ববি প্রতিবেদক
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬ ১৯:২৫ পিএম
ববিতে কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. হাফিজ আশরাফুল হকের পদত্যাগ দাবিতে অনশনে বসেছেন বিভাগের শতাধিক শিক্ষার্থী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) কোস্টাল স্টাডিজ অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. হাফিজ আশরাফুল হকের পদত্যাগ দাবিতে অনশনে বসেছেন বিভাগের শতাধিক শিক্ষার্থী। তীব্র সেশনজটসহ কয়েকটি দাবিতে চেয়ারম্যানকে অবাঞ্ছিত ঘোষণা করে আন্দোলনে নেমেছেন তারা।
সোমবার সকাল ৯টার দিকে শিক্ষার্থীরা প্রথমে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান নেন। পরে দুপুর ১২টার দিকে তারা গণঅনশনে বসেন। শিক্ষার্থীদের আন্দোলন ও গণঅনশনকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ের সামনে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি বিরাজ করছে।
এর আগে রবিবার বিভাগের অফিস ও চেয়ারম্যানের কক্ষে তালা দিয়ে উপাচার্যের দপ্তরের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে সেদিনের মতো আন্দোলন স্থগিত করেন তারা।
আন্দোলনরত শিক্ষার্থী সজিব বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা উপাচার্যের কার্যালয়ের সামনে অবস্থান করবেন।
অপর শিক্ষার্থী তামিম রহমান আশিক বলেন, সকাল ৯টা থেকে তারা অবস্থান করছেন এবং দুপুর ১২টা থেকে গণঅনশনে বসেছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি।
আন্দোলনে সংহতি জানিয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মোশাররফ হোসেন বলেন, শিক্ষার্থীদের ন্যায্য দাবির সঙ্গে তারা একাত্ম। অন্যান্য বিভাগ সেশনজট নিরসন করতে পারলে কোস্টাল স্টাডিজ বিভাগ কেন পারবে নাÑ এ প্রশ্ন তুলে তিনি চেয়ারম্যানের পদত্যাগের দাবি জানান।
তবে শিক্ষার্থীদের অভিযোগের বিষয়ে বিভাগীয় চেয়ারম্যান সহযোগী অধ্যাপক ড. হাফিজ আশরাফুল হক বলেন, মূলত শ্রেণিকক্ষ ও শিক্ষক সংকটের কারণেই বিভাগে সেশনজটসহ বিভিন্ন জটিলতার সৃষ্টি হয়েছে। তিনি শিক্ষার্থীদের চরম কোনো পদক্ষেপ না নেওয়ার আহ্বান জানান।