× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গবেষণায় চৌর্যবৃত্তি ঠেকাতে ইউজিসির অভিন্ন নীতিমালা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬ ১৯:১১ পিএম

খসড়া নীতিমালা চূড়ান্ত করতে রবিবার ইউজিসি ভবনে ১৮টি পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রতিনিধিদের নিয়ে অংশীজন সংলাপ অনুষ্ঠিত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

খসড়া নীতিমালা চূড়ান্ত করতে রবিবার ইউজিসি ভবনে ১৮টি পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রতিনিধিদের নিয়ে অংশীজন সংলাপ অনুষ্ঠিত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গবেষণার মান ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা নিয়ে নানা প্রশ্নের মধ্যে দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে চৌর্যবৃত্তি (প্লেজিয়ারিজম) প্রতিরোধে অভিন্ন নীতিমালা প্রণয়নের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)।

বর্তমানে বিশ্ববিদ্যালয়ভেদে চৌর্যবৃত্তি শনাক্তকরণ, অভিযোগ তদন্ত, দায় নির্ধারণ ও শাস্তির ক্ষেত্রে ভিন্ন ভিন্ন নিয়ম অনুসরণ করা হয়। ফলে এ বিষয়ে একক কোনো কাঠামো নেই।

ইউজিসির তথ্য অনুযায়ী, ২০১৯ থেকে ২০২৬ সাল পর্যন্ত গবেষণায় নৈতিকতা লঙ্ঘনসহ বিভিন্ন কারণে আন্তর্জাতিক জার্নাল থেকে বাংলাদেশি গবেষকদের সম্পৃক্ততা থাকা অন্তত ৩২৫টি গবেষণাপত্র প্রত্যাহার করা হয়েছে।

এ পরিস্থিতিতে দেশের সব পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য একটি অভিন্ন কাঠামো তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

খসড়া নীতিমালা চূড়ান্ত করতে রবিবার ইউজিসি ভবনে ১৮টি পাবলিক ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রতিনিধিদের নিয়ে অংশীজন সংলাপ অনুষ্ঠিত হয়।

এতে ইউজিসির সদস্য অধ্যাপক মো. মেহেদী হাসান খান, অধ্যাপক ড. মো. আসলাম হোসেন ও অধ্যাপক ড. নিয়াজ আহমেদ চৌধুরীসহ কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তা ও অংশীজনেরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, কয়েকটি বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে চৌর্যবৃত্তি প্রতিরোধে নীতিমালা অনুসরণ করা হলেও অনেক প্রতিষ্ঠানে এ বিষয়ে সুনির্দিষ্ট নীতিমালা নেই।

এ কারণে সব বিশ্ববিদ্যালয়ের জন্য একটি অভিন্ন ফ্রেমওয়ার্ক প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

নীতিমালাও প্রণয়ণের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলোর অ্যাকাডেমিক স্বাধীনতা বজায় থাকবে উল্লেখ করে তিনি জানান, বিশ্ববিদ্যালয়গুলো চাইলে ইউজিসির প্রস্তাবিত ফ্রেমওয়ার্ক সরাসরি অনুসরণ করতে পারবে। আবার নিজেদের প্রয়োজন, প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে এর ভিত্তিতে পৃথক নীতিমালাও প্রণয়ন করতে পারবে।

সভাপতির বক্তব্যে ইউজিসি সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব বলেন, শিক্ষা ও গবেষণায় নৈতিকতা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চৌর্যবৃত্তি গবেষণার মৌলিকত্ব ও গুণগত মান ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি দেশের উচ্চশিক্ষা ও গবেষণার আন্তর্জাতিক গ্রহণযোগ্যতাকেও ঝুঁকির মধ্যে ফেলে।

তিনি বলেন, অভিন্ন কাঠামো থাকলে গবেষণার নৈতিকতা, মৌলিকত্ব ও আন্তর্জাতিক মান নিশ্চিত করা সহজ হবে। পাশাপাশি বিশ্ববিদ্যালয় পর্যায়ে গবেষণার পরিবেশ উন্নয়নেও এটি ভূমিকা রাখবে।

ইউজিসি সূত্র জানায়, খসড়া নীতিমালা তৈরির আগে বিভিন্ন কর্মশালা ও সেমিনারে সংশ্লিষ্টদের মতামত নেওয়া হয়েছে। অংশীজন সংলাপে পাওয়া সুপারিশও খসড়ায় যুক্ত করা হবে। প্রয়োজনীয় সংশোধন ও পরিমার্জনের পর নীতিমালাটি কমিশনের পূর্ণাঙ্গ সভায় উপস্থাপন করা হবে। অনুমোদনের পর তা বাস্তবায়নের জন্য দেশের সব বিশ্ববিদ্যালয়ে পাঠানো হবে।

সংলাপে চৌর্যবৃত্তির সংজ্ঞা ও ধরন নির্ধারণ, শনাক্তকরণ, অভিযোগ, তদন্ত, দায় নির্ধারণ, শাস্তি ও আপিলের প্রক্রিয়া নিয়েও আলোচনা হয়। একই সঙ্গে গবেষণা ও অ্যাকাডেমিক কাজে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহারের ক্ষেত্রে নৈতিকতা, স্বচ্ছতা ও যথাযথ স্বীকৃতির বিষয়টি নীতিমালায় অন্তর্ভুক্ত করার পরামর্শ দেন অংশীজনেরা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা