× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সফলতা-ব্যর্থতা নির্ধারণ করবেন শিক্ষার্থীরাই

রাজিব রায়হান, জাবি

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬ ১০:০৯ এএম

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৬ ১০:১৩ এএম

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) মেয়াদ শেষ হচ্ছে ১৮ সেপ্টেম্বর। জাকসুর এই এক বছরের পথচলা, অর্জন, ব্যর্থতা ও আগামী জাকসু নির্বাচন নিয়ে ‘প্রতিদিনের বাংলাদেশ’-এর মুখোমুখি হন জাকসু ভিপি আব্দুর রশিদ জিতু। সাক্ষাৎকার নিয়েছেন জাবি প্রতিবেদক রাজিব রায়হান

প্রশ্ন: নির্বাচনের আগে যে ইশতেহার দেওয়া হয়েছিল, তা কতটুকু বাস্তবায়ন করতে পেরেছেন, কোনটা একেবারেই সম্ভব হয়নি?

উত্তর: জাকসু নির্বাচন ৩৩ বছর পর অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ সময় পর অনুষ্ঠিত হওয়ায় শিক্ষার্থীদের প্রত্যাশা ছিল অনেক বেশি। আমরা কতটা সফল বা ব্যর্থ, তার মানদণ্ড প্রিয় শিক্ষার্থীরাই নির্ধারণ করবেন, কারণ তারাই ভোট দিয়ে আমাদের নির্বাচিত করেছেন। এই সময়ের মধ্যে অনেকগুলো কাজ করা সম্ভব হয়েছে, আবার কিছু এখনও পুরোপুরি শেষ করা যায়নি যা আলোচনার টেবিলে আছে। বিশেষ করে মাস্টারপ্ল্যানের মতো বড় কাজ, শিক্ষক মূল্যায়ন পদ্ধতি চালু করা ও অটোমেশন বাস্তবায়নের কাজগুলোর সব প্রক্রিয়া সম্পন্ন হয়ে আছে, কেবল আনুষ্ঠানিক উদ্বোধন বাকি। এছাড়া ছোটখাটো অনেক কাজ অনেকাংশে শেষ হয়েছে। সিন্ডিকেট সভায় একাডেমিক সংস্কারমূলক কিছু দাবির আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হবে। কিছু কাজ মেয়াদের মধ্যে সমাপ্ত করতে না পারলেও আগামী কয়েক মাসের মধ্যে শিক্ষার্থীরা সেগুলোর সুফল ভোগ করতে পারবেন।

প্রশ্ন: ক্যাফেটেরিয়া ও ডাইনিংয়ের খাবারের মান বা দাম নিয়ন্ত্রণে এক বছরে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কি?

উত্তর: জাকসু নির্বাচনের আগে দুপুর ২টার পর ক্যাফেটেরিয়া বন্ধ হয়ে যেত। জাকসু হওয়ার পর সকাল থেকে রাত পর্যন্ত ক্যাফেটেরিয়া খোলা রাখার সিদ্ধান্ত ও উদ্যোগ নেওয়া হয়। আমরা রাতের খাবার ও বিকালের নাশতাও ক্যাফেটেরিয়াতে চালু করেছি। খাবারের মান আগের চেয়ে বেড়েছে এবং দামের সাথে মানের সামঞ্জস্য তদারকি করা হয়েছে। মাঝেমধ্যে পোকা পাওয়া বা হাইজিন না মানার মতো কিছু অসঙ্গতি দেখা দিলেও টিএসসি পরিচালকের কাছে রান্নাঘর সংস্কারের দাবি জানানো হয়েছে। তিনি বাস্তবায়নের আশ্বাস দিয়েছেন।

প্রশ্ন: সেশনজট বা একাডেমিক যে সংকট ছিল, তা বাস্তবায়নে প্রশাসনের জবাবদিহিতা কতটুকু নিশ্চিত হয়েছে?

উত্তর: আমরা একাডেমিক সংস্কার নিয়ে কাজ করছি। শিক্ষা ও গবেষণা সম্পাদক এ বিষয়ে অনেকগুলো দাবি তুলেছেন। তবে আমরা মাত্র দুটি একাডেমিক কাউন্সিল মিটিং পেয়েছি, যা সময়মতো না হওয়ায় কাজগুলো বাস্তবায়নে কিছুটা দীর্ঘসূত্রতা তৈরি হয়েছে। দীর্ঘদিনের দাবি অনুযায়ী থিসিসের বরাদ্দ ৭৫০ থেকে বাড়িয়ে ১০ হাজার টাকা করার প্রস্তাব করা হয় এবং নীতিগতভাবে ৭৭০০ থেকে ৮০০০ টাকা করার একটি সিদ্ধান্ত এসেছে। সেশনজট নিরসনে প্রশাসনের ওপর চাপ সৃষ্টি করা হয়েছে। তবে শিক্ষক সংকট ও ক্লাসরুম সংকট এখনও রয়ে গেছে। বিশেষ করে তুলনামূলক সাহিত্য ইনস্টিটিউট, নতুন গঠিত ফ্যাকাল্টিগুলো, বিজনেস ফ্যাকাল্টি, চারুকলা বিভাগ, ম্যাথমেটিক্স ও আইআইটিতে বিদ্যমান ক্লাসরুম সংকটের কথা প্রশাসনকে বলা হয়েছে। নতুন বেশকিছু একাডেমিক ভবনের কাজ চলমান রয়েছে।

প্রশ্ন: ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য আসলে আপনারা কী ধরনের পদক্ষেপ নিয়েছেন?

উত্তর: নিরাপদ ক্যাম্পাস হিসেবে পরিচিত হলেও, গণঅভ্যুত্থান-পরবর্তী কিছু ঘটনা নারী শিক্ষার্থীদের নিরাপত্তাকে শঙ্কায় ফেলেছে। কয়েক মাস আগে বহিরাগত এক নারী শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার ঘটনায় ক্যাম্পাসের নাজুক নিরাপত্তাব্যবস্থা প্রকাশ পায়। নিরাপত্তাকর্মী নিয়োগের জন্য প্রশাসন বিজ্ঞপ্তি দিলেও নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়নি। বর্তমানে প্রক্টর ক্যাম্পাসে সার্বক্ষণিক অবস্থান করেন না এবং সাবেক প্রক্টর পদত্যাগ করায় প্রক্টোরাল টিমও স্বয়ংসম্পূর্ণ নয়। প্রধান নিরাপত্তা কর্মকর্তার পদটিও শূন্য। প্রধান গেটগুলোতে পর্যাপ্ত জনবল না থাকায় বহিরাগত প্রবেশ নিয়ন্ত্রণ করা কঠিন ও বিশাল ক্যাম্পাসের জন্য টহল টিমের সদস্যও খুব কম। ‘মনপুরা’ নামক অরক্ষিত এলাকায় টেন্ডার হওয়া সত্ত্বেও কাজ শুরু হয়নি। তবে ইতিবাচক দিক হলো, ক্যাম্পাসের সকল স্থানে সিসিটিভি ও রাস্তার আলোকস্বল্পতা দূর করা হয়েছে, যদিও সিসিটিভি মনিটরিংয়ের জন্য নির্ধারিত ৩ জনের জায়গায় চুক্তিভিত্তিক ১ জন দিয়ে চালানো হচ্ছে। এগুলো নিরসন করা গেলে নিরাপত্তা ব্যবস্থার উন্নতি হবে।

প্রশ্ন: এক বছর দায়িত্ব পালন করলেন, এখানে প্রশাসনিক বা রাজনৈতিক কোনো চাপ ছিল কি না, যার কারণে স্বাধীনভাবে কাজ করতে বাধাপ্রাপ্ত হয়েছেন?

উত্তর: জাকসু একটি স্বাধীন প্রতিষ্ঠান। নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের প্রতিনিধিরা বিজয়ী হয়েছিলেন। কিন্তু আমরা নিরপেক্ষ থেকে দলীয় মতাদর্শের বাইরে গিয়ে শিক্ষার্থীদের কল্যাণে কাজ করেছি। আমাদের মেয়াদের সময় সরকার ও প্রশাসনে পরিবর্তন ঘটায় কিছু প্রশাসনিক জটিলতা তৈরি হয়েছিল, তবে কোনো রাজনৈতিক চাপ বা প্রেশার আমাদের ওপর ছিল না। 

প্রশ্ন: এই মেয়াদের পর জাকসু নির্বাচনের ধারাবাহিকতা অব্যাহত থাকবে নাকি দীর্ঘবিরতির আশঙ্কা দেখছেন?

উত্তর: জাকসু নির্বাচনের ধারাবাহিকতা রক্ষা করা অত্যন্ত জরুরি। ৩৩ বছর নির্বাচন না হওয়ায় শিক্ষার্থীদের কোনো নির্বাচিত গণতান্ত্রিক প্রতিনিধি ছিল না, যারা শিক্ষার্থীদের কাছে কাজের জবাবদিহি করতে বাধ্য থাকত। জাকসু ও হল সংসদ আসার পর প্রতিনিধিরা প্রতিটি কাজের জন্য শিক্ষার্থীদের কাছে জবাবদিহি করেছেন। প্রশাসন জাকসু নির্বাচনের বিষয়ে আন্তরিক। বাজেট ও আনুষঙ্গিক সমস্যা কাটিয়ে খুব দ্রুত ১১তম জাকসু নির্বাচনের প্রস্তুতি গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি।

প্রশ্ন: মেয়াদ শেষে সাধারণ শিক্ষার্থীদের জন্য নিজের সবচেয়ে বড় সাফল্য কোনটি মনে করছেন?

উত্তর: বড় কোনো অনাকাঙ্ক্ষিত বা সহিংস ঘটনা ছাড়াই সফলভাবে জাকসুর এক বছর পূর্ণ করতে পারাটাই আমাদের সবচেয়ে বড় সাফল্য। নিজস্ব ভবন, পর্যাপ্ত জনবল ও বাজেটের ঘাটতি থাকা সত্ত্বেও আমরা স্পন্সর এনে কাজ পরিচালনা করেছি। অতীতে জাকসুর ইতিহাস সুখকর ছিল না; নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছিল এবং ১৯৯২ সালের জাকসু শিক্ষকদের সাথে কলহের কারণে মেয়াদ শেষ হওয়ার আগেই ভেঙে দেওয়া হয়েছিল। আমরা যে বীজ রোপণ করে যাচ্ছি, আগামী কয়েক মাসের মধ্যে শিক্ষার্থীরা তার সুফল ভোগ করবেন। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা