শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি: ভিডিও থেকে
সবকিছু বিবেচনায় নিয়ে রমজানের পরই এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একই সঙ্গে আপাতত এইচএসসি পরীক্ষা পেছানোর কোনো কারণ নেই বলেও জানিয়েছেন তিনি।
সচিবালয়ে সোমবার চীন সফর-পরবর্তী সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী।
তিনি বলেন, “সব বিবেচনা করেই রোজার পরেই এসএসসি পরীক্ষা নেওয়া হবে। আপাতত এইচএসসি পরীক্ষা পেছানোর কোনো কারণ নেই”।
শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, “কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে এগিয়ে নিতে সরকার কাজ করছে। এ খাতের বিভিন্ন দুর্বলতা সরকারের জানা রয়েছে। প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক নিয়োগ ও অন্যান্য সমস্যা সমাধানেও উদ্যোগ নেওয়া হচ্ছে”।
জনসংখ্যাকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করাই সরকারের অন্যতম লক্ষ্য বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন বলেন, “চীনের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার সফল দিকগুলো বাংলাদেশের বাস্তবতায় কাজে লাগাতে চায় সরকার। এ লক্ষ্যে পাঠ্যক্রম উন্নয়ন, শিক্ষক প্রশিক্ষণ, শিল্পপ্রতিষ্ঠান ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে অংশীদারত্ব, যৌথ গবেষণা এবং যৌথ ডিগ্রি চালুর বিষয়ে চীনের সঙ্গে কাজ করার উদ্যোগ নেওয়া হয়েছে”।
তিনি জানান, চীন সফরের মাধ্যমে কারিগরি শিক্ষায় সহযোগিতার একটি প্রাতিষ্ঠানিক ভিত্তি তৈরি হয়েছে। ‘চীন-বাংলাদেশ ভোকেশনাল টিচার ট্রেনিং’ বিষয়ে একটি সমঝোতা স্মারক বা চুক্তি স্বাক্ষর হয়েছে। এর মাধ্যমে বাংলাদেশের কারিগরি শিক্ষকদের প্রশিক্ষণে সহযোগিতা করবে চীন।
মাহদী আমিন বলেন, “চীন স্বল্প ব্যয়ে মানসম্মত কারিগরি শিক্ষা দেওয়ার পাশাপাশি শিল্প ও শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে শক্তিশালী সংযোগ গড়ে তুলেছে। এসব সফল অভিজ্ঞতা বাংলাদেশের বাস্তবতায় প্রয়োগের পথ খুঁজতেই তিন দিনের সফরে আলোচনা হয়েছে”।
সফরে চীন-বাংলাদেশ শিক্ষা নিয়ে উচ্চপর্যায়ের আলোচনা, দক্ষ জনবল উন্নয়নবিষয়ক সিম্পোজিয়াম ও শিক্ষা বিনিময় সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে চীনের প্রায় ৫০টি শীর্ষ কারিগরি ও পেশাগত শিক্ষা প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধির সঙ্গে আলোচনা হয়েছে।
এ ছাড়া শিক্ষার তৃতীয় ভাষা হিসেবে ম্যান্ডারিন বা চীনা ভাষাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। দেশে কর্মরত চীনা কোম্পানিগুলোতে দক্ষ জনবল সরবরাহ এবং বাংলাদেশের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে বিশ্বমানের করাই এর অন্যতম লক্ষ্য।