বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬ ১৫:২১ পিএম
ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও শিবিরের মধ্যে সংঘর্ষ হয়। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শহিদ জিয়াউর রহমান হলে ছাত্রদল নেতা কর্তৃক ছাত্রশিবিরের হল সেক্রেটারিকে থাপ্পড় মারার ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদল-শিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এ সময় হলের কক্ষের জানালার কাঁচ এবং প্রক্টরের গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে ছাত্রশিবিরের নেতা-কর্মীদের বিরুদ্ধে।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনা এবং ছড়িয়ে পড়া ছবি ও ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে, হলের কক্ষ ভাঙচুরে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের মারুফ, শাহ আজিজ হলের শিবির নেতা তানজীল, অর্থনীতি বিভাগের নাইমুর, আইসিটি বিভাগের রুহি, আইন বিভাগের নাজমুস সাকিব ও হোসনে মোবারক, আল ফিকহ বিভাগের ফয়সাল, আরবি ভাষা ও সাহিত্য বিভাগের বাকি বিল্লাহ, দাওয়াহ বিভাগের আইনুল ও খালেদ সাইফুল্লাহ এবং আল হাদিস বিভাগের শাকিল ও ফরিদের সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়া গেছে।
এ ছাড়া প্রক্টরের গাড়ি হলের গেট পেরিয়ে কয়েক গজ এগিয়ে যাওয়ার সময় ডান দিক থেকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের নাইম এবং কিছুটা পেছন থেকে শাকিল আহমেদকে গাড়ি লক্ষ্য করে ইট ছুড়তে দেখা গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
এর পরপরই নীল টি-শার্ট পরা আরও একজন গাড়ির পেছন থেকে ইট নিক্ষেপ করলেও সেটি গাড়িতে পৌঁছায়নি। এ সময় আল হাদিস বিভাগের জুনায়েদ, আইন বিভাগের সাকিব এবং ল অ্যান্ড ল্যান্ড বিভাগের মতিউর ও জয়কে ইটের টুকরা হাতে দেখা গেছে বলেও দাবি করেন প্রত্যক্ষদর্শীরা।
ঘটনার সূত্রপাত শনিবার দুপুরে শহিদ জিয়াউর রহমান হলের নিচতলার করিডোরে। হলের সিসিটিভি ফুটেজে দেখা যায়, হল শিবিরের সেক্রেটারি কাজী জুহায়ের ক্র্যাচে ভর দিয়ে করিডোর দিয়ে যাচ্ছিলেন। এ সময় সিঁড়ি দিয়ে নেমে ছাত্রদল নেতা আলীনূর রহমানের সঙ্গে তার দু-একটি কথা হয়। এর পরপরই আলীনূর তাকে থাপ্পড় মারেন। পরে জুহায়ের কিছু বললে আলীনূর আবারও তার দিকে এগিয়ে যান।
এ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে উভয় পক্ষ প্রভোস্টের কার্যালয়ের সামনে পাল্টাপাল্টি স্লোগান দিতে থাকে। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনাও ঘটে। পরে আলীনূর দৌড়ে হলের ২১৭ নম্বর কক্ষে গিয়ে দরজা বন্ধ করে অবস্থান নেন। তাকে ধরতে ছাত্রশিবিরের নেতা-কর্মীরা ওই কক্ষের সামনে জড়ো হন।