বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রদলের সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম তারিক ঢাবিতে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) পরিচ্ছন্নতা অভিযান, ফলজ বৃক্ষরোপণ, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট ও মশা প্রতিরোধক ওডোমস বিতরণ করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট প্রাঙ্গণে মঙ্গলবার পৌনে ১২টায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রদলের সাবেক নির্বাচিত সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম তারিক এ কর্মসূচির আয়োজন করেন।
কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মাহবুবা সুলতানা। বিশেষ অতিথি ছিলেন ইনস্টিটিউটের ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. শেখ তৌহিদুল ইসলাম।
এ ছাড়া অধ্যাপক ড. নুরুল ইসলাম, অধ্যাপক ড. রবিউল ইসলাম ও অধ্যাপক ড. হাফিজ উদ্দিনসহ ইনস্টিটিউটের শিক্ষক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন হল শাখা ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
কর্মসূচির শুরুতে ইনস্টিটিউট প্রাঙ্গণে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। পরে ক্যাম্পাসে ফলজ বৃক্ষরোপণ করা হয়। একই সঙ্গে শিক্ষার্থী ও সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে সচেতনতামূলক লিফলেট এবং মশা প্রতিরোধক ওডোমস বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মাহবুবা সুলতানা বলেন, “বিশ্ববিদ্যালয় শুধু জ্ঞানচর্চার কেন্দ্র নয়, এটি সামাজিক দায়িত্ববোধ গড়ে তোলারও গুরুত্বপূর্ণ জায়গা। শিক্ষার্থীরা যখন সমাজের বাস্তব সমস্যা নিয়ে কাজ করে, তখন তারা নিজেদের পাশাপাশি পুরো সমাজের জন্য ইতিবাচক পরিবর্তনের পথ তৈরি করে।”
তিনি বলেন, “বর্তমানে ডেঙ্গু দেশের অন্যতম জনস্বাস্থ্য সমস্যা। এটি প্রতিরোধে শুধু সরকারের উদ্যোগ যথেষ্ট নয়; ব্যক্তি, পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানের সম্মিলিত সচেতনতা প্রয়োজন। একইভাবে পরিবেশ রক্ষা ও পরিচ্ছন্নতা বজায় রাখার সংস্কৃতি গড়ে তুলতে তরুণদের এগিয়ে আসতে হবে।”
বিশেষ অতিথি অধ্যাপক ড. শেখ তৌহিদুল ইসলাম বলেন, “সামাজিক দায়বদ্ধতামূলক কর্মকাণ্ড শিক্ষার্থীদের মানবিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়তা করে। ডেঙ্গু প্রতিরোধ, পরিবেশ সংরক্ষণ ও পরিচ্ছন্নতা, তিনটি বিষয়ই বর্তমানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ছাত্রনেতাদের এ ধরনের কর্মকাণ্ডে অংশগ্রহণ প্রশংসার দাবি রাখে।”
আয়োজক মো. তরিকুল ইসলাম তারিক বলেন, “বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এমন একটি কর্মসূচি আয়োজন করতে চেয়েছেন, যার মাধ্যমে সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দেওয়া যায়। রাজনীতি কেবল সভা-সমাবেশ বা বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ নয়; মানুষের কল্যাণে কাজ করার মধ্যেও রাজনীতির প্রকৃত সৌন্দর্য রয়েছে।”
তিনি আরও বলেন, “পরিচ্ছন্ন পরিবেশ, সবুজায়ন ও ডেঙ্গু প্রতিরোধ এখন জাতীয় প্রয়োজন। তরুণ প্রজন্মকে এসব কর্মকাণ্ডে সম্পৃক্ত করা গেলে সমাজ আরও সচেতন ও দায়িত্বশীল হবে”।
শিক্ষার্থী ও সাধারণ মানুষের পাশে থেকে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মসূচি অব্যাহত রাখার কথা জানান তিনি।