× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সরকারি চাকরিতে ভাইভার নম্বর বৃদ্ধির প্রতিবাদে ৫ বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৩৬ পিএম

সরকারি চাকরিতে ভাইভা নম্বর বাড়ানোর প্রতিবাদে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সরকারি চাকরিতে ভাইভা নম্বর বাড়ানোর প্রতিবাদে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় ভাইভা নম্বর বাড়ানোর প্রস্তাবের প্রতিবাদে কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল, রাজশাহী ও ইসলামী বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। 

বুধবার কুমিল্লা, চট্টগ্রাম ও বরিশাল বিশ্ববিদ্যোলয়ের শিক্ষার্থীরা মানববন্ধন করেন। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ও রাতে ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দেন। বিস্তারিত প্রতিবেদকদের পাঠানো খবরে-

কুবি

‎‎সরকারি চাকরিতে মৌখিক পরীক্ষার (ভাইভা) নম্বর বৃদ্ধির প্রতিবাদে বুধবার বিশ্ববিদ্যালয়ের গোল চত্ত্বরে মানববন্ধন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীরা। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এ সময় তারা সরকারের এই সিদ্ধান্তকে পুনর্বিবেচনার আহ্বান জানান। যদি ভাইভার নম্বর বৃদ্ধির এই সিদ্ধান্ত বহাল থাকে তারা কঠিন আন্দোলনের হুঁশিয়ারি দেন। 

‎‎মানববন্ধনে শিক্ষার্থীরা ‘কোটা গেছে যেই পথে– ভাইভা যাবে সেই পথে'’, ‘ভাইভার নামে দলীয়করণ– বন্ধ কর, করতে হবে’, ‘ভাইভা না মেধা– মেধা মেধা’, ‘দোয়েল, কোয়েল, ময়না, টিয়া– ভাইভায় এসো ঘুষ নিয়া’ ইত্যাদি স্লোগান দেন।

‎‎আইন বিভাগের শিক্ষার্থী বায়েজিদ হোসেন বলেন, মানুষ ইতিহাস থেকে শিক্ষা নেয় কিন্তু আমরা দেখতে পারছি- বর্তমান সরকার ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাচ্ছে। সরকারি চাকরিতে বৈষম্য, সরকারি প্রতিষ্ঠানে দলীয়করণ এবং ভাইবার নামে আবার কোটাকে ফেরানোর চেষ্টা করছে সরকার।

চবি

সরকারি চাকরিতে ১১ থেকে ২০তম গ্রেডের নিয়োগে মৌখিক পরীক্ষার নম্বরে পরিবর্তন আনার প্রতিবাদে মানববন্ধন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু)। গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। 

মানববন্ধনে ‘নিয়োগ নিয়ে রাজনীতি, চলবে না চলবে না’, ‘নব্য কোটার গদিতে, আগুন জ্বালাও একসাথে’, ‘কোটা গেছে যে পথে, ভাইভা যাবে সে পথে’, ‘ভাইভা নিয়ে প্রহসন, চলবে না চলবে না’স্লোগান দিতে শোনা যায়।

চাকসুর ভিপি ইব্রাহিম রনি বলেন, হাসিনা সরকারের সময়ে যে নিয়োগ প্রক্রিয়া চালু করা হয়েছিল, অন্তর্বর্তীকালীন সরকার সেটি সংস্কার করেছিল। এখন আবার বিএনপি সেই পথেই হাঁটছে; দলীয় লোকদের নিয়োগ দেওয়ার সুযোগ তৈরি করতেই ভাইভায় নম্বর বাড়ানো হচ্ছে।

ববি

একই ঘটনার প্রতিবাদে গতকাল দুপুরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৩ নম্বর ফটকের সামনে সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে মানববন্ধন করা হয়েছে। মানববন্ধনে শিক্ষার্থীরা লিখিত ও মৌখিক পরীক্ষার নম্বরের ভারসাম্যপূর্ণ বণ্টন নিশ্চিত করা, নিয়োগপ্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি বজায় রাখা এবং মেধার যথাযথ মূল্যায়নের দাবি জানান।

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মো. হাফিজ বলেন, অবিলম্বে সরকারকে এই সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে। তা না হলে শিক্ষার্থী ও চাকরিপ্রত্যাশীদের মধ্যে আরও ক্ষোভ তৈরি হবে।

রাবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) একই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে মিছিলটি বের হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে ফিরে আসে। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করেন শিক্ষার্থীরা।

এ সময় শিক্ষার্থীরা ‘ভিক্ষা লাগলে ভিক্ষা নে, মেধাবীদের মুক্তি দে’, ‘সারা বাংলায় খবর দে, ভাইভা কোটার কবর দে’, ‘এমপি-মন্ত্রীর সুপারিশ, চলবে না চলবে না’, ‘ভাইভা কোটার বিরুদ্ধে, ডাইরেক্ট অ্যাকশন’ সহ বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হেলাল উদ্দিন বলেন, কোটার বিরুদ্ধে আন্দোলনের পর ভাইভা নামক কোটা আমাদের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে। ছাত্রসমাজ এই সিদ্ধান্ত মেনে নেবে না। ছাত্রবিরোধী সিদ্ধান্ত নিয়ে শেখ হাসিনা এ দেশে টিকতে পারেননি। আমাদের দাবির বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত এলে আমরা কঠিন কর্মসূচি দেব।

ইবি

এদিকে মঙ্গলবার রাত ১০টার দিকে ইসলামী বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করেন বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে পরিণত হয়।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, লিখিত পরীক্ষার নম্বর কমিয়ে ভাইভার নম্বর বাড়ানোর সিদ্ধান্ত নিয়োগ প্রক্রিয়ায় স্বজনপ্রীতি ও দুর্নীতির সুযোগ তৈরি করবে। এতে মেধাভিত্তিক নিয়োগ ব্যবস্থা বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তারা অবিলম্বে এ সিদ্ধান্ত বাতিল করে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও দুর্নীতিমুক্ত নিয়োগ প্রক্রিয়া নিশ্চিত করার দাবি জানান।

গত ৬ সেপ্টেম্বর সচিবালয়ে প্রশাসনিক উন্নয়নসংক্রান্ত সচিব কমিটির বৈঠকে সরকারি চাকরির ১১ থেকে ২০তম গ্রেডে সরাসরি নিয়োগের পরীক্ষার মানবণ্টন পরিবর্তনের প্রস্তাবসংবলিত খসড়া বিধিমালা অনুমোদন করা হয়। প্রস্তাবিত বিধিমালা অনুযায়ী, ১১ ও ১২তম গ্রেডে ভাইভার নম্বর ১০ থেকে বাড়িয়ে ৫০ করার প্রস্তাব করা হয়েছে। ১৩ থেকে ১৬তম গ্রেডে ভাইভার নম্বর ১০ থেকে বাড়িয়ে ৪০ এবং ১৭ থেকে ২০তম গ্রেডে ১০ থেকে বাড়িয়ে ২৫ করার প্রস্তাব রয়েছে। একই সঙ্গে লিখিত পরীক্ষার নম্বর ও পাস নম্বরেও পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা