× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এনএসইউতে নবীনদের অরিয়েন্টেশন, মেধাবৃত্তি পেলেন ৮৩ শিক্ষার্থী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬ ১৭:৩৫ পিএম

নর্থ সাউথ ইউনিভার্সিটির প্লাজা এলাকায় শনিবার আয়োজিত অরিয়েন্টেশনের মধ্য দিয়ে উচ্চশিক্ষার আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন নতুন শিক্ষার্থীরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নর্থ সাউথ ইউনিভার্সিটির প্লাজা এলাকায় শনিবার আয়োজিত অরিয়েন্টেশনের মধ্য দিয়ে উচ্চশিক্ষার আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন নতুন শিক্ষার্থীরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ফল-২০২৬ সেমিস্টারের নবীন শিক্ষার্থীদের অরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্লাজা এলাকায় শনিবার আয়োজিত এ অনুষ্ঠানের মধ্য দিয়ে উচ্চশিক্ষার আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন নতুন শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে ভর্তি পরীক্ষায় অসাধারণ ফলাফলের স্বীকৃতি হিসেবে ১৪ জন শিক্ষার্থীকে শতভাগ মেধাবৃত্তিসহ মোট ৮৩ জনকে বিভিন্ন হারে বৃত্তি দেওয়া হয়।

পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের মূল পর্ব শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।  ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পরে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও শিক্ষা কার্যক্রমের ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বক্তব্য দেন এনএসইউর নিবন্ধক ড. আহমেদ তাজমীন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।

নবাগত শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “নর্থ সাউথ ইউনিভার্সিটি দীর্ঘদিন ধরে দেশের উচ্চশিক্ষার প্রসার ও মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। স্কুল-কলেজ পর্যায়ে শিক্ষার্থীরা পাঠ্যভিত্তিক শিক্ষায় বেশি সময় ব্যয় করে। কিন্তু উচ্চশিক্ষার পর্যায়ে তারা অনেক বেশি স্বাধীনতা ও সিদ্ধান্ত নেওয়ার সুযোগ পায়। এই সময় তাদের শুধু জ্ঞান অর্জন করলেই হবে না, সমাজ ও দেশের প্রতি নিজেদের দায়িত্ব ও দায়বদ্ধতা সম্পর্কে সচেতন হতে হবে। বুদ্ধিমত্তার সঙ্গে সততা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের সমন্বয় ঘটিয়ে নিজেদের গড়ে তুলতে হবে।”

বিশেষ অতিথির বক্তব্যে এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও সাবেক চেয়ারম্যান এম. এ. কাসেম বলেন, “দেশের মেধাবী তরুণ-তরুণীরা যেন বিশ্বমানের শিক্ষা অর্জনের জন্য বিদেশমুখী না হয়ে দেশেই আন্তর্জাতিক মানের উচ্চশিক্ষার সুযোগ পায়, এ লক্ষ্য থেকেই নর্থ সাউথ ইউনিভার্সিটি প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছিল। দীর্ঘ পথপরিক্রমায় সেই স্বপ্ন আজ বাস্তবে রূপ নিয়েছে। নর্থ সাউথ ইউনিভার্সিটি এখন দেশের উচ্চশিক্ষা অর্জনে একটি স্বীকৃত ও মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত।”

সম্মানিত অতিথি এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও সাবেক চেয়ারম্যান বেনজীর আহমেদ বলেন, “বর্তমান পৃথিবী আগের যেকোনো সময়ের চেয়ে সম্ভাবনাময়। নিজের সম্ভাবনাকে কখনো ছোট করে দেখবে না। আজকের শৃঙ্খলা, পরিশ্রম ও নিষ্ঠাই আগামী দিনের সাফল্যের ভিত্তি তৈরি করবে। তাই স্বপ্ন দেখার পাশাপাশি সেই স্বপ্ন বাস্তবায়নে কঠোর পরিশ্রম করতে হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনএসইউর উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী। 

তিনি বলেন, “নর্থ সাউথ ইউনিভার্সিটি উচ্চশিক্ষায় একটি ভিন্ন মানদণ্ড তৈরি করেছে। তোমরা যখন ক্যাম্পাসে আসবে, তখন বিশ্ববিদ্যালয় তোমাদের জন্য যে সুযোগ-সুবিধা ও সহায়তা প্রদান করে, সেগুলোর সর্বোচ্চ ব্যবহার করার চেষ্টা করবে। শুধু একাডেমিক জ্ঞান অর্জন নয়, নিজেদের পেশাগত জীবনের জন্য প্রস্তুত করার পাশাপাশি একজন দায়িত্বশীল ও সচেতন নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।”

অনুষ্ঠানে নিজ নিজ স্কুলের পরিচয় তুলে ধরে বক্তব্য দেন স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক মো. রিজওয়ানুল ইসলাম, স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক সাজ্জাদ হোসেন, স্কুল অব হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সেসের ডিন অধ্যাপক দীপক কুমার মিত্র এবং স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের ডিন অধ্যাপক একেএম ওয়ারেসুল করিম।

অনুষ্ঠানে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান এনএসইউর উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ অধ্যাপক আবদুর রব খান। পরে নর্থ সাউথ ইউনিভার্সিটি সাংস্কৃতিক সংগঠনের (এনএসইউএসএস) মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে দিনব্যাপী আয়োজনের সমাপ্তি ঘটে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা