× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেধার সঙ্গে মানবিক মূল্যবোধও জরুরি: শিক্ষার্থীদের আইজিপি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬ ১৭:৫৮ পিএম

এক শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আইজিপি মো. আলী হোসেন ফকির।

এক শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আইজিপি মো. আলী হোসেন ফকির।

সততা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ ধারণ করে নিজেদের গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

তিনি বলেছেন, মেধা মানুষকে এগিয়ে নেয়, কিন্তু সততা, মানবিকতা ও নৈতিক মূল্যবোধ মানুষকে সত্যিকারের মহান করে তোলে।

ঢাকার রাজারবাগ পুলিশ লাইনসে বাংলাদেশ পুলিশ অডিটরিয়ামে শনিবার সকালে ২০২৪ ও ২০২৫ সালে এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া পুলিশ সদস্যদের সন্তানদের মধ্যে বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের অর্থায়নে এ মেধাবৃত্তি দেওয়া হয়।

আইজিপি বলেন, শিক্ষার্থীদের দেওয়া এ সম্মাননা শুধু একটি পুরস্কার নয়; এটি তাদের মেধা ও পরিশ্রমের স্বীকৃতি, ভবিষ্যতের প্রতি বিশ্বাস এবং সম্ভাবনার প্রতি আস্থার প্রতীক। তাই ভালো শিক্ষার্থী হওয়ার পাশাপাশি ভালো মানুষ হিসেবেও নিজেদের গড়ে তুলতে হবে।

এ জন্য জ্ঞান অর্জনের সঙ্গে বিনয়, সহমর্মিতা, দায়িত্ববোধ, শৃঙ্খলা ও দেশপ্রেমে উজ্জীবিত হওয়ার পরামর্শ দেন তিনি।

মাদক থেকে শিক্ষার্থীদের দূরে থাকার আহ্বান জানিয়ে মো. আলী হোসেন ফকির বলেন, “সাময়িক কৌতূহল বা কোনো প্ররোচনায় মাদকের ভয়াল থাবা যেন তোমাদেরকে স্পর্শ করতে না পারে সেজন্য সবসময় সজাগ থাকতে হবে। মনে রাখতে হবে, মাদক একটি মরণফাঁদ। একই সাথে মোবাইল, সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইন্টারনেট গেমে অতিরিক্ত আসক্তি, অন্যান্য নেশাজাত দ্রব্যের আসক্তির মতোই ক্ষতিকর।”

প্রযুক্তির সঠিক ব্যবহারের ওপর গুরুত্ব দিয়ে তিনি শিক্ষার্থীদের বলেন, “প্রযুক্তিকে তোমরা ব্যবহার করবে, প্রযুক্তি যেন তোমাদের ব্যবহার করতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকবে। দেশের নাগরিক হিসেবে দেশের আইন মেনে চলবে ও অন্যদের আইন মেনে চলতে উৎসাহিত করবে।”

অনুষ্ঠানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ ও এআইজি মো. ইসমাইল হোসেন বক্তব্য দেন। অতিরিক্ত আইজি (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

২০২৪ সালের এসএসসি ও এইচএসসিতে যথাক্রমে ৮০১ ও ২৭২ জন এবং ২০২৫ সালে ৮৪৫ ও ১৯৫ জন জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থী মেধাবৃত্তি পেয়েছে। দুই বছরে মোট ২ হাজার ১১৩ জন শিক্ষার্থী এ বৃত্তির আওতায় এসেছে।

এর মধ্যে ঢাকায় আনুষ্ঠানিকভাবে ৩৬০ জনকে বৃত্তি দেওয়া হয়। অন্যদের সংশ্লিষ্ট জেলা পুলিশ সুপারের কার্যালয়ের মাধ্যমে বৃত্তি দেওয়া হবে।

সভাপতির বক্তব্যে অতিরিক্ত আইজি এ কে এম আওলাদ হোসেন শিক্ষার্থীদের জীবনের প্রতিটি ক্ষেত্রে মেধার স্বাক্ষর রাখার পাশাপাশি দেশ ও জনগণের কল্যাণে কাজ করার আহ্বান জানান। 

মানসিক ও শারীরিক বিকাশের জন্য নিয়মিত শরীরচর্চা ও খেলাধুলার অভ্যাস গড়ে তোলারও পরামর্শ দেন তিনি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা