলে মন্তব্য করেন তিনি।
মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান মোহাম্মদ শাহ আলম বলেন, বাংলাদেশে ফাঙ্গাল রোগ যেভাবে ছড়াচ্ছে, তাতে এর প্রতিরোধে কৃষি, কারখানা ও সংশ্লিষ্ট ক্ষেত্রগুলোকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। নিজের ইচ্ছায় অ্যান্টিফাঙ্গাল ব্যবহার, বিশেষত স্টেরয়েড ও অ্যান্টিফাঙ্গালের কম্বিনেশন ক্রিম ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। সঠিক রোগ নির্ণয়, সঠিক ডোজ ও সঠিক সময় ধরে ওষুধ ব্যবহারের পাশাপাশি ল্যাব ডায়াগনোসিস ও হাসপাতালের ইনফেকশন কন্ট্রোলে গুরুত্ব দেওয়ার কথা বলেন তিনি। তিনি আরও জানান, ফাঙ্গাসের উপস্থিতির পাশাপাশি এর রেজিস্ট্যান্সও তৈরি হচ্ছে, যা মোকাবিলায় মাইক্রোবায়োলজি, ফার্মেসি, ভেটেরিনারি ও এগ্রিকালচারসহ সংশ্লিষ্ট বিভাগগুলোতে গবেষণার সুযোগ ও প্রয়োজনীয় ফ্যাসিলিটি থাকা দরকার। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাম্প্রতিক তথ্য অনুযায়ী, বিশ্বে প্রায় ৩০ কোটি মানুষ ফাঙ্গাল ইনফেকশনে আক্রান্ত বলে জানান তিনি।
সেমিনারে আরো বক্তব্য রাখেন স্বাস্থ্য বিজ্ঞান অনুষদের ডিন সহযোগী অধ্যাপক ড. ফুয়াদ হোসেন, সেন্টার ফর মাল্টিডিসিপ্লিনারি রিসার্চ সেলের পরিচালক ড. তারিকুল ইসলাম৷ এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।