× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আগুনের ঝুঁকিতে অরক্ষিত ঢাবি

মাহরিব বিন মহসিন, ঢাবি

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬ ১২:২৩ পিএম

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হল, একাডেমিক ও প্রশাসনিক ভবন, শিক্ষক-কর্মচারী কোয়ার্টারসহ দুই শতাধিক ভবনের প্রায় ৬০ শতাংশে প্রয়োজনের তুলনায় অগ্নিনির্বাপক ব্যবস্থা অপর্যাপ্ত বলে অভিযোগ উঠেছে। কিছু ভবনে অগ্নিনির্বাপক যন্ত্রের মেয়াদ শেষ হয়ে গেছে, কোথাও প্রয়োজনীয় সংখ্যক যন্ত্র নেই। অধিকাংশ আবাসিক হলে জরুরি বহির্গমন পথ বা ফায়ার এক্সিটও অপর্যাপ্ত। ফলে অগ্নিকাণ্ডের মতো জরুরি পরিস্থিতিতে হাজারো শিক্ষার্থীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

ঢাবিতে মোট শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৪০ হাজার। এর মধ্যে ছাত্রদের জন্য ১৩টি আবাসিক হলে প্রায় ১৩ হাজার এবং ছাত্রীদের পাঁচটি হলে প্রায় ৫ হাজার আসন রয়েছে। ঘনবসতিপূর্ণ এসব আবাসিক ভবনে রান্নায় গ্যাস সিলিন্ডার ও বৈদ্যুতিক হিটার ব্যবহার, বৈদ্যুতিক লাইনের ওপর অতিরিক্ত চাপ এবং পুরনো ভবনের কাঠামোগত দুর্বলতা অগ্নিঝুঁকি বাড়াচ্ছে। পর্যাপ্ত অগ্নিনির্বাপক ব্যবস্থা না থাকায় ছোট আগুনও দ্রুত বড় দুর্ঘটনায় রূপ নিতে পারে।

বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল ও ভবনের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করে দেখা গেছে, প্রায় ৬০ শতাংশ ভবনে প্রয়োজনের তুলনায় অগ্নিনির্বাপক ব্যবস্থা অপর্যাপ্ত। কোনো কোনো ভবনে অগ্নিনির্বাপক যন্ত্র নেই, আবার কোথাও যন্ত্র থাকলেও সংখ্যা প্রয়োজনের তুলনায় কম। কিছু ভবনের যন্ত্রের মেয়াদও শেষ হয়ে গেছে।

সরেজমিন সলিমুল্লাহ মুসলিম হল, কবি জসীমউদ্‌দীন হল, মাস্টারদা সূর্যসেন হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, হাজী মুহম্মদ মুহসীন হল ও স্যার এএফ রহমান হলে পর্যাপ্ত অগ্নিনির্বাপক ব্যবস্থা দেখা যায়নি। বিজয় একাত্তর হলের কয়েকটি ফ্লোরে অগ্নিনির্বাপক যন্ত্র থাকলেও সেগুলোর কিছু দীর্ঘদিন আগেই মেয়াদোত্তীর্ণ হয়েছে। কলা ভবনেও ভবনের ধারণক্ষমতা ও ব্যবহারকারীর সংখ্যার তুলনায় অগ্নিনির্বাপক ব্যবস্থা অপ্রতুল। এ ছাড়া কয়েকটি হলে অগ্নিনির্বাপক যন্ত্র থাকলেও সেগুলোর গায়ে মেয়াদোত্তীর্ণের তারিখ স্পষ্টভাবে লেখা নেই। ফলে জরুরি মুহূর্তে যন্ত্রগুলো কার্যকর থাকবে কি না, তা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে সংশয় রয়েছে।

বিজয় একাত্তর হলের আবাসিক শিক্ষার্থী নাইমুর রহমান বলেন, হলের মতো জায়গায় প্রতিদিন হাজার শিক্ষার্থী একসঙ্গে থাকি। অথচ কোথাও অগ্নিনির্বাপক যন্ত্র নেই, আবার থাকলেও সেগুলো মেয়াদোত্তীর্ণ। আগুন লাগার পর ব্যবস্থা নেওয়ার চেয়ে আগে থেকেই নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। 

তিনি বলেন, আমরা চাই, বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত প্রতিটি হল ও ভবনের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করে প্রয়োজনীয় সরঞ্জাম স্থাপন, রক্ষণাবেক্ষণ ও নিয়মিত মহড়ার ব্যবস্থা করুক।

শুধু অগ্নিনির্বাপক যন্ত্রের ঘাটতিই নয়, অধিকাংশ আবাসিক হলে জরুরি বহির্গমন পথ বা ফায়ার এক্সিটের ব্যবস্থাও অপর্যাপ্ত। সরেজমিন দেখা গেছে, অগ্নিকাণ্ডের মতো জরুরি পরিস্থিতিতে শিক্ষার্থীদের দ্রুত ও নিরাপদে বের হওয়ার জন্য অনেক হলে আলাদা ফায়ার এক্সিট নেই। ফলে আগুন লাগলে ধোঁয়া ও আতঙ্কের মধ্যে সাধারণ সিঁড়ি ব্যবহার করেই বিপুলসংখ্যক শিক্ষার্থীকে বের হতে হবে। বিশেষ করে রাতে অগ্নিকাণ্ড ঘটলে পরিস্থিতি আরও জটিল হওয়ার আশঙ্কা রয়েছে। আবাসিক হলের কক্ষ ও করিডোরে একসঙ্গে বিপুলসংখ্যক শিক্ষার্থী অবস্থান করায় একটি বা সীমিত সংখ্যক সিঁড়ি ও প্রবেশপথের ওপর নির্ভরশীলতা পদদলনসহ নানা দুর্ঘটনার ঝুঁকি তৈরি করতে পারে।

আবাসিক হলের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক ভবন, শিক্ষক-কর্মচারী কোয়ার্টার এবং টিএসসিতেও অগ্নিনিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত নয় বলে অভিযোগ রয়েছে। এসব ভবনের অনেকটিতে অগ্নিনির্বাপক যন্ত্রের সংখ্যা ভবনের আয়তন ও ব্যবহারকারীর তুলনায় কম। কোথাও যন্ত্র থাকলেও সেগুলোর নিয়মিত রক্ষণাবেক্ষণ ও কার্যকারিতা পরীক্ষা করা হয় না বলে অভিযোগ সংশ্লিষ্টদের।

বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী কাজী মো. আক্রাম হোসেন বলেন, হলগুলোর আবেদনের পরিপ্রেক্ষিতে সাধারণত প্রকৌশল অফিস থেকে অগ্নিনির্বাপক যন্ত্র রিফিল করে দেওয়া হয়। যেসব হলে অগ্নিনির্বাপক ব্যবস্থা অপ্রতুল, সেটা সংশ্লিষ্ট হল কর্তৃপক্ষের বিবেচনায় নেওয়া উচিত।

সলিমুল্লাহ মুসলিম হলের প্রাধ্যক্ষ ড. মো. আব্দুস সালাম বলেন, আমার হলে এমনিতেও শিক্ষার্থী কম। তা ছাড়া আমরা এসব ব্যাপারে সতর্ক আছি।

হলে পর্যাপ্ত অগ্নিনির্বাপক যন্ত্র স্থাপন করা হবে কি না জানতে চাইলে তিনি বলেন, আমি দেখি, বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে এটা নিয়ে কথা বলব।

কলা অনুষদের ভারপ্রাপ্ত ডিন ড. মো. আবুল কালাম সরকার বলেন, আমাদের ক্লাসরুম থেকে শুরু করে অনেক কিছুই অপর্যাপ্ত। তারপরও আমরা শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টিকে সবসময় প্রাধান্য দিয়ে আসছি। এজন্য সীমাবদ্ধতার মধ্যেও যতটুকু পারা যায়, অগ্নিনির্বাপকের ব্যবস্থা করছি।

সার্বিক বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম বলেন, বিষয়টি আমার জানা ছিল না। আমি সংশ্লিষ্ট দপ্তরকে এ বিষয়ে খোঁজ নিয়ে যথাযথ পদক্ষেপ নিতে বলে দেব। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা