প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬ ২০:৫১ পিএম
আপডেট : ২৭ আগস্ট ২০২৬ ২১:০৪ পিএম
প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার নিজ হাতে ফাতেমা খানমের হাতে অনুদানের অর্থ তুলে দেন। ছবি: পিএমও
অর্থসংকটে থমকে যেতে বসেছিল মেধাবী শিক্ষার্থী ফাতেমা খানমের চীনে উচ্চশিক্ষার স্বপ্ন। নাটোরের বাগাতিপাড়া উপজেলার তমালতলা কাকফো গ্রামের কৃতি সন্তান ফাতেমা চীনের একটি স্বনামধন্য মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেলেও প্রয়োজনীয় অর্থ জোগাড় করতে না পারায় অনিশ্চয়তার মধ্যে পড়েছিলেন। শেষ পর্যন্ত মানবিক সহায়তায় তার সেই স্বপ্ন পূরণের পথ সুগম হয়েছে।
চীনের চায়না মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সুযোগ পান ফাতেমা খানম। তবে ভর্তি ফি ও আনুষঙ্গিক খরচের অর্থ জোগাড় করতে না পারায় তার উচ্চশিক্ষা অনিশ্চিত হয়ে পড়ে। বিষয়টি স্থানীয়ভাবে জানাজানি হলে তা সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুলের নজরে আসে।
ফাতেমার পাশে দাঁড়িয়ে প্রথমে ব্যক্তিগতভাবে ১ লাখ ৫০ হাজার টাকা সহায়তা করেন প্রতিমন্ত্রী। পাশাপাশি প্রধানমন্ত্রীর কাছে সুপারিশ করে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আরও ৫ লাখ টাকা অনুদানের ব্যবস্থা করেন তিনি।
প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার নিজ হাতে ফাতেমা খানমের হাতে অনুদানের অর্থ তুলে দেন। এই আর্থিক সহায়তার ফলে চায়না মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে তার ভর্তি নিশ্চিত হয়েছে বলে জানা গেছে।
সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেন, “আমাদের এলাকার কোনো মেধাবী শিক্ষার্থী যেন অর্থাভাবে ঝরে না পড়ে, সেটিই আমাদের লক্ষ্য। ফাতেমা অত্যন্ত মেধাবী একজন শিক্ষার্থী। তার পাশে দাঁড়াতে পেরে আমি আনন্দিত। ভবিষ্যতেও তার পড়াশোনার জন্য প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে”।
তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বের ফলেই এ ধরনের মানবিক সহায়তা সম্ভব হচ্ছে। শিক্ষার্থীদের উন্নয়নই দেশের অগ্রগতির মূল ভিত্তি”।
এদিকে, ফাতেমা খানমের পরিবার ও স্থানীয় বাসিন্দারা প্রধানমন্ত্রীর পাশাপাশি সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। তাদের আশা, ফাতেমার মতো অর্থকষ্টে থাকা আরও মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথ সুগম করতে ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত থাকবে।