× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইউআইইউতে ইএসজি ও জলবায়ু চ্যালেঞ্জ মোকাবেলা বিষয়ক সেমিনার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২০ আগস্ট ২০২৬ ২১:১২ পিএম

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) নারী পেশাজীবী ও উদ্যোক্তাদের জন্য ইএসজি ও জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবেলা বিষয়ে সেমিনার। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) নারী পেশাজীবী ও উদ্যোক্তাদের জন্য ইএসজি ও জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবেলা বিষয়ে সেমিনার। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পরিবেশগত, সামাজিক ও সুশাসন বা ইএসজি মানদণ্ড নারীদের কর্মজীবন ও ব্যবসায় নতুন সম্ভাবনার দ্বার খুলে দিচ্ছে।

তবে যথাযথ পরিকল্পনা, নীতিগত সহায়তা ও কার্যকর বাস্তবায়ন ব্যবস্থা নিশ্চিত করা না গেলে এসব মানদণ্ড পরিপালনে নারী-মালিকানাধীন প্রতিষ্ঠানগুলো অতিরিক্ত ও অসম চাপের মুখে পড়তে পারে।

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ইউআইইউ) আয়োজিত এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন।

ইউআইইউর স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিক্সের (এসওবিই) উদ্যোগে নেক্সাস সেমিনার সিরিজের তৃতীয় পর্ব হিসেবে ‘নারী পেশাজীবী ও উদ্যোক্তাদের জন্য ইএসজি ও জলবায়ুর চ্যালেঞ্জ মোকাবেলা’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন বিশ্বব্যাংক গ্রুপের ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশনের (আইএফসি) সিনিয়র এনভায়রনমেন্টাল স্পেশালিস্ট ড. আফিফা রাইহানা। তিনি বলেন, ইএসজি ও জলবায়ু-সম্পর্কিত বিভিন্ন আবশ্যকতা ব্যবসায়িক কৌশল, বিনিয়োগ সিদ্ধান্ত, বাজারে প্রবেশাধিকার, প্রতিযোগিতা এবং দীর্ঘমেয়াদি স্থিতিস্থাপকতার ওপর ক্রমবর্ধমান প্রভাব ফেলছে।

তিনি বলেন, “পরিবেশ ও সামাজিক ব্যবস্থাপনা, পরিচ্ছন্ন উৎপাদন, নবায়নযোগ্য জ্বালানি, ইএসজি রিপোর্টিং, টেকসই অর্থায়ন, পরিবেশগত পরামর্শ এবং জলবায়ু-ঝুঁকি মূল্যায়নের মতো ক্ষেত্রে নারীদের জন্য নতুন কর্মজীবনের সুযোগ তৈরি হচ্ছে। এসব সুযোগ কাজে লাগাতে কারিগরি জ্ঞানের পাশাপাশি যোগাযোগ দক্ষতা, অংশীজনদের সঙ্গে কার্যকর সম্পৃক্ততা এবং নীতিমালা সম্পর্কে জ্ঞান থাকা জরুরি”।

ড. আফিফা রাইহানা আরও বলেন, “জটিল পরিবেশগত ও সামাজিক বিধিবিধান পরিপালনে অর্থায়ন, তথ্য ও কারিগরি দক্ষতার সীমাবদ্ধতার কারণে নারী-মালিকানাধীন প্রতিষ্ঠানগুলো তুলনামূলক বেশি চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। তবে যথাযথভাবে এসব বিধিবিধান পরিপালন করতে পারলে ব্যবসার বিশ্বাসযোগ্যতা ও সক্ষমতা বাড়ে। একই সঙ্গে করপোরেট সরবরাহ শৃঙ্খল, রপ্তানি বাজার, সরকারি ক্রয় এবং টেকসই অর্থায়নের সুযোগও সম্প্রসারিত হয়”।

সেমিনারে মূল বক্তব্যের পর স্বাস্থ্যসেবা, নির্মাণ ও শিক্ষা খাতের তিনজন বিশিষ্ট পেশাজীবীর অংশগ্রহণে প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রীতি চক্রবর্তী শিক্ষার্থীদের অ্যাকাডেমিক জ্ঞানের পাশাপাশি বাস্তব কর্মক্ষেত্র ও ব্যবসায়িক পরিবেশের পরিবর্তিত চাহিদার সঙ্গে পরিচিত করার ওপর গুরুত্বারোপ করেন।

তার মতে, এ ধরনের সমন্বিত শিক্ষা শিক্ষার্থীদের ভবিষ্যৎ কর্মজীবনের জন্য আরও দক্ষ ও প্রস্তুত করে তুলবে।

পুরুষ-প্রধান নির্মাণশিল্পে নিজের দীর্ঘ পেশাগত অভিজ্ঞতা তুলে ধরে ফ্রান্সভিত্তিক মেনার্ড গ্রুপের বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার ফাহিমা শাহাদাত বলেন, “প্রযুক্তিগত কর্মক্ষেত্রে প্রবেশ এবং নেতৃত্বের পর্যায়ে এগিয়ে যেতে নারীদের নানা পেশাগত ও সামাজিক প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হয়। নারী পেশাজীবী ও নেতৃত্বাধীন প্রতিষ্ঠানগুলোকে পরিবর্তনশীল বৈশ্বিক মানদণ্ডের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে তুলতে বিশ্ববিদ্যালয়, শিল্পখাত, নীতিনির্ধারক ও পেশাজীবীদের মধ্যে কার্যকর সহযোগিতা প্রয়োজন”।

স্যার জন উইলসন স্কুলের প্রিন্সিপাল সাবরিনা শহীদ শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে প্রবেশের আগেই পরিবেশগত দায়বদ্ধতা, উদ্যোক্তা মানসিকতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশের ওপর গুরুত্ব দেন। 

তিনি বলেন, “শৈশব ও কৈশোর থেকেই মেয়েদের আত্মবিশ্বাস, সমস্যা সমাধানের সক্ষমতা এবং দায়িত্বশীলভাবে ঝুঁকি নেওয়ার মানসিকতা গড়ে তুলতে স্কুল পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব”।

নেক্সাস সেমিনার সিরিজের আহ্বায়ক ও সেমিনারের মডারেটর প্রফেসর ড. এম. নিয়াজ আসাদুল্লাহ বলেন, “শিল্প বিশেষজ্ঞ ও পেশাজীবীদের ইউআইইউর শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে সরাসরি আলোচনায় যুক্ত করার মাধ্যমে অ্যাকাডেমিক শিক্ষা ও পেশাগত বাস্তবতার মধ্যে কার্যকর সেতুবন্ধন তৈরি করা হচ্ছে”।

তিনি বলেন, “ইএসজি রূপান্তর দেখিয়ে দিচ্ছে কেন এ ধরনের সেতুবন্ধন গুরুত্বপূর্ণ। বিশ্ববিদ্যালয়গুলোকে শুধু উদীয়মান বৈশ্বিক মানদণ্ড সম্পর্কে শিক্ষার্থীদের জ্ঞান দিলেই হবে না; এসব মানদণ্ড কীভাবে বাস্তবায়ন করা যায় এবং কীভাবে অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি এগিয়ে নেওয়া যায়, সে সক্ষমতাও তৈরি করতে হবে”।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইউআইইউর বিবিএ প্রোগ্রামের ডিরেক্টর প্রফেসর ড. সালমা করিম।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা, শিক্ষার্থী, গবেষক, উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধি এবং করপোরেট খাতের কর্মকর্তারা অংশ নেন। অংশগ্রহণকারীদের সরাসরি প্রশ্ন ও আলোচনার মধ্য দিয়ে প্রাণবন্ত প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে সেমিনার শেষ হয়।

ব্যবসা, অর্থনীতি ও সমাজকে প্রভাবিত করা উদীয়মান চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা করতে নেক্সাস সেমিনার সিরিজে অ্যাকাডেমিক জ্ঞান, আন্তর্জাতিক অভিজ্ঞতা ও পেশাগত বাস্তবতাকে একত্রিত করা হচ্ছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা