জাককানইবি প্রতিবেদক
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৪০ পিএম
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষে লাবিব নামে এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহত লাবিব থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের ১৯তম আবর্তনের শিক্ষার্থী। জানা যায়, সে শাখা ছাত্রদলের সদস্য সচিব মামুন সরকারের কর্মী।
প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে টিএসসির সামনে আহ্বায়ক হাবিব আহমেদের কর্মীদের সাথে সদস্য সচিব মামুন সরকারের কর্মী রাশেদুল হাসান রাতুলের কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তারা অগ্নিবীণা হলের সামনে জড়ো হলে ধাওয়া-পাল্টাধাওয়ার সূত্রপাত ঘটে। এ সময় ছাত্রদলের কর্মীদের দেশীয় অস্ত্র হাতে অগ্নিবীণা ও বিদ্রোহী হলের মধ্যখানে অবস্থান নিতে দেখা যায়। মধ্যরাতে দেশীয় অস্ত্রসহ এক পক্ষ অগ্নিবীণা হল থেকে বিদ্রোহী হলে ধাওয়া দিলে প্রক্টরিয়াল টিম পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হলের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে। এই সময় কয়েকজন পুলিশ সদস্যদের হলের সামনে সতর্ক অবস্থান নিতে দেখা যায়।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য সচিব মামুন সরকার বলেন, আমি ঘটনার শুরুতে ক্যাম্পাসে ছিলাম না, আমি আসার পর পরিস্থিতি শান্ত করার চেষ্টা করি। এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক আছে।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক হাবিব আহমেদ জানান, নিষিদ্ধ ছাত্রলীগের যারা নৈরাজ্য তৈরি করছে তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান। নিষিদ্ধ ছাত্রলীগ যেন কোনো অবস্থায়ই অনুপ্রবেশ করে নৈরাজ্য তৈরি করতে না পারে সে বিষয়ে আমরা কার্যকর ভূমিকা পালন করব।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান বলেন, ক্যাম্পাসে ঝামেলা হয়েছিল। তবে আমরা আসার পর এখন পরিস্থিতি শান্ত আছে।