বাংলাদেশ ইউনিভার্সিটিতে (বিইউ) পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বাংলাদেশ ইউনিভার্সিটিতে (বিইউ) পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন, কর্ম, আদর্শ ও মানবতার প্রতি তার অবদানের বিভিন্ন দিক তুলে ধরে তার আদর্শ অনুসরণের মাধ্যমে মানবিক, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ গঠনের আহ্বান জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে সোমবার আয়োজিত অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করা হয়।
পরে মহানবী (সা.)-এর জীবনাদর্শ, মানবিক মূল্যবোধ ও সমাজ গঠনে তার শিক্ষার গুরুত্ব নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ইউনিভার্সিটির রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুল হক (অব.)।
এ সময় উপস্থিত ছিলেন সোসিওলজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. এম. এম. এনামুল আজিজ, গণিত বিভাগের চেয়ারম্যান ড. উম্মে কুলসুম সুমা এবং আর্কিটেকচার বিভাগের চেয়ারম্যান স্থপতি শেখ ইতমাম সৌদ।
আলোচনায় অংশ নেন বিশ্ববিদ্যালয়ের বিজনেস ও ইকোনমিক্স অনুষদের ডিন প্রফেসর ড. মো. তাজুল ইসলাম, ফার্মেসি বিভাগের চেয়ারম্যান প্রফেসর আবুল কালাম আজাদ এবং সিএসই বিভাগের চেয়ারম্যান প্রফেসর মো. সাদিক ইকবাল। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন আইন বিভাগের শিক্ষার্থী ইমাম হাসান জুয়েল ও সোসিওলজি বিভাগের শিক্ষার্থী রিফাত হাওলাদার।
প্রফেসর আবুল কালাম আজাদ বলেন, “মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও আদর্শ মানুষের জীবনের প্রতিটি পরিস্থিতিতে অনুপ্রেরণার উৎস। মহান আল্লাহ মানুষকে স্বাধীনভাবে চিন্তা করার সক্ষমতা দিয়েছেন। এ সক্ষমতাকে কাজে লাগিয়ে মহানবী (সা.)-এর শিক্ষা ও আদর্শ অনুধাবন করে তা দৈনন্দিন জীবনে অনুসরণ করা উচিত।”
তিনি বলেন, “মহানবী (সা.) মানবজাতির জন্য পবিত্র কোরআনের বাণী নিয়ে এসেছেন। কোরআনে জ্ঞান-বিজ্ঞান, প্রযুক্তি, ব্যবসা-বাণিজ্যসহ মানবজীবন পরিচালনার প্রয়োজনীয় দিকনির্দেশনা রয়েছে। কোরআনের শিক্ষা বাস্তব জীবনে প্রয়োগ করা হলে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রজীবনে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।”
প্রফেসর ড. মো. তাজুল ইসলাম বলেন, “ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) মহানবীর আদর্শ, মানবিক মূল্যবোধ ও জীবনদর্শন স্মরণ করার গুরুত্বপূর্ণ একটি উপলক্ষ। তার সততা, ন্যায়পরায়ণতা, বিনয় ও উত্তম চরিত্র অনুসরণ করে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব।”
প্রধান অতিথির বক্তব্যে ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুল হক (অব.) বলেন, “মহানবীর জীবন থেকে ধৈর্য, মানবিকতা, সহমর্মিতা ও উত্তম চরিত্রের শিক্ষা পাওয়া যায়। নিজের লক্ষ্য ও আদর্শের প্রতি দৃঢ় অঙ্গীকারের পাশাপাশি মহান আল্লাহর সঙ্গে গভীর সম্পর্ক বজায় রাখা এবং অন্যদের প্রতি সদয়, সম্মানজনক ও সহানুভূতিশীল আচরণ করা উচিত।”
বক্তাদের ভাষ্য, মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ অনুসরণের মাধ্যমে ব্যক্তি ও সমাজজীবনে ন্যায়, মানবিকতা, সহমর্মিতা ও কল্যাণের চর্চা আরও জোরদার করা সম্ভব।
তার আদর্শ অনুসরণ করে মানবিক, ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার আহ্বান জানান তারা।
অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন মুফতি ইব্রাহিম খলিল।