রাবি প্রতিবেদক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৬ ১৯:৩৩ পিএম
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আব্দুল আলীমের কাছে একটি স্মারকলিপি দিয়েছে শাখা ছাত্রদল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) সদস্যদের বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও খাতবিহীন অর্থ উত্তোলনের অভিযোগ তুলে সঠিক তদন্তসহ সাতটি দাবি জানিয়েছে শাখা ছাত্রদল।
শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক আব্দুল আলীমের কাছে একটি স্মারকলিপি দিয়ে এই দাবি জানান তারা।
স্মারকলিপিতে ছাত্রদল নেতৃবৃন্দ অভিযোগ করেন, রাকসুর ৪২টি কর্মসূচিতে তহবিল থেকে ১ কোটি ২৯ লাখ ১৪ হাজার ৬৮৯ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে উত্তোলন করা টাকার ৬১ লাখ ৫০ হাজার ৪৬৮ টাকার বিল-ভাউচার জমা দেওয়া হয়নি। এমনকি অভিযোগ রয়েছে, সংশ্লিষ্টরা নিজেদের ইচ্ছামতো অর্থ উত্তোলন করেছেন এবং উত্তোলিত অর্থের একটি বড় অংশ সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে ব্যয় করা হয়নি।
রাকসু কোনো সংগঠনের ব্যক্তিগত সম্পত্তি হয় উল্লেখ করে তারা বলেন, রাকসু কোনো ব্যক্তি, গোষ্ঠী বা সংগঠনের ব্যক্তিগত সম্পত্তি নয়। এটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের প্রতিষ্ঠান এবং রাকসু ফান্ডের অর্থ মূলত শিক্ষার্থীদের কল্যাণের জন্য। ফলে শিক্ষার্থীদের অর্থের প্রতিটি টাকার স্বচ্ছ হিসাব, বৈধ খাত ও ব্যয়ের প্রমাণ থাকা বাধ্যতামূলক। সোয়া কোটি টাকা উত্তোলন করা হয়ে থাকলে সেই অর্থ কোথায়, কীভাবে, কোন খাতে এবং কার অনুমোদনে ব্যয় করা হয়েছে, এর পূর্ণাঙ্গ জবাব সংশ্লিষ্টদের অবশ্যই দিতে হবে।
এ বিষয়ে উপ-উপাচার্য অধ্যাপক আব্দুল আলীম বলেন, উপাচার্য মহোদয়ের অনুপস্থিতিতে ছাত্রদল রাকসুর অর্থনৈতিক প্রসঙ্গে একটি স্মারকলিপি দিয়েছেন। এখানে রাকসুর বিরুদ্ধে আর্থিক বিধি না মেনে তহবিল থেকে অর্থ উত্তোলনের অনেকগুলো অভিযোগ করা হয়েছে। উপাচার্য রাজশাহী ফিরলেই এ বিষয়টি আমরা খতিয়ে দেখব।