× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হামলার অভিযোগে মামলা রাবি জিএস আম্মারের

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬ ১৮:৪৭ পিএম

আপডেট : ১৮ আগস্ট ২০২৬ ১৮:৪৯ পিএম

রাকসু জিএস সালাহউদ্দিন আম্মার। ছবি: সালাহউদ্দিন আম্মারের ফেসবুক পেজ থেকে

রাকসু জিএস সালাহউদ্দিন আম্মার। ছবি: সালাহউদ্দিন আম্মারের ফেসবুক পেজ থেকে

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রাকসু কার্যালয়ে হামলার অভিযোগে পাঁচজনের নাম উল্লেখ করে আদালতে মামলা করেছেন রাকসু সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার।

মামলায় অজ্ঞাতপরিচয় আরও ৭-৮ জনকে আসামি করা হয়েছে।

এর আগে ১০ আগস্ট রাজশাহীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মতিহার আমলী আদালতে মামলাটি করেন সালাহউদ্দিন আম্মার।

তবে মামলার বিষয়টি মঙ্গলবার বিকালে নিশ্চিত করেন বাদীপক্ষের আইনজীবী মোহা. সালাহউদ্দিন।

তিনি জানান, ওইদিনই আদালত মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) কাছে পাঠান। তদন্ত শেষে যাচাই করে মামলাটি আমলে নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবেন আদালত।

মামলার আসামিরা হলেন ইতিহাস বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের মো. আনাস, সংস্কৃত বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের মো. মাহমুদ হাসান মাহিন ও মামুন মিয়া, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের মাহফুজুল ইসলাম নয়ন এবং ইসলামী স্টাডিজ বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের আজহারুল ইসলাম।

অফিসে ঢুকে মারধর-ভাঙচুরের অভিযোগ

মামলার এজাহারে বলা হয়, গত ২৭ জুলাই দুপুর ২টা ৪৫ মিনিট থেকে ৩টা ১৫ মিনিটের মধ্যে রাকসু ভবনের দ্বিতীয় তলায় জিএসের ২০২ নম্বর কার্যালয়ে হামলার ঘটনা ঘটে। 

এ সময় দেশীয় অস্ত্র নিয়ে অভিযুক্তরা জোরপূর্বক কার্যালয়ে প্রবেশ করেন। পরে তারা সালাহউদ্দিন আম্মারকে গালিগালাজ ও দুর্ব্যবহার করেন, উল্লেক করা হয় এজাহারে।

এজাহারে আরও বলা হয়েছে, সে সময় প্রতিবাদ করলে তাকে (আম্মার) কিল-ঘুষি মেরে আহত করা হয়। 

একই সময়ে চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করা হয়। এতে প্রায় এক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে মামলায় দাবি করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়, একপর্যায়ে আনাসের হাতে থাকা লোহার রড দিয়ে নাজমুস সাকিবকে হত্যার উদ্দেশ্যে আঘাত করা হয়। আঘাত ঠেকাতে গিয়ে তার ডান হাতে রক্তাক্ত জখম হয়। নাজমুস সাকিবকে রক্ষা করতে এগিয়ে গেলে মেহেদীর বাম কানে লাঠি দিয়ে আঘাত করেন মাহিন।

আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৩২৩, ৩২৬, ৩০৭, ৩৪১, ৩৪৮, ৩২৪ ও ৪২৭ ধারাসহ সংশ্লিষ্ট ধারায় অভিযোগ আনা হয়েছে।

পাল্টাপাল্টি মামলা ও মারধরের অভিযোগ

মামলার বিষয়ে রাকসু জিএস সালাহউদ্দিন আম্মার বলেন, তার সম্পাদকদের ওপর হামলার ঘটনায় তাদের সম্পৃক্ত করে মামলা করা হয়েছে।

তিনি দাবি করেন, বিষয়টি নিয়ে পরবর্তীতে সরকার ‘গেম খেলতে পারে’।

এর আগে গত ২৭ জুলাই ছাত্রলীগ কর্মীর অভিযোগের পর আনাস আহমেদকে প্রক্টর দপ্তরে মারধর করেন সালাহউদ্দিন আম্মার, এমন অভিযোগ রয়েছে। 

ওই ঘটনার পর আনাসসহ কয়েকজন শিক্ষার্থী রাকসু ভবনে প্রবেশ করে জিএস আম্মারসহ কয়েকজন নেতাকে মারধর করেন বলে রাকসু নেতারা অভিযোগ করেন। 

পরে কেন্দ্রীয় গ্রন্থাগারে মাহমুদুল হাসান মাহিন ও আবুল হাসানকে দফায় দফায় মারধরের অভিযোগ ওঠে।

পরে মারধরের শিকার আনাস আহমেদ ও আবুল হাসানকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একটি পুরোনো সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার করে শাহ মখদুম থানা পুলিশ।

পরদিন আদালতে হাজির করা হলে তাদের কারাগারে পাঠানো হয়।

এরপর ৩০ জুলাই সালাহউদ্দিন আম্মারসহ রাকসু ও শিবিরের নয় নেতার বিরুদ্ধে হত্যাচেষ্টার মামলা করেন মারধরের শিকার মাহমুদ হাসান মাহিনের বাবা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা