২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। ফাইল ছবি: প্রতিদিনের বাংলাদেশ
২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড।
সোমবার প্রকাশিত সময়সূচি অনুযায়ী আগামী বছরের ১৪ মার্চ থেকে পরীক্ষা শুরু হবে।
সময়সূচিতে প্রতিদিন পরীক্ষা শুরুর সময় রাখা হয়েছে সকাল ১০টা।
১৪ মার্চ বাংলা (আবশ্যিক) প্রথম পত্র ও সহজ বাংলা প্রথম পত্রের পরীক্ষা দিয়ে এসএসসি পরীক্ষা শুরু হবে।
সব তত্ত্বীয় পরীক্ষা শেষ হবে ১৫ এপ্রিল এবং ২২ এপ্রিলের মধ্যে সব ব্যবহারিক পরীক্ষা শেষ করতে হবে।
ঢাকা, রাজশাহী, কুমিল্লা, যশোর, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর ও ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষার্থীদের জন্য এই সময়সূচি প্রকাশ করা হয়েছে।
তবে বিশেষ প্রয়োজনে বোর্ড কর্তৃপক্ষ এই সময়সূচি পরিবর্তন করতে পারবে।
এ ছাড়া সময়সূচিতে উল্লেখিত বিশেষ নির্দেশাবলিতে বলা হয়েছে, পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অবশ্যই পরীক্ষার্থীদেরকে পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে এবং প্রশ্নপত্রে উল্লিখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে।
প্রথমে বহুনির্বাচনি ও পরে সৃজনশীল বা রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং দুই পরীক্ষার মধ্যে কোনো বিরতি থাকবে না বলেও জানানো হয়েছে।
পরীক্ষার্থীদের তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে পরীক্ষা শুরুর অন্তত সাত দিন আগে সংগ্রহ করতে নির্দেশনা দেওয়া হয়েছে।
এ ছাড়া পরীক্ষার্থীরা পরীক্ষায় শিক্ষা বোর্ড অনুমোদিত ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে। কেন্দ্রসচিব ছাড়া অন্য কোনো ব্যক্তি বা পরীক্ষার্থী পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন আনতে ও ব্যবহার করতে পারবেন না।