ড্রামা কার্নিভাল ২.০
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬ ১৯:৩৮ পিএম
নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) আন্তবিশ্ববিদ্যালয় নাট্য প্রতিযোগিতা ‘ড্রামা কার্নিভাল ২.০’-তে চ্যাম্পিয়ন হয়েছে। ছবি: এনএসইউ
ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি) আয়োজিত আন্তবিশ্ববিদ্যালয় নাট্য প্রতিযোগিতা ‘ড্রামা কার্নিভাল ২.০’-তে চ্যাম্পিয়ন হয়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ)।
ইউএপি ক্যাম্পাসে ২০ আগস্ট অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় দেশের ১০টি বিশ্ববিদ্যালয়ের নাট্যদল অংশ নেয়।
ইউএপি ড্রামা ক্লাব আয়োজিত এ প্রতিযোগিতায় এনএসইউ তাদের প্রযোজনা ‘গরু’ নিয়ে চ্যাম্পিয়ন হয়।
এ ছাড়া ‘পদ্মাবতী’ নাটকের জন্য ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি) প্রথম রানার-আপ ও ‘রেইনকোট’ নাটকের জন্য বাংলাদেশ ইউনিভার্সিটি কালচারাল ক্লাব (বিইউসিসি) দ্বিতীয় রানার-আপ নির্বাচিত হয়।
মলয় ভৌমিকের রচনা অবলম্বনে ও দেবদ্যুতি আইচের নির্দেশনায় ‘গরু’ নাটকটি মঞ্চস্থ করে এনএসইউ। দলের নেতৃত্বে ছিলেন জারিন সুবাহ সারা মনি। নাটকটিতে অভিনয়ের জন্য এনএসইউর স্থাপত্য বিভাগের শিক্ষার্থী ব্রিন্তা রায় মিশমি ‘শ্রেষ্ঠ অভিনেত্রী’ পুরস্কার লাভ করেন।
এ অর্জন সম্পর্কে নাটকটির পরিচালক দেবদ্যুতি আইচ বলেন, ‘বিশ্বজুড়ে জাতীয়তা, জাতিসত্তা, ধর্ম ও সামাজিক পরিচয়ের ভিত্তিতে মানুষ বিভক্ত। যে বিষয়গুলো আমাদের সৌন্দর্য ও শক্তির উৎস হতে পারত, সেগুলোই বরং অবিশ্বাস ও সংঘাতের হাতিয়ার হয়ে উঠেছে। প্রজন্মের পর প্রজন্ম ক্ষমতাবানরা নিজেদের নিয়ন্ত্রণ ও আধিপত্য ধরে রাখতে এসব বিভাজনকে কাজে লাগিয়েছে, ফলে আমাদের অভিন্ন মানবিক পরিচয় আড়াল হয়ে গেছে।’
‘গরু নাটকে এই বাস্তবতাই তুলে ধরা হয়েছে। কীভাবে পরিকল্পিত বিভাজন আমাদের একে অপরের কাছ থেকে দূরে সরিয়ে দেয়, তা নাটকটি উন্মোচন করে এবং সব বিভেদের অন্তরালে থাকা আমাদের মৌলিক মানবিক সত্তার কথা মনে করিয়ে দেয়।’
দলের নেতা জারিন সুবাহ সারা মনি বলেন, ‘এই নাটকের মাধ্যমে আমরা কতো সহজেই সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি করা যায় এবং নীরবতা কীভাবে সেই উত্তেজনাকে বাড়তে দেয়, এমন একটি বিষয় তুলে ধরার চেষ্টা করেছি। নাটক যতটা গুরুত্ব পাওয়ার দাবি রাখে, ততটা গুরুত্ব আমরা দিই না। সংগীত ও চলচ্চিত্রের মতো অন্যান্য শিল্পমাধ্যমও আমাদের আবেগকে নাড়া দেয়। তবে সামাজিক নানা বিষয় তুলে ধরার ক্ষেত্রে নাটকের কাজ অন্য শিল্পমাধ্যমের চেয়ে আলাদা। নাটক সত্যকে সরাসরি দর্শকের সামনে হাজির করে—সামনে কোনো পর্দা থাকে না, যার আড়ালে লুকানো যায়। তাই সহজে চোখ ফিরিয়ে নেওয়ার সুযোগও কম, অনুভবটাও হয় আরও তীব্র। এ কারণেই আমাদের নাট্যচর্চাকে লালন ও সমর্থন করা প্রয়োজন। যেসব বিষয় নিয়ে আমরা কথা বলতে চাই না, সেগুলো নিয়ে কথা বলার সবচেয়ে সৎ মাধ্যমগুলোর একটি হলো নাটক।’