এসএসসি
প্রতীকী ছবি।
একটি নম্বর বদলে দিতে পারে একজন শিক্ষার্থীর গ্রেড, ফল এমনকি পরবর্তী শিক্ষাজীবনের পথও। ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশের পর সেই প্রশ্নই নতুন করে সামনে এসেছে। ১১টি শিক্ষা বোর্ডে ৫৬ হাজার ২৫৯টি উত্তরপত্রের নম্বর সংশোধন হয়েছে। নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ৭৯ শিক্ষার্থী। ফেল থেকে পাস করেছেন ৪ হাজার ৫৮৫ জন। আর ২৭ হাজার ৮৩৬ জনের গ্রেড পরিবর্তন হয়েছে। দেশের ইতিহাসে এবারই প্রথম পুনঃনিরীক্ষণের পাশাপাশি উত্তরপত্র পুনর্মূল্যায়নের প্রক্রিয়া যুক্ত করা হয়েছে। এত বিপুলসংখ্যক উত্তরপত্রে নম্বর পরিবর্তনের ঘটনায় প্রশ্ন উঠেছে, প্রথম দফায় পরীক্ষার্থীদের উত্তরপত্র কীভাবে মূল্যায়ন করা হয়েছিল।
গত ১০ আগস্ট এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। ফল প্রকাশের পর ১৭ আগস্ট রাতে পুনঃনিরীক্ষণের আবেদন শেষ হয়। মূল ফল প্রকাশের ৩১ দিন পর গতকাল বৃহস্পতিবার পুনঃনিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ করা হয়। এবারই প্রথম নম্বর ও ফল যাচাইয়ের পাশাপাশি পুনর্মূল্যায়নের সুযোগ রাখা হয়েছে। সংশোধিত ফল অনুযায়ী, ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় পাসের হার দাঁড়িয়েছে ৬২ দশমিক ২৫ শতাংশ। মোট জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা বেড়ে হয়েছে ১ লাখ ১৬ হাজার ৬৭৬ জন।
১১টি শিক্ষা বোর্ডের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, মোট ১৮ লাখ ২৯ হাজার ৪৮৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৪ লাখ ২ হাজার ৫২ জন পুনঃনিরীক্ষণের আবেদন করেন। তারা মোট ১০ লাখ ৫৬ হাজার ৪৫৮টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেন। পুনঃনিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের পর ২৭ হাজার ৮৩৬ জনের গ্রেড পরিবর্তন হয়েছে। বোর্ডগুলোর দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, ৫৬ হাজার ২৫৯টি উত্তরপত্রের নম্বর সংশোধন করা হয়েছে।
ঢাকা বোর্ডে সবচেয়ে বেশি নম্বর সংশোধন
১১টি বোর্ডের মধ্যে ঢাকা শিক্ষা বোর্ডে সবচেয়ে বেশি উত্তরপত্রের নম্বর পরিবর্তন হয়েছে। এ বোর্ডে ৯৪ হাজার ২৩৬ জন শিক্ষার্থী মোট ২ লাখ ৭৭ হাজার ৬৬৫টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের আবেদন করেন। পুনঃনিরীক্ষণ ও পুনর্মূল্যায়নে ২১ হাজার ৬৯টি উত্তরপত্রের নম্বর সংশোধন হয়েছে। গ্রেড পরিবর্তন হয়েছে ৮ হাজার ৯৯৯ জনের। ফেল থেকে পাস করেছেন ৩৩৭ জন এবং নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৯০৬ জন। রাজশাহী বোর্ডে ১ হাজার ৪০৩টি উত্তরপত্রের নম্বর পরিবর্তন হয়েছে। ফেল থেকে পাস করেছেন ১১১ জন এবং নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৭৭ জন। কুমিল্লায় ৪ হাজার ৭৩টি উত্তরপত্রের নম্বর সংশোধন হয়েছে। ফেল থেকে পাস করেছেন ৩৩৬ জন এবং নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ২০৭ জন। যশোরে ১ হাজার ৯৪৪টি উত্তরপত্রের নম্বর পরিবর্তন হয়েছে। ফেল থেকে পাস করেছেন ৩৮০ জন এবং নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ১৮২ জন। চট্টগ্রামে ২ হাজার ৯৭৫টি উত্তরপত্রের নম্বর সংশোধন হয়েছে। ফেল থেকে পাস করেছেন ১৯০ জন এবং নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৮৩ জন। বরিশালে ৩ হাজার ১১৮টি, সিলেটে ২ হাজার ৫৮৭টি এবং দিনাজপুরে ৫ হাজার ৬৩৬টি উত্তরপত্রের নম্বর সংশোধন হয়েছে। দিনাজপুরে ফেল থেকে পাস করেছেন ৮৬৭ জন। ময়মনসিংহ বোর্ডে ১ হাজার ১৮০ জন শিক্ষার্থী ফেল থেকে পাস করেছেন। একই সঙ্গে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৭৭৭ জন। বোর্ডটিতে ৬ হাজার ৫৩৮টি উত্তরপত্রের নম্বর সংশোধন হয়েছে। সব মিলিয়ে নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে ৪৯ হাজার ১৪৩টি উত্তরপত্রের নম্বর পরিবর্তন হয়েছে। ফেল থেকে পাস করেছেন ৩ হাজার ৬৬৬ জন এবং নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৭৪০ জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৫ হাজার ৯৪৪টি উত্তরপত্রের নম্বর সংশোধন হয়েছে। ফেল থেকে পাস করেছেন ২৫৫ জন এবং নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ২৯৩ জন। কারিগরি শিক্ষা বোর্ডে ১ হাজার ১৭২টি উত্তরপত্রের নম্বর সংশোধন হয়েছে। সেখানে ফেল থেকে পাস করেছেন ৬৬৪ জন এবং নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৪৬ জন।
‘এটা একটা অ্যালার্মিং বিষয়’
বিপুলসংখ্যক উত্তরপত্রে ফল পরিবর্তনের ঘটনাকে শুধু পরীক্ষকদের বিচ্ছিন্ন ভুল হিসেবে দেখতে রাজি নন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মোহাম্মদ মজিবুর রহমান। তিনি প্রতিদিনের বাংলাদেশকে বলেন, এত বিপুলসংখ্যক শিক্ষার্থীর ফল পরিবর্তনের ঘটনা প্রমাণ করে দেশের বিদ্যমান মূল্যায়ন কাঠামো সঠিকভাবে কাজ করছে না। তিনি বলেন, একই খাতা পুনরায় দেখলে দুই-এক নম্বরের পরিবর্তন স্বাভাবিক হতে পারে। কিন্তু এত বড় পরিসরে পরিবর্তন কোনোভাবেই প্রত্যাশিত নয়। এটি একটি ‘অ্যালার্মিং’ বিষয়।
দায় কার?
প্রথম দফার মূল্যায়নে ভুলের দায় কার— এ প্রশ্নে অধ্যাপক মজিবুর রহমান বলেন, যারা পুরো শিক্ষাব্যবস্থা পরিচালনা করেন, তাদের সবার ভূমিকা খতিয়ে দেখা দরকার। এর সঙ্গে শিক্ষক, প্রশাসন, শিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট প্রত্যেকের প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পৃক্ততা রয়েছে। তবে পরীক্ষার মূল্যায়ন পদ্ধতি নির্ধারণে শুধু প্রশাসনিক সিদ্ধান্ত যথেষ্ট নয় বলে মনে করেন তিনি। যারা মূল্যায়ন বিষয়ে বিশেষজ্ঞ, তাদের মতামতও নিতে হবে।
মাদ্রাসা বোর্ডে শাস্তির আশ্বাস
প্রথম দফায় উত্তরপত্র মূল্যায়নে গাফিলতি বা দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট পরীক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. ফারুক আহম্মেদ। তিনি বলেন, পুনঃনিরীক্ষণ ও পুনর্মূল্যায়নে যেসব উত্তরপত্রের নম্বর পরিবর্তন হয়েছে, সেগুলো খতিয়ে দেখা হবে। শুধু প্রথম পরীক্ষক নন, প্রধান পরীক্ষকসহ সংশ্লিষ্ট সবার দায়িত্বও পর্যালোচনা করা হবে। কোনো পরীক্ষকের গাফিলতি বা দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেলে তাকে শাস্তির আওতায় আনা হবে।
১০ নম্বরের বেশি পরিবর্তনে ব্যবস্থা
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান বলেন, পুনঃনিরীক্ষণে ১০ নম্বর পর্যন্ত পরিবর্তনকে স্বাভাবিক পরিবর্তনের আওতায় ধরা হয়। তবে কোনো উত্তরপত্রে ১০ নম্বরের বেশি পরিবর্তন হলে সেটি বিশেষভাবে খতিয়ে দেখা হবে। তিনি বলেন, ১০ নম্বরের বেশি নম্বর বাড়ানো বা কমানোর ক্ষেত্রে সংশ্লিষ্ট পরীক্ষকের মূল্যায়ন পদ্ধতি ও দায়িত্ব পালনের বিষয়টি পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে। এ ধরনের উত্তরপত্র আলাদাভাবে শনাক্ত করে সংশ্লিষ্ট পরীক্ষকদের বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।
ভুল শুধু খাতায় নয়, কাঠামোতেও
৫৬ হাজার ২৫৯টি উত্তরপত্রের নম্বর পরিবর্তনের ঘটনা পাবলিক পরীক্ষার মূল্যায়ন ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। কোথাও পরীক্ষকের অসতর্কতা, কোথাও মূল্যায়ন প্রক্রিয়ার দুর্বলতা, আবার কোথাও তদারকির ঘাটতি—বিভিন্ন কারণে নম্বর পরিবর্তন হয়েছে। এর সঙ্গে আরও বড় প্রশ্ন হলো, মূল্যায়নের দর্শন ও কাঠামো যথেষ্ট স্পষ্ট কি না।
অধ্যাপক মোহাম্মদ মজিবুর রহমানের মতে, শিক্ষা দর্শন ও শিক্ষানীতি নির্ধারণের পর তার সঙ্গে সামঞ্জস্য রেখে কারিকুলাম, পাঠ্যবস্তু ও মূল্যায়ন ব্যবস্থা তৈরি হওয়া উচিত। কিন্তু মৌলিক বিষয়গুলো সঠিকভাবে নির্ধারণ না করেই বারবার পাঠ্যপুস্তক ও কারিকুলামে পরিবর্তন আনা হলে মূল্যায়ন ব্যবস্থাতেও তার প্রভাব পড়ে।
তিনি বলেন, শিক্ষা সংস্কারের জন্য একটি কমিশন গঠন করে শিক্ষাবিদ, মূল্যায়ন বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট অংশীজনের মতামতের ভিত্তিতে সুস্পষ্ট সুপারিশ নেওয়া প্রয়োজন। সেই সুপারিশের আলোকে শিক্ষা ও মূল্যায়ন ব্যবস্থা পরিচালিত হলে এ ধরনের সংকট অনেকটাই এড়ানো সম্ভব।