× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডিজিটাল যুগেও কুবির গবেষণা প্রিন্টেড জার্নালে

‎আব্দুল্লাহ, কুবি

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬ ২১:০৫ পিএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

‎ডিজিটাল যুগে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় যখন গবেষণাপত্র প্রকাশ ও সংরক্ষণে ই-জার্নাল ও ডিজিটাল আর্কাইভনির্ভর ব্যবস্থায় এগিয়ে যাচ্ছে, তখন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) এখনও গবেষণা প্রকাশ ও সংরক্ষণ হচ্ছে মূলত প্রিন্টেড জার্নালকেন্দ্রিক ব্যবস্থায়।

ফলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের নিজস্ব জার্নালে প্রকাশিত গবেষণাপত্র অনলাইনে সহজে খুঁজে পাওয়ার সুযোগ নেই। এতে নতুন গবেষকরা তাদের নিজস্ব ডিসিপ্লিনের পূর্ববর্তী গবেষণার সঙ্গে পরিচিত হওয়া, তথ্য-উপাত্ত সংগ্রহ এবং গবেষণার ধারাবাহিকতা বজায় রাখতে নানা সমস্যায় পড়ছেন।

‎গবেষণা একটি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক উৎকর্ষ ও জ্ঞানচর্চার অন্যতম প্রধান ভিত্তি। কিন্তু কুবির বিভিন্ন অনুষদের গবেষণা কার্যক্রম এখনও প্রিন্টেড জার্নালের মধ্যেই সীমাবদ্ধ থাকায় গবেষণাপত্রগুলো অনেকটা বিভাগীয় লাইব্রেরি বা অনুষদের আলমিরার তাকে সীমাবদ্ধ হয়ে পড়েছে। অনলাইনে গবেষণাপত্র অনুসন্ধানের সুযোগ না থাকায় নতুন গবেষকরা পূর্ববর্তী গবেষণা পর্যালোচনা ও গবেষণার তথ্যগত শূন্যতা নিরূপণের ক্ষেত্রেও সংকটে পড়ছেন।

‎‎যুগের সঙ্গে তাল মিলিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি), রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি), জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ (জবি) দেশের অনেক বিশ্ববিদ্যালয় নিজেদের গবেষণা প্রকাশ ও সংরক্ষণে ই-জার্নাল চালু করেছে। তবে প্রতিষ্ঠার দুই দশক পেরিয়ে গেলেও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এখনও এমন একটি আধুনিক ই-জার্নাল ব্যবস্থা চালু হয়নি। ফলে গবেষণার ডিজিটাল সংরক্ষণ, সহজলভ্যতা ও প্রচার নিয়ে প্রশ্ন উঠছে।

‎‎বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলছেন, নিজস্ব ই-জার্নালের অভাবে শিক্ষার্থীদের নিজেদের করা গবেষণাপত্র বা থিসিস পেপার বৃহত্তর পরিসরে প্রকাশের সুযোগ কমে যাচ্ছে। একই সঙ্গে গবেষণাকর্মের সংরক্ষণ, মূল্যায়ন ও প্রচারের ক্ষেত্রেও তৈরি হচ্ছে সীমাবদ্ধতা। এতে গবেষণাগুলোর প্রাতিষ্ঠানিক স্বীকৃতি পাওয়ার সুযোগও কমে যাচ্ছে। বহিরাগত জার্নালে গবেষণাপত্র প্রকাশ করতে দীর্ঘ সময়, অতিরিক্ত ব্যয় ও জটিল সম্পাদনা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। ফলে গবেষণার গতি মন্থর হওয়ার পাশাপাশি মূল্যবান অনেক গবেষণাপত্র অপ্রকাশিত থেকে যাওয়ার আশঙ্কাও রয়েছে।

‎‎খোঁজ নিয়ে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের প্রিন্টেড জার্নালে এখন পর্যন্ত মোট ৩১টি ভলিউম প্রকাশিত হয়েছে। এর মধ্যে ব্যবসায় শিক্ষা অনুষদ থেকে ১০টি, কলা ও মানবিক অনুষদ থেকে ১০টি, বিজ্ঞান অনুষদ থেকে ৬টি এবং সামাজিক বিজ্ঞান অনুষদ থেকে ৫টি ভলিউম প্রকাশিত হয়েছে। তবে আইন অনুষদের জার্নালে এখন পর্যন্ত কোনো ভলিউম প্রকাশিত হয়নি। অন্যদিকে প্রকৌশল অনুষদের নিজস্ব কোনো জার্নাল না থাকায় সেখান থেকেও কোনো ভলিউম প্রকাশের সুযোগ হয়নি।

‎‎অর্থনীতি বিভাগের শিক্ষার্থী ইসরাত জাহান তানহা বলেন, ‘ই-জার্নালে আমাদের শিক্ষক-শিক্ষার্থীদের করা গবেষণাপত্রের কাজগুলো সংরক্ষিত না থাকার কারণে প্রয়োজনীয় থিসিস পেপার পড়ে ধারণা নিতে পারিনি। ই-জার্নালে পূর্ববর্তী কাজগুলো সংরক্ষিত না থাকায় নতুন যারা গবেষণা করে, তারা নিজ ডিসিপ্লিনের পর্যাপ্ত গবেষণাকাজ দেখার সুযোগ পায় না। ফলে অনেক তথ্যগত শূন্যতা থেকে যায়। পূর্ববর্তী কাজগুলো ই-জার্নালে সংরক্ষণ করা হলে নতুন গবেষকরা নিজ ডিসিপ্লিনের অনেক গবেষণাকাজ দেখার সুযোগ পাবেন। এতে অনেক কিছু জানা যাবে, যা তাদের গবেষণাকে আরও সমৃদ্ধ করবে।’

‎‎বাংলা বিভাগের শিক্ষার্থী মো. শরিফ আহমেদ বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের নিজস্ব জার্নালের অভাব গবেষণার প্রকাশ ও প্রসারের ক্ষেত্রে একটি কাঠামোগত সংকট তৈরি করেছে। ফলে গবেষকদের কাজ প্রাতিষ্ঠানিক স্বীকৃতি পাওয়ার সুযোগ সীমিত হয়ে পড়ে। বহিরাগত জার্নাল প্রকাশের ক্ষেত্রে সময়ক্ষেপণ, আর্থিক ব্যয় এবং জটিল সম্পাদনা প্রক্রিয়া গবেষণার গতিকে মন্থর করে দেয়। এতে অনেক সময় মূল্যবান গবেষণাও অপ্রকাশিত থেকে যাওয়ার ঝুঁকিতে পড়ে।’

‎‎অর্থনীতি বিভাগের শিক্ষার্থী সাকিব আল আমিন বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ই-জার্নালের অভাবে স্থানীয় ও প্রাসঙ্গিক গবেষণাগুলো যথাযথভাবে প্রকাশের সুযোগ পাচ্ছে না। 

‎‎এ বিষয়ে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ রেজাউল করিম বলেন, ‘বর্তমানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে প্রিন্টেড জার্নালের তুলনায় অনলাইন জার্নাল বেশি গ্রহণযোগ্য। এ কারণে আমরা একটি ডিজিটাল অবজেক্ট আইডেন্টিফায়ার (ডিওআই) নম্বর নেওয়ার চেষ্টা করছি। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সব ডিনের সঙ্গে আলোচনা হয়েছে। প্রশাসনের মাধ্যমে একটি কেন্দ্রীয় কমিটি গঠন করে ডিওআই নম্বর গ্রহণসহ অনলাইন জার্নাল সংক্রান্ত কার্যক্রম কীভাবে এগিয়ে নেওয়া যায়, সে বিষয়ে কাজ করা হবে।’

‎বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমএম শরীফুল করীম বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয় থেকে প্রকাশিত গবেষণাপত্রগুলোর ডিওআই নম্বর নেই। যার কারণে অনলাইনে এসব গবেষণাপত্র পাওয়া যায় না। ডিওআই নম্বরের জন্য আমরা গবেষণা দপ্তরের পরিচালক এবং ডিনদের নিয়ে একটি কমিটি গঠন করেছি। আশা করি, অতি শিগগিরই আমরা ডিওআই নম্বর পেয়ে যাব। এর ফলে আমাদের বিশ্ববিদ্যালয়ের জার্নালে প্রকাশিত গবেষণাপত্রগুলো সবাই অনলাইনে পড়তে পারবে।’

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা