ফিনল্যান্ড প্রতিবেদক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬ ২১:৩৯ পিএম
ফিনল্যান্ডে বসবাসরত বাংলাদেশি পিএইচডি ডিগ্রিধারী ও বিজ্ঞানীদের সংগঠন বাংলাদেশ ডক্টরেটর্স প্ল্যাটফর্ম ইন ফিনল্যান্ড (বিডিপিএফ)-এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে নতুন ও পুরাতন সদস্যদের ভার্চুয়াল মিলনমেলা ২০২৬। ফাইল ছবি
ফিনল্যান্ডে বসবাসরত বাংলাদেশি পিএইচডি ডিগ্রিধারী ও বিজ্ঞানীদের সংগঠন বাংলাদেশ ডক্টরেটর্স প্ল্যাটফর্ম ইন ফিনল্যান্ড (বিডিপিএফ)-এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে নতুন ও পুরাতন সদস্যদের ভার্চুয়াল মিলনমেলা ২০২৬।
আনন্দঘন এ আয়োজনে প্রবাসজীবনের ব্যস্ততা ভুলে একত্রিত হন বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত ফিনল্যান্ডের পিএইচডি ডিগ্রিধারী বাংলাদেশি বিজ্ঞানীরা। একই সঙ্গে বাংলাদেশ ও দেশের উন্নয়নে জ্ঞান, অভিজ্ঞতা ও দক্ষতাকে কীভাবে আরও কার্যকরভাবে কাজে লাগানো যায়, তা নিয়েও মতবিনিময় করেন তারা।
ফিনিশ সময় রবিবার সকাল ১১টায় অনুষ্ঠিত দিনব্যাপী ভার্চুয়াল অনুষ্ঠানের নাম দেওয়া হয় ‘পিএইচডি ডিগ্রিধারীদের মিলনমেলা ২০২৬’। বর্তমানে ৯৪ জন প্রবাসী বাংলাদেশি বিজ্ঞানীর সমন্বয়ে ফিনল্যান্ডে নিবন্ধিত সংগঠন বিডিপিএফের এ আয়োজনে নতুন ও পুরাতন পিএইচডি ডিগ্রিধারীদের স্বাগত জানানো হয় বাংলাদেশের জাতীয় ফুল শাপলার প্রতীকী উপস্থিতির মাধ্যমে।
অনুষ্ঠানের উদ্বোধন করেন বিডিপিএফের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ড. মো. মঞ্জুরে মওলা। অনুষ্ঠান সঞ্চালনা করেন অধ্যাপক ড. জি এম আতিকুর রহমান।
অনুষ্ঠানে বিডিপিএফের নির্বাহী কমিটির সদস্যদের পক্ষ থেকে বিভিন্ন শিক্ষণীয় ও আনন্দঘন কার্যক্রমের ঘোষণা দেন লেকচারার ড. সাকের আহমেদ ও অধ্যাপক ড. মো. আব্দুল হাই। অনুষ্ঠানের সফল আয়োজনের পেছনে নির্বাহী কমিটির সদস্যদের অক্লান্ত পরিশ্রমের জন্য তাদের আগাম ধন্যবাদ জানান সংগঠনের সভাপতি।
অভিজ্ঞতা বিনিময়ে প্রবীণ ও নবীন বিজ্ঞানীরা
মিলনমেলার অন্যতম আকর্ষণ ছিল বিডিপিএফের প্রবীণ ও নবীন সদস্যদের মধ্যে অভিজ্ঞতা, জ্ঞান ও ভাবনা বিনিময়। দীর্ঘদিন সংগঠনের সঙ্গে যুক্ত অভিজ্ঞ বিজ্ঞানীরা তাদের কর্মজীবনের অভিজ্ঞতা, গবেষণার গল্প, সংগঠনের কার্যক্রম এবং দেশের উন্নয়নে প্রবাসী মেধাবীদের ভূমিকা নিয়ে আলোচনা করেন।
অন্যদিকে, বিডিপিএফের নতুন সদস্যরা তাদের আধুনিক দৃষ্টিভঙ্গি, নতুন চিন্তা ও উদ্যমের মাধ্যমে সংগঠন এবং বাংলাদেশের উন্নয়নে অবদান রাখার প্রত্যয় ব্যক্ত করেন। তাদের এসব ভাবনা প্রবীণ সদস্যদেরও অনুপ্রাণিত করে।
