× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজশাহী বিশ্ববিদ্যালয়

সিট অনিশ্চিত, ফি নিশ্চিত

প্রান্ত কুমার দাশ, রাবি

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬ ২০:৩১ পিএম

আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৭:০৫ পিএম

রাজশাহী বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হলে সিট মিলুক বা না মিলুক, আবাসিকতার জন্য আবেদন করলেই দিতে হয় ৫৫ টাকা। একই শিক্ষার্থী পরের দফায় আবার আবেদন করলে আবারও দিতে হয় একই পরিমাণ অর্থ। সঙ্গে প্রতিবার নতুন করে জমা দিতে হয় একই কাগজপত্রের কপি।

ফলে বছরের পর বছর হলে সিটের অপেক্ষায় থাকা শিক্ষার্থীদের গুনতে হচ্ছে বাড়তি টাকা। অন্যদিকে পোহাতে হচ্ছে একই প্রক্রিয়ার পুনরাবৃত্তি।

সিট পাওয়ার নিশ্চয়তা না থাকলেও আবেদনের ক্ষেত্রে এই বাধ্যতামূলক ফি নিয়ে প্রশ্ন তুলছেন শিক্ষার্থীরা। তারা বলছেন, সিটই যদি না পাই, তাহলে বারবার এই ফি নেওয়ার যৌক্তিকতা দেখি না। এর সঙ্গে প্রতিবারই ফলাফলের কপিসহ একই আনুষঙ্গিক কাগজপত্র নতুন করে জমা দিতে হয়। এতে আমাদের বাড়তি ভোগান্তি ও খরচ হয়। তারা এই বাধ্যতামূলক ফি বাতিল করার দাবি জানিয়েছেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, চলতি বছরের এপ্রিল মাসে প্রাধ্যক্ষ পরিষদ আবাসিকতা সংক্রান্ত নতুন নীতিমালা প্রণয়ন করে। নীতিমালা অনুযায়ী শিক্ষার্থীদের অনলাইনে আবেদন করার পর ৫৫ টাকা জমা দিয়ে প্রয়োজনীয় কাগজপত্রের কপি সংশ্লিষ্ট হলে জমা দিতে হয়।

আইসিটি সেন্টারের তথ্যমতে, আবাসিকতার সর্বশেষ আবেদনে ১৭টি হলে ৪ হাজার ৪৮৯ শিক্ষার্থী আবেদন করেছেন। প্রত্যেকের কাছ থেকে ৫৫ টাকা করে নেওয়া হয়েছে। হিসাব অনুযায়ী শুধু এই দফাতেই শিক্ষার্থীদের কাছ থেকে আদায় হয়েছে ২ লাখ ৪৬ হাজার ৮৯৫ টাকা। তবে এই অর্থ কোন কোন খাতে এবং কীভাবে ব্যয় হচ্ছে, তার পূর্ণাঙ্গ হিসাব শিক্ষার্থীদের সামনে নেই।

বিশ্ববিদ্যালয়ের তথ্যমতে, বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ২৬ হাজারের বেশি শিক্ষার্থী অধ্যয়নরত রয়েছেÑ যার বিপরীতে ১৭টি আবাসিক হলে আসন রয়েছে ৯ হাজার ৬৭৩টি। অর্থাৎ মোট শিক্ষার্থীর বড় একটি অংশেরই আবাসিক সুবিধা নেই। ফলে অনেকে বছরের পর বছর হলে সিটের জন্য আবেদন করছেন।

সিট বরাদ্দ নীতিমালা অনুযায়ী, স্নাতক ২য় থেকে ৪র্থ বর্ষ এবং স্নাতকোত্তর পর্যায়ের নিবন্ধিত শিক্ষার্থীরা আবাসিকতার জন্য আবেদন করতে পারেন। তবে সাধারণত সিনিয়রিটির ভিত্তিতে হলের আসন বণ্টন করা হয়। ফলে অপেক্ষাকৃত জুনিয়র শিক্ষার্থীদের সিট পাওয়ার সম্ভাবনা কম থাকলেও আবাসিকতার জন্য আবেদন করতে তাদেরও দিতে হচ্ছে ৫৫ টাকা ফি।

 গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের তৃতীয় বর্ষ ২য় সেমিস্টারের শিক্ষার্থী সুদিপ্ত ঘোষ এরই মধ্যে চারবার আবাসিকতার জন্য আবেদন করেছেন। সাতক্ষীরার এই শিক্ষার্থী প্রথম বর্ষ থেকেই ক্যাম্পাসসংলগ্ন বিনোদপুর এলাকায় মেসে থাকছেন। চারবার আবেদন করেও এখনো হলে সিট পাননি। তবে প্রতিবার ৫৫ টাকা করে তাকে দিতে হয়েছে মোট ২২০ টাকা।

এ বিষয়ে প্রাধ্যক্ষ পরিষদের আহ্বায়ক অধ্যাপক মোহাম্মাদ শরিফুল ইসলাম বলেন, প্রতিবার বরাদ্দের সময় যে টাকা আসে, সেটা আবাসিকতা পাওয়া শিক্ষার্থীদের ডাটা এন্ট্রিসহ আনুষঙ্গিক খরচের জন্য ব্যয় করা হয়। তবে শিক্ষার্থীদের তথ্য বারবার সংগ্রহ ও ডাটা এন্ট্রির প্রয়োজনীয়তাই ভবিষ্যতে কমিয়ে আনার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক ও পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তরের প্রধান অধ্যাপক হাসনাত কবির বলেন, আমরা এটা নিয়ে কাজ শুরু করেছি। শিক্ষার্থীদের একটি সেমিস্টারের ফল প্রকাশ হলেই সেই তথ্য হল প্রশাসনের কাছে চলে যাবে। শিক্ষার্থীদের ভোগান্তি কমানোর জন্য আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করছি।

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদুল ইসলাম বলেন, আবাসিকতার আবেদন ও ফি নেওয়ার বিষয়টি যদিও প্রাধ্যক্ষ পরিষদের বিষয়। তবে আমি বিষয়টি খতিয়ে দেখব। শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া ৫৫ টাকা কোন কোন খাতে ব্যয় হয়, সেটিও যাচাই করা হবে। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা