বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১২:০৮ পিএম
জবি শিক্ষার্থী অনিক চন্দ্র পাল। ছবি: সংগৃহীত
ঢাকার বংশাল থানাধীন চানখাঁরপুলের কায়েতটুলি এলাকার একটি মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী অনিক চন্দ্র পালের মরদেহ উদ্ধার করা হয়েছে।
মেসের কক্ষ থেকে মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।
সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অনিক চন্দ্র পাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ড্রয়িং অ্যান্ড পেইন্টিং বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। প্রাথমিকভাবে জানা গেছে, তার গ্রামের বাড়ি সিলেটে। বর্তমানে তার মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রয়েছে।
অনিকের মেসসদস্য ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জয় ভূঁইয়া জানান, গত সোমবার থেকে অনিকের তেমন কোনো সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। মঙ্গলবার রাত ৯টা থেকে সাড়ে ৯টার দিকে অনিকের এক ব্যাচমেট ফোনে যোগাযোগ করতে না পেরে মেসে গিয়ে খোঁজ নিতে বলেন। পরে তারা দুজন মিলে কক্ষের দরজায় দীর্ঘক্ষণ কড়া নাড়লেও কোনো সাড়া পাননি।
দরজা ভেতর থেকে বন্ধ থাকায় তাদের সন্দেহ হয়। পরে জানালার কাঁচ ভেঙে ভেতরে অনিককে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা। তার গলায় গামছা প্যাঁচানো ছিল বলে জানান জয়। এরপর দরজা খুলে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হয়।
সহপাঠী ও মেসসদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঘটনার দুই দিন আগে অনিকের সঙ্গে তার প্রেমিকার বিচ্ছেদ হয়েছিল। এরপর থেকে তিনি মেসে একা ও চুপচাপ থাকতেন।
তার মোবাইল ফোনটি বন্ধ ও ভাঙা অবস্থায় পাওয়া গেছে বলেও জানান মেসসদস্যরা।
তবে এসব ঘটনার সঙ্গে তার মৃত্যুর সরাসরি কোনো সম্পর্ক রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
খবর পেয়ে ঢামেক হাসপাতালে যান বিশ্ববিদ্যালয়ের ড্রয়িং অ্যান্ড পেইন্টিং বিভাগের সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর সুবাস পাল।
তিনি বলেন, “স্টুডেন্টরা আমাকে ঘটনা জানানোর কিছুক্ষণের মধ্যেই আমি ঢাকা মেডিক্যালে পৌঁছাই। কিন্তু ততক্ষণে আমাদের স্টুডেন্ট আর বেঁচে ছিল না।”
তিনি আরও বলেন, “আমি ওর পরিবারের সঙ্গে যোগাযোগ করছি। ওর বাবার সঙ্গেও কথা হয়েছে। পরিবারের সদস্যরা আসার পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক হাবিবুর রহমান চিকিৎসকের বরাত দিয়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানা-পুলিশকে জানানো হয়েছে।