আয়োজনে বক্তারা বলেন, মানুষের খ্যাতি অনেক সময় ক্ষণস্থায়ী হলেও মানবতা, ভালোবাসা ও পারস্পরিক শ্রদ্ধার বন্ধন দীর্ঘস্থায়ী। সেই ভালোবাসার টানেই বিডিপিএফ পরিবারের সদস্যরা একত্রিত হয়েছেন। অল্প সময়ের জন্য কর্মব্যস্ত জীবনের চাপ ভুলে একে অপরের সঙ্গে মিলিত হওয়ার মাধ্যমে প্রবাসী বিজ্ঞানীদের পারস্পরিক যোগাযোগ, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হয়েছে।
শাপলায় ফিরে দেখা শৈশব ও বাংলাদেশের স্মৃতি
ভার্চুয়াল পর্দায় বাংলাদেশের জাতীয় ফুল শাপলার উপস্থিতি অনুষ্ঠানে ভিন্নমাত্রা যোগ করে। শাপলা দেখে অনেক সদস্যই ফিরে যান শৈশব ও কৈশোরের স্মৃতিতে। আলোচনায় উঠে আসে বাংলাদেশের গ্রামীণ প্রকৃতি, মেঠোপথ, নদী, বন্ধুদের সঙ্গে নির্মল আড্ডা এবং আত্মীয়-স্বজনের সান্নিধ্যের স্মৃতি।
নতুন সদস্যদের মধ্যে গবেষক ড. রেজাউদ্দিন রিপন ও ড. ফেরদৌস লিটন খান এবং পুরাতন সদস্যদের মধ্যে বিডিপিএফের প্রতিষ্ঠাতা সদস্য গবেষক ড. শিপুল বড়ুয়া, অধ্যাপক ড. কামরুল হোসেন, উপদেষ্টা গোলাম মোহাম্মদ সারোয়ার, ড. মাহাবুব রহমান, ডুসেন্ট অসীম কুমার ও গবেষক ড. কামরুল হাসান তাদের অনুভূতি ব্যক্ত করেন।
তাদের আলোচনায় উঠে আসে প্রবাসের ব্যস্ত ও যান্ত্রিক জীবনের মাঝেও দেশে ফেলে আসা গ্রামের মেঠোপথ, নদী, প্রকৃতি, বন্ধুদের সঙ্গে আড্ডা এবং স্বজনদের সান্নিধ্যের স্মৃতি গভীরভাবে মনে পড়ে।
জ্ঞান ও দেশপ্রেমে এগিয়ে যাওয়ার প্রত্যয়
অনুষ্ঠানের শেষ পর্বে অনুষ্ঠিত অনানুষ্ঠানিক আলোচনায় সদস্যদের মধ্যে জ্ঞান, প্রজ্ঞা, আদর্শ ও সত্যের শক্তিতে আলোকিত হয়ে ভবিষ্যতে আরও ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
গবেষক ড. গালীব হাসান, ড. তানভির হাসান ও ড. মো. সানাউল হক একসঙ্গে বলেন, বিডিপিএফের মাধ্যমে আয়োজিত এ মিলনমেলা তাদের জন্য একটি বড় উপহার। তাদের মতে, পারিবারিক ও কর্মজীবনের গল্প ভাগাভাগি করতে গিয়ে মনে হয়েছে, ঘড়ির কাঁটা যেন সাময়িকভাবে পেছনের দিকে ফিরে গেছে; ফিরে এসেছে পুরোনো দিনের স্মৃতি ও আন্তরিকতার আবহ।
প্রবাসী মেধাবীদের বন্ধন আরও দৃঢ়
বিডিপিএফের ‘নতুন ও পুরাতন সদস্যদের ভার্চুয়াল মিলনমেলা ২০২৬’-এ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত ফিনল্যান্ডের পিএইচডি ডিগ্রিধারী বাংলাদেশি বিজ্ঞানীরা অংশ নেন।
আয়োজকরা আশা প্রকাশ করেন, পারস্পরিক যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময়ের এ ধারা ভবিষ্যতে আরও বিস্তৃত হবে এবং প্রবাসী বাংলাদেশি বিজ্ঞানীদের সম্মিলিত জ্ঞান ও দক্ষতা দেশের উন্নয়নে কার্যকর ভূমিকা রাখবে।
অনুষ্ঠানের শেষপর্যায়ে বিডিপিএফ পরিবারের সব সদস্যের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ড. মো. মঞ্জুরে মওলা। অনুষ্ঠানে অংশ নেওয়া সবাইকে ধন্যবাদ জানান তিনি ও সদস্য সচিব জি এম আতিকুর রহমান। তাদের ধন্যবাদ জ্ঞাপনের মধ্য দিয়ে শেষ হয় বাংলাদেশি পিএইচডি ডিগ্রিধারীদের এই প্রাণবন্ত ও স্মৃতিময় ভার্চুয়াল মিলনমেলা ২০২৬।