× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাক্ষাৎকারে সাদিক কায়েম

অনেক সমস্যাই একক সিদ্ধান্তে সমাধানের সুযোগ নেই

মাহরিব বিন মহসিন, ঢাবি

প্রকাশ : ১৩ সেপ্টেম্বর ২০২৬ ১২:১০ পিএম

সাদিক কায়েম। ছবি: সংগৃহীত

সাদিক কায়েম। ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিজয়ী ছাত্রশিবিরের ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের দায়িত্ব গ্রহণের এক বছর পূর্ণ হচ্ছে আগামীকাল (১৪ সেপ্টেম্বর)। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন, শিক্ষার্থীদের মৌলিক সংকট, প্রশাসনের সঙ্গে টানাপড়েন, ডাকসুর অর্থায়ন, ক্যাম্পাসের রাজনৈতিক পরিবেশ ও পরবর্তী নির্বাচন নিয়ে প্রতিদিনের বাংলাদেশ-এর সঙ্গে কথা বলেছেন ডাকসুর ভিপি সাদিক কায়েম। সাক্ষাৎকার নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিবেদক মাহরিব বিন মহসিন

প্রশ্ন : নির্বাচনের আগে শিক্ষার্থীদের কাছে দেওয়া প্রতিশ্রুতির কতটা বাস্তবায়ন করতে পেরেছেন? এক বছর পর ডাকসুর সবচেয়ে বড় অর্জন কোনটিকে বলবেন?

উত্তর : নির্বাচনের আগে শিক্ষার্থীদের কাছে আমরা যেসব প্রতিশ্রুতি দিয়েছিলাম, সেগুলো বাস্তবায়নের সর্বোচ্চ চেষ্টা করেছি। আমাদের মূল দর্শন ছিল, ডাকসু মানে ক্ষমতা নয়, সেবা; দখলদারত্ব নয়, প্রতিনিধিত্ব। শিক্ষার্থীদের স্বাধীনতা ও মৌলিক অধিকার নিশ্চিত করাই ছিল আমাদের প্রধান লক্ষ্য।

ইশতেহারের বাইরেও মেয়েদের হলগুলোতে নিরাপত্তা গেট, বিভিন্ন হলে কম্পিউটার ল্যাব, হলের মসজিদ ও রিডিং রুমে এসির ব্যবস্থা, নতুন ইকো বাস চালু, মেডিকেল সেন্টারের আধুনিকায়ন, স্কিল ডেভেলপমেন্ট কোর্স, জব ফেয়ার ও সামিটসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। তবে সবচেয়ে বড় অর্জন হিসেবে আমি সহিংসতামুক্ত ক্যাম্পাসের পরিবেশকে দেখব। আমাদের দায়িত্বকালে ক্যাম্পাস এক দিনও বন্ধ হয়নি, সেশনজট তৈরি হয়নি, গণরুম ও গেস্টরুম সংস্কৃতিও বন্ধ ছিল।

প্রশ্ন : কিন্তু খাবারের মান, আবাসন সংকট ও নিরাপত্তার মতো মৌলিক সমস্যাগুলো এখনও কাটেনি। তাহলে শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণে ডাকসু কি ব্যর্থ হয়েছে?

উত্তর : কিছু ক্ষেত্রে আমাদের সীমাবদ্ধতা রয়েছে, সেটা অস্বীকার করছি না। তবে এসব সমস্যার বড় অংশই ডাকসুর একক সিদ্ধান্তে সমাধান করার সুযোগ নেই। খাবারের দাম কমিয়ে মান বাড়ানোর জন্য আমরা টিসিবির সঙ্গে সমন্বয়ের উদ্যোগ নিয়েছিলাম। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতা না পাওয়ায় সেটি বাস্তবায়ন সম্ভব হয়নি। আবাসন সংকট সমাধানে ২৮৪১ কোটি টাকার একটি প্রকল্প নেওয়া হয়েছিল এবং এর উদ্বোধনও হয়েছিল। কিন্তু বর্তমানে প্রকল্পটি দীর্ঘসূত্রতায় পড়েছে। বিভিন্ন আবাসিক হলে এসি স্থাপনের প্রায় ৬ কোটি টাকার কাজ চলমান। তবে নতুন হল নির্মাণের মতো দীর্ঘমেয়াদি উদ্যোগ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আবাসন সংকটের স্থায়ী সমাধান সম্ভব নয়।

প্রশ্ন : আপনারা বারবার প্রশাসনের অসহযোগিতার কথা বলছেন। সে ক্ষেত্রে আপনারা কীভাবে কার্যক্রম পরিচালনা করেছেন?

উত্তর : প্রশাসনের অসহযোগিতা আমাদের কার্যক্রমকে অবশ্যই বাধাগ্রস্ত করেছে। ডাকসুর যে ন্যায্য হিস্যা ও বাজেট পাওয়ার কথা, সেটিও আমরা পাইনি। শুরুতে প্রশাসন ২৫ লাখ টাকা ও শেষ সময়ে আরও ১০ লাখ টাকা দিয়েছে। অর্থাৎ মোট বরাদ্দ ছিল ৩৫ লাখ টাকা। অথচ ২০১৯ সালের ডাকসুকে প্রায় দুই কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। এরপরও আমরা শুধু প্রশাসনের বরাদ্দের ওপর নির্ভর করিনি। অ্যালামনাই, বিভিন্ন রিসোর্স পারসন ও স্পন্সরদের সম্পৃক্ত করে ৩৫ কোটি টাকার বেশি মূল্যের বিভিন্ন কাজ-প্রকল্প বাস্তবায়নের চেষ্টা করেছি। ফলে প্রশাসনিক সীমাবদ্ধতার মধ্যেও বিকল্পভাবে শিক্ষার্থীদের জন্য কাজ এগিয়ে নেওয়ার চেষ্টা করেছি।

প্রশ্ন : ৩৫ কোটি টাকার বেশি মূল্যের কাজের কথা বলছেন। এই অর্থায়নে শিক্ষার্থীরা কী কী সুবিধা পেয়েছে?

উত্তর : শিক্ষার্থীদের প্রয়োজন সামনে রেখেই এসব প্রকল্প নেওয়া হয়েছে। কেন্দ্রীয় খেলার মাঠের জন্য প্রায় দুই কোটি টাকা, কেন্দ্রীয় মসজিদে প্রায় সাড়ে তিন কোটি টাকা ও অনাবাসিক শিক্ষার্থীদের শনিবারের বাস, সান্ধ্যকালীন বাস, কুমিল্লা পর্যন্ত বাসসেবা সম্প্রসারণে প্রায় সাড়ে চার কোটি টাকা খরচ করা হয়েছে। এ ছাড়া নতুন ইকো বাস চালু, বিভিন্ন হলে কম্পিউটার ল্যাব স্থাপন, হলের মসজিদ ও রিডিং রুমে এসির ব্যবস্থা, তুরস্কের সহায়তায় মেডিকেল সেন্টারের আধুনিকায়ন, স্কিল ডেভেলপমেন্ট কোর্স, জব ফেয়ার ও সামিটসহ নানা উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের লক্ষ্য ছিল সীমিত প্রাতিষ্ঠানিক বাজেটের বাইরে শিক্ষার্থীদের সরাসরি উপকার হয় এমন প্রকল্প বাস্তবায়ন করা।

প্রশ্ন : ক্যাম্পাসে রাজনৈতিক আধিপত্য ঠেকাতে ডাকসুর ভূমিকা কেমন ছিল?

উত্তর : আমরা দায়িত্ব নেওয়ার শুরু থেকেই স্পষ্ট করেছি, ক্যাম্পাসে কোনো ধরনের দখলদারত্ব বা আধিপত্যের রাজনীতি চলবে না। ক্ষমতাসীন দলের ছাত্রসংগঠন ক্যাম্পাসে সক্রিয় হওয়ার পর হল দখল বা আধিপত্য প্রতিষ্ঠার যে প্রচেষ্টা ছিল, তা সফল হতে দেওয়া হয়নি। শিক্ষার্থীদের ওপর হামলার আশঙ্কা বা চেষ্টা তৈরি হলে ডাকসুর নেতারা অনেক ক্ষেত্রে নিজেরাই সামনে থেকে তা মোকাবিলা করেছেন। এমনকি শাহবাগ থানায় ডাকসু নেতাদের ওপর হামলার ঘটনাও ঘটেছে। তবে আমাদের মূল অবস্থান ছিল, রাজনৈতিক বিরোধের কারণে সাধারণ শিক্ষার্থী যেন কোনোভাবেই হামলা বা সহিংসতার শিকার না হন।

প্রশ্ন : গণরুম ও গেস্টরুম সংস্কৃতি বন্ধের দাবি করলেও এটি ফিরিয়ে আনার চেষ্টা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এ ক্ষেত্রে ডাকসুর ভূমিকা কেমন ছিল? 

উত্তর : গণরুম ও গেস্টরুম সংস্কৃতি ফিরিয়ে আনার বিভিন্ন চেষ্টা হয়েছে বলে আমরা মনে করি। এসব বিষয়ে খবর পাওয়ার পর ডাকসুর প্রতিনিধিরা সংশ্লিষ্ট জায়গায় গিয়ে প্রতিবাদ করেছেন এবং শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন। তবে শুধু ডাকসুর উদ্যোগে এই সংস্কৃতিকে স্থায়ীভাবে বন্ধ করা সম্ভব নয়। এর জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কঠোর অবস্থান ও দীর্ঘমেয়াদি প্রাতিষ্ঠানিক ব্যবস্থা প্রয়োজন। আমরা অন্তত আমাদের মেয়াদে এই সংস্কৃতিকে স্বাভাবিক বা গ্রহণযোগ্য হয়ে উঠতে দেইনি। আমাদের অবস্থান ছিল, ছাত্ররাজনীতি হবে শিক্ষার্থীদের অধিকার ও স্বার্থকেন্দ্রিক। ব্যক্তির রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে, কিন্তু ক্যাম্পাসে সেই পরিচয়ের ভিত্তিতে আধিপত্য প্রতিষ্ঠা বা শিক্ষার্থীদের ওপর সাংগঠনিক চাপ তৈরি করা যাবে না।

প্রশ্ন : মেয়াদ শেষ হওয়ার পর আগামী ডাকসু নির্বাচন নিয়ে আপনাদের অবস্থান কী? দায়িত্ব হস্তান্তরে কি কোনো অনিশ্চয়তা আছে?

উত্তর : ডাকসু নির্বাচন আমরা একাডেমিক ক্যালেন্ডারের অন্তর্ভুক্ত করেছি। এখন নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজনের দায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসনের। আমরা প্রশাসনকে জানিয়েছি, যথাসময়ে তফসিল ঘোষণা করে নির্বাচন আয়োজন করা উচিত। আমরা চেয়ার আঁকড়ে থাকতে চাই না। ডাকসুর নেতৃত্ব শিক্ষার্থীদের ভোটে নির্বাচিত হওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের দায়িত্ব শেষ হলে নতুন নির্বাচিত প্রতিনিধিদের হাতেই দায়িত্ব হস্তান্তর হবে। আমরা চাই, ভবিষ্যতের ডাকসু দখলদারত্ব ও সহিংসতার রাজনীতির পরিবর্তে শিক্ষার্থীদের অধিকার, মতপ্রকাশের স্বাধীনতা, নিরাপত্তা ও কল্যাণকে অগ্রাধিকার দিক। ছাত্ররাজনীতি হবে মেধা, মূল্যবোধ ও ধারণার প্রতিযোগিতা, আধিপত্য প্রতিষ্ঠার মাধ্যম নয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা