রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিবেদক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১২:২৮ পিএম
শিক্ষক-কর্মচারীর অনুদানের টাকা উধাও, পাঁচ প্রতিষ্ঠানপ্রধানের আত্মসাৎ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কুড়িগ্রামের রাজারহাটে জটিল ও ব্যয়বহুল রোগে আক্রান্ত শিক্ষক-কর্মচারীদের জন্য সরকারের দেওয়া বিশেষ অনুদানের টাকা নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে।
সরকারি তালিকায় নাম থাকার পরও উপজেলার পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান নির্ধারিত ১৫ হাজার টাকা করে অনুদান পাননি বলে দাবি করেছেন। তাদের অভিযোগ, তাদের অজ্ঞাতসারে নাম ও প্রতিষ্ঠানের পরিচয় ব্যবহার করে অন্য মোবাইল নম্বরে টাকা পাঠিয়ে তা উত্তোলন করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র ও সরকারি তালিকা অনুযায়ী, রাজারহাট উপজেলার বুড়িরহাট আব্দুস সামাদ মন্ডল দাখিল মাদ্রাসার সুপার আসাদুজ্জামান খন্দকার, কানুরাম সিদ্দিকীয়া দাখিল মাদরাসার সুপার সাইফুল ইসলাম, পূর্ববালাকান্দি দাখিল মাদরাসার সুপার শাহিদুল ইসলাম, শরফউদ্দিন মহিলা দাখিল মাদরাসার সুপার নুরুজ্জামান এবং সুখদেব ফাজিল মাদরাসার অধ্যক্ষ নুরুল আমিন সরকার বিশেষ অনুদানের তালিকায় রয়েছেন।
প্রত্যেকের জন্য ১৫ হাজার টাকা করে বরাদ্দ থাকলেও তারা কেউই ওই অর্থ পাননি বলে দাবি
করেছেন। তাদের অভিযোগ, তাদের অজ্ঞাতসারে অন্য নগদ নম্বরে অনুদানের টাকা পাঠানো হয়েছে।
বুড়িরহাট আব্দুস সামাদ মন্ডল দাখিল মাদ্রাসার সুপার আসাদুজ্জামান খন্দকার বলেন, আমি
বিশেষ অনুদানের জন্য কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে কোথাও আবেদন করিনি। কে বা কারা
আমার নাম ও প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে টাকা উত্তোলন করেছে, তা আমার জানা নেই।
কানুরাম সিদ্দিকীয়া দাখিল মাদরাসার সুপার সাইফুল ইসলাম বলেন, টেলিভিশনের সংবাদে বিষয়টি
জানতে পারি। পরে সংশ্লিষ্ট ওয়েবসাইটে তালিকা দেখে নিশ্চিত হই, আমার নাম ও প্রতিষ্ঠানের
নাম ব্যবহার করে ১৫ হাজার টাকা অন্য একটি নগদ নম্বরে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, শুধু আমার ক্ষেত্রেই নয়, কুড়িগ্রামের একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের
নাম ব্যবহার করে একইভাবে অনুদানের টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। বিষয়টি তদন্ত করে প্রকৃত
ঘটনা বের করা প্রয়োজন।
৮ কোটি ৩০ লাখ টাকা বরাদ্দ
শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের ৩ আগস্ট, ২০২৬-এর আদেশ
অনুযায়ী, ২০২৫-২০২৬ অর্থবছরের সংশোধিত পরিচালন বাজেটে ‘শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক এবং
ছাত্রদের জন্য বিশেষ অনুদান’ খাতে মোট ৮ কোটি ৩০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে
৮৫৩ জন মনোনীত শিক্ষক-কর্মচারীকে ১৫ হাজার টাকা করে অনুদান দেওয়ার কথা রয়েছে।
আদেশে বাংলাদেশ ডাক বিভাগের ডিজিটাল ফিন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’-এর মাধ্যমে মনোনীত
শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীদের নির্ধারিত হারে অর্থ বিতরণের নির্দেশ
দেওয়া হয়। আদেশ জারির সাত কর্মদিবসের মধ্যে অর্থ বিতরণ শেষ করে বিস্তারিত প্রতিবেদন
দাখিলের কথাও বলা হয়েছে।
অর্থ বিতরণে অনিয়ম ঠেকাতে আদেশে বলা হয়েছে, কোনো শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক-কর্মচারী
বা শিক্ষার্থীর অনুকূলে প্রদেয় অনুদানের অর্থ একটি ব্যাংক হিসাব বা মোবাইল নম্বরে একবারের
বেশি পাঠানো যাবে না।
এ অবস্থায় অভিযোগকারী প্রতিষ্ঠানপ্রধানদের প্রশ্নÑ তারা আবেদন না করে থাকলে সরকারি
তালিকায় তাদের নাম কীভাবে অন্তর্ভুক্ত হলো? তাদের অজ্ঞাতসারে মোবাইল নম্বর কে সরবরাহ
করল? কোন নম্বরে টাকা পাঠানো হয়েছে এবং শেষ পর্যন্ত কারা সেই অর্থ উত্তোলন করেছে?
জিডির পরামর্শ শিক্ষা কর্মকর্তার
বুধবার সকালে রাজারহাট উপজেলা মাধ্যমিক
শিক্ষা কর্মকর্তা কামরুল হাসান বলেন, “বিষয়টি আমি শুনেছি। কয়েকজন প্রতিষ্ঠানপ্রধানের
নাম বিশেষ অনুদানের তালিকায় রয়েছে। তারা অনুদানের টাকা পেয়েছেন কি না, সে বিষয়ে আমি
অবগত নই।”
তিনি বলেন, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানরা যদি অনুদানের জন্য আবেদন না করে থাকেন এবং
তাদের অজ্ঞাতসারে অন্য কোনো নগদ নম্বরে টাকা পাঠানো হয়ে থাকে, তাহলে তারা বিষয়টি আইনগতভাবে
তদন্তের জন্য থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে পারেন।
তিনি আরও বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের
পরামর্শ দেওয়া হচ্ছে।
অভিযোগকারী প্রতিষ্ঠানপ্রধানদের দাবি, তাদের নাম ও পরিচয় ব্যবহার করে অনুদানের অর্থ
অন্য নম্বরে পাঠানোর অভিযোগটি তদন্ত করা জরুরি। তাদের মতে, আবেদন ও তালিকা তৈরির প্রক্রিয়া
থেকে শুরু করে মোবাইল নম্বর যাচাই, অর্থ পাঠানো এবং উত্তোলন-প্রতিটি ধাপ খতিয়ে দেখা
হলে প্রকৃত ঘটনা বেরিয়ে আসতে পারে।