রাবি প্রতিবেদক
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬ ১৮:৫০ পিএম
ফাইল ছবি
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা প্রথমবারের মতো দেশের আটটি বিভাগীয় শহরের আঞ্চলিক কেন্দ্রগুলোতেই অনুষ্ঠিত হবে। নতুন আঞ্চলিক কেন্দ্র হিসেবে বরিশাল বিভাগ যুক্ত হয়েছে।
উপাচার্যের কার্যালয়ে মঙ্গলবার সকাল ১০টায় অনুষ্ঠিত ভর্তি উপকমিটির দ্বিতীয় সভায় এ সিদ্ধান্ত বিবেচনায় নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. এস এম কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “ভর্তি উপকমিটির প্রথম সভায় ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট- এই সাতটি বিভাগীয় শহরে রাবির ভর্তি পরীক্ষা আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে পরবর্তীতে বরিশাল বিভাগের ভর্তিচ্ছু শিক্ষার্থীদের দাবির বিষয়টি মাথায় রেখে উপকমিটির দ্বিতীয় সভায় বরিশালকেও আঞ্চলিক কেন্দ্র হিসেবে অন্তর্ভুক্ত করার প্রস্তাব বিবেচনা ও গ্রহণ করা হয়েছে”।
উল্লেখ্য, এবারের ভর্তি পরীক্ষা ‘বি’ ইউনিট (বাণিজ্য) দিয়ে শুরু করার সুপারিশ করেছে ভর্তি উপকমিটি। ৮ জানুয়ারি ‘বি’ ইউনিট (বাণিজ্য), ৯ জানুয়ারি ‘সি’ ইউনিট (বিজ্ঞান) এবং ১৬ জানুয়ারি ‘এ’ ইউনিটের (মানবিক) ভর্তি পরীক্ষা নেওয়ার বিষয়ে ভর্তি উপকমিটি প্রস্তাব করেছে। এটা সম্ভাব্য তারিখ। ১২ থেকে ২৭ নভেম্বর আবেদন শুরু করার প্রস্তাব করেছে ভর্তি উপকমিটি।