শিহাবুল ইসলাম শাহেদ, জাককানইবি
প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬ ২১:০৭ পিএম
কচ্ছপ গতিতে চলছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসের নির্মাণ কাজ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কচ্ছপ গতিতে চলছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাসের নির্মাণ কাজ। দীর্ঘদিন ধরে চলা এসব ভবনের নিমার্ণ কাজ শেষ না হওয়ায় আবাসন সংকট তীব্রতর হয়েছে।
প্রায় ৯ হাজার শিক্ষার্থীর মধ্যে আবাসন ব্যবস্থা রয়েছে প্রায় ৪ হাজার শিক্ষার্থীর। এতে চরম আবাসন সংকটে ভুগছেন অর্ধেকেরও বেশি শিক্ষার্থী।
শিক্ষার্থীদের এই আবাসন সংকট লাঘবে ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে শুরু হয় দুটি ছাত্রাবাসের নির্মাণ কাজ। কিন্তু তিন বছরেও শেষ হয়নি ভবনের কাজ। সরেজমিন দেখা যায় ১০ তলা প্রতিটি ভবনের নির্মাণ কয়েকজন শ্রমিক দিয়ে চালানো হচ্ছে। এতে নির্ধারিত মেয়াদের সীমা পার করে দুই দফা মেয়াদ বৃদ্ধি করেও শেষ হয়নি ভবন নির্মাণ। এ কারণে কবে শেষ হবে দুটি হলের কাজ তা নিয়ে যথেষ্ট শঙ্কা দেখা দিয়েছে।
জানা গেছে, ছাত্রাবাস দুটির নির্মাণ কাজের দায়িত্ব পেয়েছে সিএসআই কনস্ট্রাকশন লি. ঠিকাদারি প্রতিষ্ঠান।
প্রকল্পের কাজ ধীরগতিতে চলার কারণ সম্পর্কে জানতে চাওয়া হলে সিএসআই কনস্ট্রাকশন লি.-এর ঠিকাদার ইঞ্জিনিয়ার জুয়েল মিয়ার জানান, ভবনের অধিকাংশ কাজ শেষ। আমরা এখন ফিনিশিংয়ের কাজ করছি। আশা করছি আগামী ডিসেম্বর মাসের মধ্যে কাজ শেষ করতে পারব। কিন্তু এর আগে কয়েক দফা মেয়াদ বাড়ানোর পরও প্রকল্পের কাজ কেন শেষ হয়নি এবং কাজের ধীর গতির বিষয়ে তিনি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক পদে বারবার পরিবর্তন এবং ফাইল আটকে রাখাকে দায়ী করেন।
এ ছাড়াও প্রকল্পের ধীরগতির কারণ জানতে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রশাসক রুমেল এবং রিপোর্টিং পরিচালক শাহআলম বাদশার মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও তাদের পাওয়া যায়নি।
এদিকে কাজ শেষ হচ্ছে না কেন, তা জানতে প্রকল্প পরিচালক প্রকৌশলী সৈয়দ মোফাছিরুল ইসলামকে প্রশ্ন করা হলে তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অনুমতি ছাড়া কিছু বলা যাবে না বলে জানান।