সিইউবি স্পোর্টস ক্লাব আয়োজিত ‘সিইউবি ইনডোর স্পোর্টস কার্নিভাল ২০২৬’-এর পুরস্কার বিতরণ ও ‘সিইউবি ইন্টার ডিপার্টমেন্ট ফুটবল লিগ ২০২৬’-এর জার্সি উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের (সিইউবি) স্পোর্টস ক্লাব আয়োজিত ‘সিইউবি ইনডোর স্পোর্টস কার্নিভাল ২০২৬’-এর পুরস্কার বিতরণ ও ‘সিইউবি ইন্টার ডিপার্টমেন্ট ফুটবল লিগ ২০২৬’-এর জার্সি উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের সিটি ক্যাম্পাসের শারাফাত চৌধুরী মাল্টিপারপাস হলে মঙ্গলবার বিকাল ৪টায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের ভারপ্রাপ্ত চেয়ারম্যান চৌধুরী জাফরউল্লাহ শারাফাত।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রোক্টর ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান মো. হাসানুজ্জামান, স্কুল অব বিজনেসের সহকারী অধ্যাপক ও ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান বেনজীর রহমানসহ শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সিইউবি ইনডোর স্পোর্টস কার্নিভাল ২০২৬-এ বিভিন্ন ইনডোর ক্রীড়া প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেন।
প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের দক্ষতা, শৃঙ্খলা, দলগত কাজ ও প্রতিযোগিতামূলক মনোভাবের প্রকাশ ঘটে।
অনুষ্ঠানে বিভিন্ন ইভেন্টের চ্যাম্পিয়ন ও রানার্সআপদের হাতে ট্রফি তুলে দেওয়া হয়।
অতিথিরা বিজয়ীদের অভিনন্দন জানান এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ক্রীড়াসুলভ মনোভাবের প্রশংসা করেন।
বক্তারা বলেন, ক্রীড়াচর্চা শিক্ষার্থীদের শারীরিক সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি শৃঙ্খলা, নেতৃত্ব, দায়িত্ববোধ, দলগত কাজ ও আত্মবিশ্বাস গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এদিকে অনুষ্ঠানে আসন্ন আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের জার্সি উন্মোচন করা হয়। জার্সি উন্মোচনকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।
আন্তঃবিভাগ ফুটবল লিগের মাধ্যমে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সম্প্রীতি, দলগত চেতনা ও সুস্থ প্রতিযোগিতার পরিবেশ আরও জোরদার হবে বলে আয়োজকেরা আশা করছেন।
বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস ক্লাব জানিয়েছে, শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিভা বিকাশের পাশাপাশি নেতৃত্ব, শৃঙ্খলা ও সাংগঠনিক দক্ষতা বাড়াতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।