জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই তরুণীর মৃত্যু হয়েছে। ছবি: ভিডিও থেকে
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই তরুণীর মৃত্যু হয়েছে।
কেরানীগঞ্জের তেঘরিয়া এলাকায় সোমবার বিকালে এ দুর্ঘটনা ঘটে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুপুর ৩টার দিকে চার নারী ওই পুকুরে গোসল করতে নামেন। এ সময় দুজন সাঁতরে পাড়ে উঠতে পারলেও অপর দুজন পানিতে ডুবে যান। পরে স্থানীয় বাসিন্দারা পুকুর থেকে তাদের উদ্ধার করেন। তবে দুজনকেই মৃত অবস্থায় পাওয়া যায় বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
নিহতরা হলেন ওই এলাকার আতিকুর রহমানের মেয়ে রাবেয়া (১৪) এবং শফিকুল ইসলামের স্ত্রী জুলিয়া (২০)।
নিহতদের মরদেহের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন আবুল কালাম।
এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন বলেন, “ঘটনা জানার পর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে একটি প্রতিনিধি দল ঘটনাস্থলে পাঠানো হয়। দলটি মরদেহ উদ্ধারে সহযোগিতা করে”।
পুকুরটিতে সাধারণ মানুষের প্রবেশ সীমিত করে একটি নোটিশ দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।