× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আগামী বছর এসএসসি মার্চে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৬ ১৭:৫৬ পিএম

আপডেট : ১৯ আগস্ট ২০২৬ ১৮:০৯ পিএম

পরীক্ষার হলে শিক্ষার্থীরা। ছবি: বিবিসি বাংলা

পরীক্ষার হলে শিক্ষার্থীরা। ছবি: বিবিসি বাংলা

আগামী বছরের ৭ জানুয়ারি থেকে এসএসসি ও সমমান পরীক্ষা শুরুর সিদ্ধান্ত থেকে সরে আসার কথা ভাবছে শিক্ষা প্রশাসন। পরীক্ষার্থী ও অভিভাবকদের মতামত বিবেচনায় নিয়ে রমজান ও ঈদুল ফিতরের পর মার্চের মাঝামাঝি পরীক্ষা শুরুর বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বুধবার দুপুরে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, “পরীক্ষার্থী ও অভিভাবকদের মতামতের ভিত্তিতে এসএসসি পরীক্ষা মার্চে শুরু করার বিষয়টি পর্যালোচনা চলছে। শিগগিরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে”।

শিক্ষা প্রশাসনের সংশ্লিষ্টদের মতে, আগামী বছরের ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে রমজান শুরু হতে পারে। সে হিসাবে মার্চের দ্বিতীয় সপ্তাহে ঈদুল ফিতর হওয়ার সম্ভাবনা রয়েছে। ফলে জানুয়ারির পরিবর্তে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হলে মার্চের মাঝামাঝি সময় থেকে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হতে পারে।

এর আগে গত ১৪ মে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন ঘোষণা দেন, আগামী বছরের এসএসসি ও সমমান পরীক্ষা ৭ জানুয়ারি শুরু হবে। পরে এ সিদ্ধান্ত নিয়ে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষাবিদদের মধ্যে আলোচনা-সমালোচনা শুরু হয়। এরই মধ্যে পরীক্ষার প্রস্তাবিত সূচিও প্রকাশ করা হয়েছে।


গত ২ জুন সচিবালয়ে সাংবাদিকদের শিক্ষামন্ত্রী বলেছিলেন, অংশীজনেরা চাইলে ৭ জানুয়ারি থেকে পরীক্ষা শুরুর সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে সূচি পরিবর্তন করা হতে পারে।

এদিকে, ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীরা ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণিতে আওয়ামী লীগ সরকারের প্রণীত নতুন শিক্ষাক্রমে পড়াশোনা করেছে। নবম ও দশম শ্রেণিতে তারা পড়েছে ২০১০ সালের পরিমার্জিত শিক্ষাক্রমে।

অন্তর্বর্তী সরকারের সময়ে নবম শ্রেণিতে দেরিতে বই পাওয়ায় তারা আগামী বছরের এপ্রিলে এসএসসি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল। জানুয়ারিতে পরীক্ষা শুরু হলে প্রায় ২০ লাখ পরীক্ষার্থী ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন শিক্ষার্থী ও অভিভাবকদের অনেকে।

একসময় ফেব্রুয়ারিতে এসএসসি এবং এপ্রিলে এইচএসসি পরীক্ষা নেওয়ার রেওয়াজ ছিল। তবে কোভিড-১৯ ও গণঅভ্যুত্থানের প্রভাবে শিক্ষাপঞ্জি এলোমেলো হয়ে যাওয়ায় চলতি বছর এসএসসি পরীক্ষা শুরু হয়েছে এপ্রিলে এবং এইচএসসি পরীক্ষা জুলাইয়ে।

শিক্ষার্থীদের শিক্ষাজীবনের সময় সাশ্রয়ের লক্ষ্যে জানুয়ারিতে এসএসসি ও সমমান পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করা হয়েছিল। তবে অংশীজনদের মতামতের পরিপ্রেক্ষিতে সেই পরিকল্পনাই এখন পুনর্বিবেচনার মুখে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা