× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি পেলেন বিচারক তাজুল ইসলাম

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৬ ২০:২০ পিএম

বিচারক মো. তাজুল ইসলাম। ফাইল ছবি

বিচারক মো. তাজুল ইসলাম। ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের অধীনে পিএইচডি (ডক্টর অব ফিলোসফি) ডিগ্রি অর্জন করেছেন বিচারক (জেলা ও দায়রা জজ) মো. তাজুল ইসলাম। গত ১৩ আগস্ট ২০২৬ অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় আনুষ্ঠানিকভাবে তাকে এ ডিগ্রি প্রদান করা হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, মো. তাজুল ইসলামের গবেষণার বিষয় ছিল ‘বাংলাদেশে মান্ধাতা আমলের ফৌজদারী বিচার ব্যবস্থা: বিকল্পের সন্ধানে’। ইংরেজিতে গবেষণাটির শিরোনাম ‘Archaic Quandary of Criminal Justice System in Bangladesh: Quest for the Alternative’।

গবেষণায় বাংলাদেশের ফৌজদারি বিচার ব্যবস্থায় দীর্ঘদিন ধরে ব্যবহৃত পুরোনো ফৌজদারি আইনগুলোর আধুনিকায়ন, মামলা দ্রুত নিষ্পত্তি এবং বিদ্যমান বিচারব্যবস্থার বিকল্প ও সংস্কারের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। বিশেষ করে ব্রিটিশ আমলে প্রণীত প্রায় দুই শতাব্দী পুরোনো আইনগুলোকে আন্তর্জাতিক ‘বেস্ট প্র্যাকটিস’-এর সঙ্গে সমন্বয় করে সংশোধন, পরিমার্জন ও পরিবর্ধনের মাধ্যমে দেশের ফৌজদারি বিচার ব্যবস্থায় কাঙ্ক্ষিত সংস্কার আনার সম্ভাবনা নিয়ে গবেষণায় বিশদ আলোচনা করা হয়েছে।

গবেষণার মৌখিক পরীক্ষা (ভাইভা-ভোসে) দেশি-বিদেশি খ্যাতনামা শিক্ষাবিদ ও গবেষকরা উপস্থিত ছিলেন। তাঁরা গবেষণাকর্মটির প্রশংসা করেন বলে জানা গেছে।

নিজের এ অর্জনে প্রতিক্রিয়া জানিয়ে ড. মো. তাজুল ইসলাম পরম করুণাময়, তার শিক্ষক, গবেষক দল ও পরিবারের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ভবিষ্যতে গবেষণালব্ধ জ্ঞান দেশের কল্যাণে কাজে লাগানোর প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

বিচারিক কর্মজীবনে সাফল্য

বর্তমানে ড. মো. তাজুল ইসলাম মেহেরপুর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে বিচারক (জেলা ও দায়রা জজ) হিসেবে দায়িত্ব পালন করছেন। ১৯৮৪ সালের ৩১ জানুয়ারি সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার কুশোডাঙ্গা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তাঁর জন্ম।

২০০০ সালে এসএসসি এবং ২০০২ সালে এইচএসসি পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন তিনি। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে ২০০৬ সালে এলএলবি (অনার্স) এবং ২০০৭ সালে এলএলএম ডিগ্রি অর্জন করেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্রিমিনোলজি ও ক্রিমিনাল জাস্টিস বিভাগ থেকে মাস্টার্স এবং উন্নয়ন অধ্যয়ন বিভাগ থেকে বিশেষ ডিগ্রি লাভ করেন।

ড. তাজুল ইসলাম প্রথমবারেই তৃতীয় বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সহকারী জজ হিসেবে খুলনা জেলা জজশিপে যোগ দেন। পরবর্তী সময়ে পদোন্নতি পেয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হিসেবে ঢাকায় এবং যুগ্ম জেলা জজ হিসেবে ঠাকুরগাঁও, মেহেরপুর ও ঝিনাইদহ জেলা জজশিপে দায়িত্ব পালন করেন। এ ছাড়া অতিরিক্ত জেলা ও দায়রা জজ হিসেবে কুষ্টিয়া ও যশোর জেলা জজশিপেও দায়িত্ব পালন করেছেন।

