ববি প্রতিবেদক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬ ২২:৪৭ পিএম
বরিশাল বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে কর্মশালার আয়োজন করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
‘ভ্যাট ও ট্যাক্স দেওয়া রাষ্ট্রীয় উন্নয়নে প্রত্যক্ষ অবদানের মাধ্যম’ বলে মন্তব্য করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) উপাচার্য অধ্যাপক ড. মামুন অর রশীদ। দেশের উন্নয়ন কর্মকাণ্ডকে গতিশীল ও ত্বরান্বিত করতে এবং নিজেদের আত্মমর্যাদাশীল জাতি হিসেবে প্রতিষ্ঠা করতে যোগ্য নাগরিকদের নিয়মিত কর ও মূসক প্রদানের মানসিকতা তৈরি করার ওপর তিনি জোর দেন।
বুধবার সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে এ কর্মশালার আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
এ সময় উপাচার্য বলেন, ভ্যাট ও ট্যাক্স আমাদের দৈনন্দিন জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। এ বিষয়ে সঠিক জ্ঞান ও সচেতনতা থাকা প্রত্যেক নাগরিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তাদের এ বিষয়ে সুস্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। এ ধরনের কর্মশালা অংশগ্রহণকারীদের বাস্তবভিত্তিক জ্ঞান অর্জনের পাশাপাশি দায়িত্বশীল নাগরিক হিসেবে কর ও ভ্যাট প্রদানে আরও সচেতন হতে সহায়তা করবে।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের আইকিউএসির পরিচালক (ভারপ্রাপ্ত) ড. ইমরান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ শামীম বুলবুল, কর কমিশনার, বিজ্ঞ আলোচক মেহেবুব হক, যুগ্ম কমিশনার, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগ-বরিশাল এবং প্রীতিশ বিশ্বাস, উপ কর কমিশনার, কর অঞ্চল-বরিশাল, হাফিজ-আল-আসাদ, মহাপরিচালক, কর পরিদর্শন পরিদপ্তর প্রমুখ।
দিনব্যাপী আয়োজিত এ কর্মশালায় ভ্যাট ব্যবস্থাপনা, আয়কর সংক্রান্ত বিভিন্ন বিষয় এবং অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের পদ্ধতি ও প্রয়োজনীয় দিকগুলো নিয়ে আলোচনা করা হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও সংশ্লিষ্ট অংশীজনদের জন্য আয়কর রিটার্ন দাখিল ও ভ্যাট ব্যবস্থাপনা সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা প্রদানই ছিল এ কর্মশালার অন্যতম উদ্দেশ্য। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান এবং দপ্তর প্রধানরা অংশগ্রহণ করেন।