বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬ ২০:৫৩ পিএম
আপডেট : ১৮ আগস্ট ২০২৬ ২১:১৩ পিএম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে মঙ্গলবার টেকসই প্লাস্টিক ও বর্জ্য ব্যবস্থাপনা ক্যাম্পেইনে অংশ নেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামসহ অন্যান্যরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) যদি উদ্যোগ নেয়, তবে দেশের প্রথম প্লাস্টিকমুক্ত ক্যাম্পাস হিসেবে সরকারিভাবে ঘোষণা করা সম্ভব বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। এটি সারা দেশের অন্য বিশ্ববিদ্যালয়ের জন্য একটি নতুন মাইলফলক হবে বলেও জানান তিনি।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে মঙ্গলবার বিকালে আয়োজিত ‘সাসটেইনেবল প্লাস্টিক ওয়েস্ট ম্যানেজমেন্ট প্র্যাকটিসেস ইন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি’ শীর্ষক টেকসই প্লাস্টিক ও বর্জ্য ব্যবস্থাপনা ক্যাম্পেইনের মূল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাতিসংঘের শিল্প উন্নয়ন সংস্থা (ইউএনআইডিও) ও পরিবেশ অধিদপ্তরের (ডিওই) যৌথ উদ্যোগে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনায় এ কর্মশালার আয়োজন করা হয়।
শেখ ফরিদুল ইসলাম বলেন, “সরকার প্লাস্টিক দূষণ কমানো, পলিথিন/সিঙ্গেল-ইউজ প্লাস্টিকবিরোধী অভিযান, বর্জ্য ব্যবস্থাপনা এবং বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, তুরাগ ও বালু নদীর পানি দূষণ নিরসনে নিয়মিত কাজ করছে। সনাতন পদ্ধতিতে কাঠ পুড়িয়ে চালানো ইটভাটাগুলো আগামী সিজন থেকে পুরোপুরি বন্ধ করা হবে। পাশাপাশি অবৈধ ইটভাটা বন্ধে পদক্ষেপ নেওয়া হচ্ছে।”
তিনি জানান, গত ছয় মাসে বনের ২৩০০ একরের বেশি দখলকৃত জমি উদ্ধার করে সেখানে বনায়ন করা হয়েছে। এ বছর ইতিমধ্যে ২ কোটি ৮৪ লাখের মতো গাছ লাগানো হয়েছে এবং ভবিষ্যতে ২৫ কোটির বেশি গাছ লাগানোর লক্ষ্য রাখা হয়েছে। গত ২২ বছরে ২৭ বার আগুন লাগলেও, গৃহীত কার্যকর গাইডলাইনের ফলে চলতি বছরের ফেব্রুয়ারি থেকে সুন্দরবনে কোনও অগ্নিকাণ্ড ঘটেনি। সেন্টমার্টিনের জীববৈচিত্র্য রক্ষায় জাহাজে করে কোনও প্লাস্টিক বর্জ্য পরিবহন বা ফেলা নিয়ন্ত্রণ করার জন্য কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
জাবি নিয়ে তিনি বলেন, “বিশ্ববিদ্যালয়ের সবুজ ও প্রাকৃতিক পরিবেশ এবং অতিথি পাখির জীববৈচিত্র্য ধরে রাখতে হবে। ক্যাম্পাসকে পলিথিনমুক্ত করে অন্যদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপনের অনুরোধ করা যেতে পারে।”
সভাপতিত্বের বক্তব্যে উপাচার্য অধ্যাপক কামরুল আহসান বলেন, “বাংলাদেশের সেরা সবুজে ঘেরা অনন্য ইকোসিস্টেম রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। এখানে কোথায় এবং কী ধরনের বৃক্ষ প্রয়োজন, সে বিষয়ে সরকারের দৃষ্টি দেওয়া উচিত। মীর মশাররফ হোসেন হল থেকে বিশমাইল পর্যন্ত রাস্তার পাশে সুউচ্চ বৃক্ষ রোপণ করা হলে তা যেমন পরিবেশ দূষণ কমাবে ও অক্সিজেন বাড়াবে, তেমনি আমাদের নারী শিক্ষার্থীদের নিরাপত্তার ক্ষেত্রেও বড় ভূমিকা রাখবে।”
তিনি আরও বলেন, “বিগত প্রশাসন উন্নয়ন দৃশ্যমান করতে গিয়ে বহুতল নারী হলগুলো আরিচা রোড ঘেঁষে যেভাবে নির্মাণ করেছে, তাতে রাতে আলো জ্বললে আমাদের মেয়েরা নিরাপত্তাহীনতা ও প্রাইভেসির ঝুঁকিতে পড়ে। এই দুর্বল ও রুচিহীন সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এটার একটা স্থায়ী সমাধান আমাদের করতেই হবে।”
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামসুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোহেল রানা, পরিবেশ অধিদপ্তর প্রকল্প পরিচালক ড. আবদুল্লাহ আল মামুন, ইউএনআইডিও বাংলাদেশের জাতীয় প্রকল্প সমন্বয়কারী সত্য ভট্টাচার্য, ইউএনআইডিও বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ আলমগীর হোসাইন, বিভিন্ন বিভাগের শিক্ষক, জাকসু নেতৃবৃন্দ, ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ এবং শিক্ষার্থীরা।