× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেলেন বিএম কলেজের দুই শিক্ষার্থী

বিএম কলেজ প্রতিনিধি

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৪৯ পিএম

সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের মেধাবী দুই শিক্ষার্থীর হাতে সম্মাননা তুলে দেন বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক

সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের মেধাবী দুই শিক্ষার্থীর হাতে সম্মাননা তুলে দেন বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক

ভালো ফলাফল অর্জনের স্বীকৃতি হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পেয়েছেন সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের মেধাবী দুই শিক্ষার্থী কানিজ ফাতিমা ও অসিত বিশ্বাস। জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ে সেরা ফলাফল অর্জনকারী ৫৭ জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে তারা এ সম্মাননা লাভ করেন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে কানিজ ফাতিমা ও অসিত বিশ্বাসের হাতে সম্মাননা তুলে দেন বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক। স্নাতক (সম্মান), স্নাতক (পাস) ও স্নাতকোত্তর পর্যায়ে ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত টানা ছয় বছরে সেরা ফলাফল অর্জনকারী ৩৭টি কলেজের ৫৭ জন কৃতী শিক্ষার্থীকে ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। অ্যাওয়ার্ডপ্রাপ্ত প্রত্যেক শিক্ষার্থীকে সম্মাননা সনদ, ক্রেস্ট ও ২৫ হাজার টাকা করে আর্থিক প্রণোদনা দেওয়া হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক।

অ্যাওয়ার্ডপ্রাপ্ত কানিজ ফাতিমা সরকারি বিএম কলেজের গণিত বিভাগের স্নাতক ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি ৪.০০ এর মধ্যে ৩.৯৭ সিজিপিএ অর্জন করে এ সম্মাননা লাভ করেন। অসিত বিশ্বাস সংস্কৃত বিভাগের মাস্টার্স ১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি ৪.০০ এর মধ্যে ৩.৮৪ সিজিপিএ অর্জন করেন।

এ বিষয়ে বিএম কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. শেখ মোঃ তাজুল ইসলাম বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার ফলাফলে সর্বোচ্চ নম্বর অর্জন করে সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের গণিত ও সংস্কৃত বিভাগের দুই মেধাবী শিক্ষার্থী ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড পাওয়ায় তাদের, তাদের পরিবার এবং সংশ্লিষ্ট শিক্ষকবৃন্দকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। তাদের এই অসাধারণ অর্জনে বিএম কলেজ পরিবার অত্যন্ত গর্বিত ও আনন্দিত। আমি বিশ্বাস করি, তাদের এই সাফল্য ভবিষ্যতে ভালো ফলাফল অর্জনের ক্ষেত্রে অন্যান্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে কাজ করবে এবং তাদের আরও বড় স্বপ্ন দেখার সাহস জোগাবে। গুণগত শিক্ষার মানোন্নয়নে বিএম কলেজ যে ধারাবাহিকভাবে এগিয়ে যাচ্ছে, মেধাবী শিক্ষার্থীদের এমন স্বীকৃতি তারই একটি উজ্জ্বল দৃষ্টান্ত। এই অর্জন শুধু দুই শিক্ষার্থীর নয় এটি তাদের পরিবার, শিক্ষকবৃন্দ এবং পুরো বিএম কলেজ পরিবারের জন্যই গর্ব ও আনন্দের বিষয়। তাদের উজ্জ্বল ভবিষ্যৎ ও আরও সাফল্য কামনা করছি।

অনুভূতি প্রকাশ করে কানিজ ফাতিমা বলেন, আজ আমার জীবনের অন্যতম একটি আনন্দের ও গৌরবের দিন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবৃত্তি ও ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড অর্জনের অনুভূতি সত্যিই ভাষায় প্রকাশ করার মতো নয়। 

সংস্কৃত বিভাগের অসিত বিশ্বাস বলেন, মা বাবার আশীর্বাদ ও শিক্ষাগুরুর আশীর্বাদে ভাইস-চ্যান্সেলর অ্যাওয়ার্ড অর্জন করতে পেরেছি। অ্যাওয়ার্ড টা পেয়ে আমি অনেক আনন্দিত আরও বেশি আনন্দিত হইতাম যদি আমার মা বাবা আমার পাশে থাকতো। ঈশ্বর যেন আমার মা বাবাকে এই খবরটা জানিয়ে দেয় তার অপদার্থ ছেলে আজ ভাইস চ্যান্সেলর অ্যাওয়ার্ড অর্জন করতে পেরেছে। ঈশ্বরের কাছে আমার এই একটাই চাওয়া আমার মা-বাবা যেখানে থাকে যেন ভালো থাকে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা