নর্থ সাউথ ইউনিভার্সিটির আইন বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করে বাংলাদেশ বার কাউন্সিল ও হাইকোর্ট বিভাগে তালিকাভুক্ত হওয়া নবনিযুক্ত আইনজীবীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
নর্থ সাউথ ইউনিভার্সিটির (এনএসইউ) আইন বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করে বাংলাদেশ বার কাউন্সিল ও হাইকোর্ট বিভাগে তালিকাভুক্ত হওয়া নবনিযুক্ত আইনজীবীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট হলে নর্থ সাউথ ইউনিভার্সিটি ল’ অ্যান্ড মুটিং সোসাইটির সহযোগিতায় ১১ সেপ্টেম্বর এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে নবনিযুক্ত আইনজীবীদের কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক দেওয়া হয়।
এ সময় তারা তালিকাভুক্তি পরীক্ষার প্রস্তুতি, অ্যাকাডেমিক জীবনের পরিকল্পনা এবং আদালতের বাস্তব কাজের অভিজ্ঞতা নিয়ে শিক্ষার্থীদের দিকনির্দেশনা দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি এনএসইউ উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী বলেন, “তুলনামূলকভাবে নবীন বিভাগ হলেও এনএসইউ’র আইন বিভাগ বিচারব্যবস্থা ও আইনাঙ্গনে নিজেদের সক্ষমতা প্রমাণ করেছে। আগামীতেও শিক্ষার্থীরা মেধা ও দক্ষতার মাধ্যমে দেশের আইনাঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।”
বিশেষ অতিথি কোষাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রব খান বলেন, “শ্রেণিকক্ষের জ্ঞানকে বাস্তব অভিজ্ঞতার সঙ্গে সমন্বিত করার প্রধান ক্ষেত্র হলো আদালত। আদালতের বাস্তব কাজের মাধ্যমেই একজন আইনজীবীর প্রকৃত যাত্রা শুরু হয়।”
স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস-এর ডিন অধ্যাপক রিজওয়ানুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আইন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ইশতিয়াক আহমেদ।
তিনি বলেন, “আইন পেশা কেবল জীবিকা নয়, এটি ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠার একটি দায়িত্ব। আইনজীবীদের পেশাগত সততা বজায় রাখার পাশাপাশি সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য ‘প্রো বোনো’ বা বিনামূল্যে আইনি সেবা দেওয়া উচিত।”
সংবর্ধনা শেষে নবনিযুক্ত আইনজীবীরা শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে স্মারক আলোকচিত্রে অংশ নেন। ভবিষ্যতেও শিক্ষার্থী ও পেশাজীবী প্রাক্তনদের মধ্যে কার্যকর সংযোগ ও পরামর্শের সুযোগ তৈরিতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয়।