আব্দুল্লাহ, কুবি
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৬ ২১:৪৫ পিএম
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মোট ২৫টি গাড়ির মধ্যে ২৩টির-ই বিআরটিএ ফিটনেসের মেয়াদ শেষ হলেও সেগুলো চলাচল করছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) মোট ২৫টি গাড়ির মধ্যে ২৩টির-ই বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ফিটনেসের মেয়াদ শেষ হলেও সেগুলো চলাচল করছে। অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের মোট গাড়ির ৯২ শতাংশই ফিটনেসের মেয়াদোত্তীর্ণ। এর মধ্যে শিক্ষার্থীদের পরিবহনে ব্যবহৃত ১২টি নীল বাসও রয়েছে।
ফিটনেস মেয়াদোত্তীর্ণ অবস্থায় এসব গাড়ি চলাচল করায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থাপনা ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।
জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ১১-০১০০ নম্বর গাড়ির ফিটনেসের মেয়াদ শেষ হয়েছে ২ নভেম্বর ২০২৫। ৭১-০০৮৭ নম্বর গাড়ির মেয়াদ শেষ হয়েছে ২ জানুয়ারি ২০২৬। ১১-০০০৩, ৭১-০০৫৯, ১১-০০১৪, ১১-০০০৫ ও ১১-০০১১ (এসি বাস) নম্বর গাড়ির ২৭ মে ২০২৬। ১১-০০৩১, ১১-০০২০, ১৪-২৯৫৮, ১৪-২৯৫৯, ১৪-২৯৬০, ১৪-২৯৬১, ১১-০০০৬ ও ১১-০০১১ (শিক্ষার্থী) নম্বর গাড়ির ২৮ মে ২০২৬। ১১-০০৩২ নম্বর গাড়ির ২ জুন। ১১-০১৪০ নম্বর গাড়ির ২৪ জুন। ১১-০০৩৩ ও ১১-০০০৮ নম্বর ৩০ জুন ২০২৬। ১১-০০০৪, ৫১-০০৪৫, ও ১১-০১২৩ নম্বর গাড়ির ১০ জুলাই ২০২৬ এবং ৫১-০০৬২ গাড়ির শেষ হয়েছে ৯ জুলাই ২০২৬।
বিশ্ববিদ্যালয়ের গাড়ির তথ্য অনুযায়ী, ফিটনেসের মেয়াদ শেষ হওয়া ২৩টি গাড়ির মধ্যে ১২টি শিক্ষার্থীদের পরিবহনে ব্যবহৃত বাস। বাকি ১১টি গাড়ি শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও প্রশাসনিকসহ বিভিন্ন কাজে ব্যবহৃত হয়।
শিক্ষার্থীদের অভিযোগ, এসব বাসে অনেক সময় ধারণক্ষমতার তুলনায় বেশি শিক্ষার্থী পরিবহন করা হয়। এতে বাসের ভেতরে অতিরিক্ত চাপ তৈরি হয় এবং দুর্ঘটনার ক্ষেত্রে বড় ধরনের নিরাপত্তাঝুঁকি তৈরি হতে পারে।
ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী মো. শাহনেওয়াজ বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করা বিশ্ববিদ্যালয় প্রশাসনের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব।
এ বিষয়ে কুমিল্লা বিআরটিএর সহকারী রাজস্ব কর্মকর্তা লিটন কুমার দে বলেন, ফিটনেসের মেয়াদ চলে গেলে তা নবায়ন না করে গাড়ি চালানো আইনগতভাবে অবৈধ। পরে ফিটনেস করতে হলে জরিমানা দিয়ে ফিটনেস নিশ্চিত করতে হবে।
কুবি পরিবহন পুলের সহকারী রেজিস্ট্রার মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, প্রতিটি গাড়ির ফিটনেস ভিন্ন ভিন্ন সময়ে শেষ হয় এবং আগে করা যায় না। মূলত বিভিন্ন জটিলতা ও লোকসংকটের কারণে যেগুলোর মেয়াদ শেষ হয়েছে, সেগুলোর কাজ করতে পারিনি।
পরিবহন ব্যবস্থাপনা কমিটির আহ্বায়ক সহযোগী অধ্যাপক মোহাম্মদ মাকসুদুল করিম বলেন, ফিটনেসের বিষয়ে আমাদের কাছে যথাযথ তথ্য আসেনি। আমরা সিদ্ধান্ত নিয়েছি, এখন থেকে ট্যাক্স টোকেন, মেয়াদোত্তীর্ণসহ এসব বিষয় আরও সতর্কতার সঙ্গে মেইনটেইন ও মনিটর করা হবে।