প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬ ২১:৪৪ পিএম
আপডেট : ২৮ আগস্ট ২০২৬ ২১:৪৫ পিএম
২০২৬-২৭ শিক্ষাবর্ষের জন্য ঢাকা, রাজশাহী, জগন্নাথ, চট্টগ্রাম ও খুলনা বিশ্ববিদ্যালয়সহ সাতটি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সম্ভাব্য সময়সূচি প্রকাশ করেছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
২০২৬-২৭ শিক্ষাবর্ষে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিচ্ছেন দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীরা। ইতোমধ্যে ঢাকা, রাজশাহী, জগন্নাথ, চট্টগ্রাম ও খুলনা বিশ্ববিদ্যালয়সহ সাতটি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সম্ভাব্য সময়সূচি প্রকাশ করেছে।
এসব বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) ও মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) পরীক্ষা হবে চলতি বছরের ডিসেম্বরে। রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি), জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) পরীক্ষা হবে ২০২৭ সালের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে।
ঢাবির ভর্তি পরীক্ষা শুরু হবে ৫ ডিসেম্বর আইবিএ ইউনিটের পরীক্ষার মধ্য দিয়ে। এরপর ১২ ডিসেম্বর ‘এ’, ১৯ ডিসেম্বর ‘বি’, ২২ ডিসেম্বর চারুকলা ও ২৬ ডিসেম্বর ‘সি’ ইউনিটের পরীক্ষা হবে। অনলাইনে আবেদন করা যাবে ১১ থেকে ২৫ নভেম্বর।
রাবিতে পরীক্ষা শুরু ৮ জানুয়ারি ‘বি’ ইউনিটের মাধ্যমে। ৯ জানুয়ারি ‘সি’ ও ১৬ জানুয়ারি ‘এ’ ইউনিটের পরীক্ষা হবে। প্রাথমিক আবেদন চলবে ১২ থেকে ২৭ নভেম্বর।
জবির ভর্তি পরীক্ষা শুরু হবে ২০২৭ সালের ১ জানুয়ারি। ওই দিন ‘এ’ ইউনিটের পরীক্ষা হবে। এরপর ৮ জানুয়ারি ‘ই’, ১৫ জানুয়ারি ‘বি’, ২২ জানুয়ারি ‘সি’ ও ২৩ জানুয়ারি ‘ডি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। আবেদন শুরু ১৫ নভেম্বর দুপুর ১২টায়; চলবে ১০ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
চবিতে ভর্তি পরীক্ষা শুরু ২৯ জানুয়ারি ‘সি’ ইউনিট দিয়ে। ৩০ জানুয়ারি ‘এ’, ৩ ফেব্রুয়ারি ‘বি১’, ৪ ফেব্রুয়ারি ‘বি২’, ৫ ফেব্রুয়ারি ‘বি’, ৬ ফেব্রুয়ারি ‘ডি’ ও ৮ ফেব্রুয়ারি ‘ডি১’ উপ-ইউনিটের পরীক্ষা হবে। অনলাইনে আবেদন করা যাবে ১৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর। ‘বি১’, ‘বি২’ ও ‘ডি১’ পরীক্ষা হবে চবি ক্যাম্পাসে। অন্য ইউনিটগুলোর পরীক্ষা চবি ছাড়াও রাজশাহী ও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হবে।
খুবির ভর্তি পরীক্ষা ১৭ ও ১৮ ডিসেম্বর। ১৭ ডিসেম্বর ‘সি’ ও ‘ডি’ এবং ১৮ ডিসেম্বর ‘এ’ ও ‘বি’ ইউনিটের পরীক্ষা হবে।
কুয়েটের ভর্তি পরীক্ষা হবে ৮ জানুয়ারি। খুলনা, ঢাকা ও রাজশাহী, এই তিন বিভাগীয় শহরে একযোগে পরীক্ষা নেওয়া হবে।
আর এমআইএসটির পরীক্ষা ১৮ ও ১৯ ডিসেম্বর। ১৮ ডিসেম্বর ‘সি’ এবং ১৯ ডিসেম্বর ‘এ’ ও ‘বি’ ইউনিটের পরীক্ষা হবে। পরীক্ষার্থীদের সুবিধার্থে ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ, সাত বিভাগীয় শহরে পরীক্ষা নেওয়া হবে।
তবে চূড়ান্ত ভর্তি বিজ্ঞপ্তিতে নিশ্চিত না হওয়া সূচিতে পরিবর্তন আসতে পারে। তাই শিক্ষার্থীদের সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত ভর্তি বিজ্ঞপ্তি ও অফিসিয়াল নোটিশ নিয়মিত অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।