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে ছাত্রশিবিরের নেতা-কর্মীদের ওই কক্ষের সামনে জড়ো হয়ে দরজায় লাথি দিতে এবং জানালার কাঁচ ভাঙচুর করতে দেখা যায়। এ সময় তারা অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন বলেও অভিযোগ রয়েছে। কক্ষের দরজার সামনে ছাত্রদল নেতা নিলয়কেও দেখা যায়। পরে প্রক্টরিয়াল বডি ও ইবি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পরে পুলিশের সহায়তায় আলীনূরকে কক্ষ থেকে উদ্ধার করে প্রক্টরের কার্যালয়ে নেওয়া হয়। তাকে প্রক্টরের গাড়িতে তোলার সময় আবারও ছাত্রশিবিরের নেতা-কর্মীদের মারমুখী অবস্থানে দেখা যায়। এ সময় পুলিশের বেষ্টনী ভেদ করে প্রক্টর ও ইবি থানার ওসির গায়ে কয়েকজনের কিল-ঘুষি লাগার অভিযোগ ওঠে। একপর্যায়ে প্রক্টরের গাড়ি লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করা হলে গাড়ির গ্লাস ও পেছনের একটি লাইট ভেঙে যায়।
আলীনূরের সঙ্গে ২১৭ নম্বর কক্ষে থাকা ছাত্রদলকর্মী জিম বলেন, “আলীনূর দৌড়ে আমার রুমে আসার পর শিবিরের ১০-১৫ জন গালিগালাজ করতে করতে রুমের দিকে আসে। হামলার ভয়ে আমি দরজা লাগিয়ে দিই। পরে তারা দরজায় অনর্গল লাথি মারতে থাকে। একপর্যায়ে কেউ একটি বস্তু দিয়ে আঘাত করে জানালার কাঁচ ভেঙে ফেলে। পরে হলের পেছনে গিয়ে আমার রুমের ব্যালকনিতে ইট ছোড়ে। হোসনে মোবারক নামে একজন ইট ছুড়লে সেটি আমার হাতে লাগে। এতে হাতে ক্ষত হয়।”
প্রক্টরের গাড়িচালক আকুল বলেন, “শহিদ জিয়াউর রহমান হলের সামনে থেকে ওই ছেলেকে নিয়ে গাড়ি ঘোরানোর সময় দূর থেকে ছোড়া একটি ইটের আঘাতে এক পাশের গ্লাস ভেঙে যায়। আমার খেয়াল তখন সামনের দিকে ছিল। গাড়ির সামনে পরিষ্কার থাকলেও এক পাশ থেকে হঠাৎ করে শব্দ হয়। কয়েক সেকেন্ডের মধ্যেই মাঝের সারির শাটার গ্লাসটি ভেঙে পড়ে। গাড়ির পেছনের একটি লাইটও ভেঙে গেছে।”
হলের কক্ষ ও প্রক্টরের গাড়ি ভাঙচুরে নেতা-কর্মীদের সংশ্লিষ্টতার অভিযোগের বিষয়ে শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি বলেন, “২১৭ নম্বর কক্ষের সামনে পরিস্থিতি খুবই উত্তপ্ত ছিল। আমি ছাত্রদলকে সঙ্গে নিয়ে আমাদের ছেলেপেলেকে নিবৃত্ত করার সর্বোচ্চ চেষ্টা করেছি, কিন্তু তা সম্ভব হয়নি।”
তিনি বলেন, “হলের নিচের ঘটনার সময় আমি সেখানে ছিলাম না। সেখানে আমাদের নেতা-কর্মীদের বাইরেও অনেকে ছিল, ছাত্রদলের নেতা-কর্মীরাও ছিল। প্রক্টর স্যারের গাড়িতে কে ইট মেরেছে, তা আমি সুনির্দিষ্টভাবে বলতে পারছি না। তবে অপরাধী যেই হোক, তার বিচার হোক- এটাই প্রশাসনের কাছে চাওয়া। ছাত্রশিবিরের নেতা-কর্মীদের বিরুদ্ধে আসা অভিযোগ প্রমাণিত হলে অবশ্যই আমরা সাংগঠনিক ব্যবস্থা নেব।”
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান গণমাধ্যমকে বলেন, “আলীনূরকে গাড়িতে উঠাতে গেলে গেটের একটু সামনে পৌঁছাতেই ছেলেপেলে তার দিকে ধেয়ে আসে। তখন দ্রুত তাকে গাড়িতে তুলে দিই। এ সময় উত্তেজিত হয়ে অনেকে গাড়ির দিকে ইট-পাটকেল ছুড়ে মারে। কয়েকটি ঢিল গাড়িতে এসে লাগে এবং কাঁচ ভেঙে যায়। কারা এ ঘটনায় জড়িত ছিল, তা তদন্ত কমিটি দেখবে।”