বিচারিক দায়িত্ব পালনের বিভিন্ন পর্যায়ে মামলা দ্রুত নিষ্পত্তি ও মামলাজট কমাতে ভূমিকা রাখার জন্য তিনি প্রশংসিত হয়েছেন। কুষ্টিয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ হিসেবে দায়িত্ব পালনকালে ২০২২ সালে ৫৫টি হত্যা মামলা নিষ্পত্তি করে রেকর্ড গড়েন তিনি।

মামলাজটমুক্ত বিচার বিভাগের স্বপ্ন

২০০৮ সালে সহকারী জজ হিসেবে বিচারিক কর্মজীবন শুরু করা ড. মো. তাজুল ইসলামের অন্যতম লক্ষ্য মামলাজটমুক্ত বিচার বিভাগ প্রতিষ্ঠায় ভূমিকা রাখা। বিচারপ্রার্থী জনগণকে দ্রুত ন্যায়বিচার দেওয়ার প্রত্যয় নিয়ে তিনি বিচারিক দায়িত্ব পালনের পাশাপাশি আইন ও বিচারব্যবস্থা নিয়ে গবেষণা ও লেখালেখি করে আসছেন।

আইন বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করার পাশাপাশি আইন শিক্ষার্থীদের মধ্যেও বিচারব্যবস্থা ও মামলাজট নিরসন বিষয়ে আগ্রহ তৈরিতে তিনি কাজ করে যাচ্ছেন। তাঁর সততা, পরিশ্রম, মানবিক মূল্যবোধ এবং দ্রুত মামলা নিষ্পত্তির প্রচেষ্টা বিচারাঙ্গনে ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।

আইন নিয়ে বই ও লেখালেখি

বিচারিক দায়িত্বের পাশাপাশি ড. মো. তাজুল ইসলাম আইন গবেষক ও কলামিস্ট হিসেবেও পরিচিত। সমসাময়িক আইন ও বিচারব্যবস্থা নিয়ে বিভিন্ন পত্রপত্রিকায় নিয়মিত লেখালেখি করেন তিনি।

তার লেখা ‘সাংবিধানিক আইনের সহজপাঠ’, শিশু আইন বিষয়ে ‘Juvenile Delinquency in Bangladesh: Identifying the Causes with Prevention and Rehabilitation’ এবং ‘বাংলাদেশের আইন ও বিচার ব্যবস্থা: স্বাধীনতার ৫০ বছর’- এই তিনটি বই ইতোমধ্যে প্রকাশিত হয়েছে। শিশু আইনবিষয়ক তার বইটি বিশ্বের নয়টি ভাষায় অনূদিত হয়েছে বলে জানা গেছে।

ব্যক্তিগত জীবনে ড. মো. তাজুল ইসলাম বিবাহিত। তার স্ত্রী ফেরদৌসী আক্তার ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ার ইংরেজি বিভাগে সহকারী অধ্যাপিকা হিসেবে কর্মরত। তাঁদের দুই কন্যা ও এক পুত্রসন্তান রয়েছে।

সাত ভাই ও এক বোনের মধ্যে ড. মো. তাজুল ইসলাম সর্বকনিষ্ঠ। তার বাবা আবুল হোসেন ছিলেন অধ্যাপক (অব.) এবং মা জামিলা বেগম ছিলেন গৃহিণী। 

বিচারিক দায়িত্ব, গবেষণা ও লেখালেখির মাধ্যমে দেশের বিচারব্যবস্থার উন্নয়ন এবং দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করার যে প্রত্যয় তিনি ব্যক্ত করে আসছেন, নতুন এই একাডেমিক অর্জন সেই প্রচেষ্টাকে আরও সমৃদ্ধ করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা