প্রতিদিনের বাংলাদেশে সংবাদ প্রকাশ
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬ ২১:৩২ পিএম
গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ১২টি বেদখল হল, আবাসন সংকটে শিক্ষার্থীদের মানবেতর জীবনযাপন এবং ক্যাফেটেরিয়ার অপরিচ্ছন্নতা নিয়ে প্রতিদিনের বাংলাদেশে সংবাদ প্রকাশের পর বিশ্ববিদ্যালয় জুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেছেন, হল সংকট নিরসন ও ক্যাফেটরিয়ার খাবারের মান উন্নয়নে তার প্রশাসন বেশকিছু উদ্যোগ গ্রহণ করছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রইছ উদ্দীন শনিবার প্রতিদিনের বাংলাদেশকে বলেন, “শিক্ষার্থীদের আবাসন ও দৈনন্দিন সুযোগ-সুবিধার বিষয়গুলো প্রশাসন গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। হল না থাকায় আমাদের শিক্ষার্থীরা মানবেতর জীবনযাপন করে। আবাসন সংকট কমাতে নির্মাণাধীন দুটি হলের কাজ দ্রুত শেষ করার পাশাপাশি কেরানীগঞ্জে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব জমিতে একটি ছয়তলা হল নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এজন্য আমরা কাজ করছি। একই সঙ্গে ক্যাফেটেরিয়ার পরিবেশ ও খাবারের মান উন্নয়নেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।”
উপাচার্য আরও বলেন, “শিক্ষার্থীদের জন্য নিরাপদ, পরিচ্ছন্ন ও মানসম্মত পরিবেশ নিশ্চিত করা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব। ক্যাফেটেরিয়ার খাবারের মান ও পরিচ্ছন্নতার বিষয়ে কোনো ধরনের অভিযোগ থাকলে তা গুরুত্বের সঙ্গে দেখা হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
প্রতিদিনের বাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে জবি উপাচার্য বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বেদখল হয়ে যাওয়া হল ও আবাসন সংকট নিয়ে প্রতিদিনের বাংলাদেশ গুরুত্বসহকারে যে প্রতিবেদনটি প্রকাশ করেছে, এজন্য ধন্যবাদ জ্ঞাপন করছি। আশা করি, সরকারের উচ্চপর্যায়ে যারা আছেন, তারা তা দেখেছেন। এক্ষেত্রে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংকট নিরসনে তারা আন্তরিক হবেন বলে আশা করি।”
১১ সেপ্টেম্বর দৈনিক প্রতিদিনের বাংলাদেশে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়া ও হল নিয়ে ‘পোকা আর দখলের কাহিনী’ শিরোনামে প্রধান সংবাদ প্রকাশিত হয়। প্রতিবেদনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ১২টি হল বেদখল হয়ে যাওয়া, আবাসন সংকটে শিক্ষার্থীদের মানবেতর জীবনযাপন, ক্যাফেটেরিয়ার খাবারে পোকামাকড়ের উপস্থিতি, পরিবেশের নানা সমস্যাসহ বিভিন্ন বিষয় উঠে আসে। প্রতিবেদনটি প্রকাশের পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয়। প্রতিবেদন প্রকাশের পর দখল হয়ে যাওয়া হল, আবাসন সংকট, ক্যাফেটেরিয়ার খাবারের মান, পরিচ্ছন্নতা ও ব্যবস্থাপনা নিয়ে শিক্ষার্থীদের দীর্ঘদিনের অভিযোগগুলোও নতুন করে সামনে আসে। সামাজিক মাধ্যমে প্রতিবেদনটি শেয়ার করে শিক্ষার্থীরা ক্যাফেটেরিয়ার পরিবেশ উন্নয়ন ও কার্যকর নজরদারির দাবি জানান।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, বর্তমানে রাজধানীর বাণী ভবন ও বংশালে মোট দুটি হলের নির্মাণকাজ চলমান। আগামী ডিসেম্বরের মধ্যে হল দুটির নির্মাণকাজ শেষ করার প্রত্যাশা করছে প্রশাসন। কাজ শেষ হওয়ার পর হলগুলো চালু করা গেলে বিশ্ববিদ্যালয়ের আবাসন সুবিধা কিছুটা বাড়বে এবং দীর্ঘদিনের আবাসন সংকট মোকাবিলায় তা ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এর পাশাপাশি কেরানীগঞ্জে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব প্রায় সাত একর জায়গায় ছয়তলা একটি আবাসিক হল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এর জন্য প্রায় ৩০ কোটি টাকার প্রকল্পও নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের আবাসন সংকটকে গুরুত্ব দিয়ে ভবিষ্যতে এ জায়গায় আবাসিক সুবিধা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে প্রশাসনের। এ উদ্যোগ বাস্তবায়িত হলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আবাসন ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসতে পারে বলে মনে করছে তারা।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পর্যাপ্ত আবাসিক সুবিধা না থাকায় শিক্ষার্থীদের বড় একটি অংশকে রাজধানীর বিভিন্ন এলাকায় মেস ও বাসা ভাড়া নিয়ে থাকতে হয়। এতে বাড়তি বাসাভাড়া, খাবার ও যাতায়াত ব্যয় বহন করতে হয় তাদের। অনেক ক্ষেত্রে মেসে আসন সংকট ও পড়াশোনার উপযোগী পরিবেশের অভাবও শিক্ষার্থীদের ভোগান্তি বাড়ায়। নতুন হলগুলো চালু হলে এ সংকট অনেকটাই কমবে বলে প্রত্যাশা শিক্ষার্থীদের।
অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার পরিবেশ ও খাবারের মান নিয়েও নতুন করে উদ্যোগ নিচ্ছে প্রশাসন। ক্যাফেটেরিয়ায় পরিচ্ছন্নতা নিশ্চিত করতে নিয়মিত তদারকি ও নজরদারি বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। খাবার প্রস্তুত ও পরিবেশনের ক্ষেত্রে স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।
ক্যাফেটেরিয়ায় বর্তমানে সীমিত পরিসরে খাবারের যে ব্যবস্থা রয়েছে, তাতে বৈচিত্র্য আনার পরিকল্পনাও করছে প্রশাসন। একই সঙ্গে খাবারের মান নিয়ন্ত্রণে নজরদারি বাড়ানো হবে। ইতোমধ্যে উপাচার্য নিয়মিত ক্যাফেটেরিয়া পরিদর্শন শুরু করেছেন। শিক্ষার্থীদের জন্য খাবারের দাম সহনীয় রাখতে ক্যাফেটেরিয়ায় ভর্তুকি দেওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে। এক্ষেত্রে কীভাবে ভর্তুকি দেওয়া যায় এবং এর আর্থিক ও প্রশাসনিক কাঠামো কী হবে, তা নিয়ে প্রশাসনের মধ্যে আলোচনা চলছে বলে জানা গেছে। নির্ধারিত কোনো খাত থেকে বরাদ্দের সুযোগ না থাকায়, অন্য কোনো খাত থেকে ভর্তুকি দেওয়া যায় কি না, সে বিষয়ে ভাবছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এক্ষেত্রে জবির টিএসসি হিসেবে পরিচিত জায়গার দোকানভাড়া থেকে বরাদ্দ দেওয়া হতে পারে বলে বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে।