× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আইইউবির নীতি-সংলাপ

চিকিৎসাসেবায় অক্সিজেনের সমতাভিত্তিক প্রাপ্যতা নিশ্চিতের তাগিদ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬ ১৮:১৯ পিএম

বাংলাদেশ ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি (আইইউবি) ক্যাম্পাসের মাল্টিপারপাস হলে মঙ্গলবার এক নীতি-সংলাপের আয়োজন করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বাংলাদেশ ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি (আইইউবি) ক্যাম্পাসের মাল্টিপারপাস হলে মঙ্গলবার এক নীতি-সংলাপের আয়োজন করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

দেশে চিকিৎসাসেবায় অক্সিজেনের চাহিদা বাড়লেও প্রয়োজন অনুযায়ী অবকাঠামোতে বিনিয়োগ হয়নি। কোভিড-১৯ মহামারির সময় স্থাপন করা অক্সিজেন প্ল্যান্ট ও সরবরাহব্যবস্থার বড় অংশ এখন অচল হয়ে পড়েছে।

এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছে প্রত্যন্ত অঞ্চলের রোগীরা। চিকিৎসাসেবায় অক্সিজেনের সমতাভিত্তিক প্রাপ্যতা নিশ্চিত করতে অবকাঠামো সচল করার পাশাপাশি স্থানীয় জনবলকে প্রশিক্ষণ ও বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা।

বাংলাদেশ ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি (আইইউবি) ক্যাম্পাসের মাল্টিপারপাস হলে মঙ্গলবার আয়োজিত এক নীতি-সংলাপে এসব কথা বলেন বক্তারা।

‘ফ্রম এভিডেন্স টু অ্যাকশন: স্ট্রেংদেনিং ইকুইটেবল অ্যাকসেস টু মেডিক্যাল অক্সিজেন ইন বাংলাদেশ’ শীর্ষক সংলাপটির আয়োজন করে আইইউবির সেন্টার ফর হেলথ, ইমপ্লিমেন্টেশন অ্যান্ড পলিসি সায়েন্সেস (চিপস)। সহযোগিতায় ছিল বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ফার্মেসি অ্যান্ড পাবলিক হেলথ।

সংলাপে বক্তারা বলেন, মহামারির সময় স্থাপন করা অক্সিজেন প্ল্যান্ট ও সরবরাহব্যবস্থার অনেকগুলো এখন অচল। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে এর নেতিবাচক প্রভাব পড়ছে। অক্সিজেনের অভাবে স্ত্রীরোগ ও প্রসূতি রোগী এবং শিশুরা ঝুঁকিতে পড়ছে। একই সঙ্গে হাসপাতালে নিরবচ্ছিন্ন অক্সিজেন সরবরাহ নিশ্চিত করতে চিকিৎসকদেরও নানা সংকট মোকাবিলা করতে হচ্ছে।

সমাধান হিসেবে চিকিৎসকদের এমবিবিএস ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষায় অক্সিজেন থেরাপি অন্তর্ভুক্ত করার সুপারিশ করা হয়। পাশাপাশি মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীদের প্রয়োজনীয় জ্ঞান ও উপকরণ দেওয়ার ওপর গুরুত্ব দেন বক্তারা।

বিদ্যুৎ-সংযোগ নেই এমন প্রত্যন্ত এলাকায় প্রচলিত অক্সিজেন কনসেনট্রেটর ব্যবহারের সীমাবদ্ধতার কথা তুলে ধরে সৌরশক্তিচালিত অক্সিজেন কনসেনট্রেটর ব্যবহারের প্রস্তাব দেওয়া হয়।

বক্তারা জানান, সোমালিয়ায় এ ধরনের সৌরশক্তিচালিত অক্সিজেন সরবরাহব্যবস্থা ব্যবহার করা হচ্ছে, যা প্রত্যন্ত এলাকায় অক্সিজেনের প্রাপ্যতা বাড়িয়ে মৃত্যুহার কমাতে ভূমিকা রাখতে পারে।

সংলাপে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক ডা. ফোয়ারা তাসমিম। বিশেষ সম্মানিত অতিথি ছিলেন রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো. নাসের শাহরিয়ার জাহেদী। বিশেষ অতিথি ছিলেন আইইউবির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান দিদার এ হোসেইন। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ম. তামিম।

অধ্যাপক ডা. ফোয়ারা তাসমিম জানান, অক্সিজেনের সমতাভিত্তিক প্রাপ্যতা নিশ্চিত করতে সরকারি কর্মকর্তা হিসেবে কী ভূমিকা রাখা প্রয়োজন, সংলাপে অংশ নিয়ে সে বিষয়ে তিনি স্পষ্ট ধারণা পেয়েছেন। গবেষণার ফলাফলকে নীতিনির্ধারণী উদ্যোগে রূপান্তরের ওপরও তিনি গুরুত্ব দেন।

তিনি বলেন, “অকেজো হয়ে পড়া অক্সিজেন অবকাঠামো মেরামত করে সচল করার পাশাপাশি স্থানীয় জনবলকে প্রশিক্ষণ দেওয়া জরুরি। প্রশিক্ষিত জনবলই বুঝতে পারবেন কোন রোগীর অক্সিজেনের প্রয়োজন সবচেয়ে বেশি”।


স্বল্পমূল্যে মানসম্পন্ন অক্সিজেন থেরাপি নিশ্চিত করতে সরকারকে দিকনির্দেশনা দিতে বিজ্ঞানী ও বিশেষজ্ঞদের প্রতিও আহ্বান জানান তিনি।

মো. নাসের শাহরিয়ার জাহেদী বলেন, “সরকারের অত্যাবশ্যকীয় ওষুধ নীতিতে অক্সিজেনকে অত্যাবশ্যকীয় উপাদান হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। তাই অক্সিজেনের গুণগত মান এবং সরবরাহ অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। এ ক্ষেত্রে সরকার, বেসরকারি খাত, জনহিতৈষী প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়-সব পক্ষেরই ভূমিকা রয়েছে”।

তিনি জানান, স্থানীয়ভাবে অক্সিজেন উৎপাদনের সম্ভাবনা যাচাই করতে ঝিনাইদহ জেলায় আইইউবি ও জাহেদী ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে একটি সমীক্ষা পরিচালনা করা হচ্ছে।

চিপসের পরিচালক ডা. এস এম মোয়াজ্জেম হোসেন বলেন, “সংলাপে আলোচিত বিষয়গুলো একত্র করে একটি নীতিপত্র তৈরি করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। এতে অক্সিজেনের সমতাভিত্তিক প্রাপ্যতা জোরদারে সুনির্দিষ্ট সুপারিশ থাকবে”।

তিনি আরও জানান, বিষয়টি সামনে এগিয়ে নিতে সংশ্লিষ্ট সব খাতের অংশীজনদের যুক্ত করে আগামী অক্টোবরে একটি অক্সিজেন সামিট আয়োজনের পরিকল্পনা করছে আইইউবি। এ আয়োজনে আইসিডিডিআর,বি ও অক্সিজেন নেটওয়ার্ক সহযোগিতা করবে।

অনুষ্ঠানে ‘রিডিউসিং গ্লোবাল ইনইকুইটিজ ইন মেডিক্যাল অক্সিজেন অ্যাকসেস: দ্য ল্যানসেট গ্লোবাল হেলথ কমিশন অন মেডিক্যাল অক্সিজেন সিকিউরিটি’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইসিডিডিআর, বির বিজ্ঞানী ডা. এহসানুর রহমান।

মূল প্রবন্ধের পর অনুষ্ঠিত প্যানেল আলোচনায় অংশ নেন ঢাকার বারডেম জেনারেল হাসপাতাল ও ইব্রাহিম মেডিক্যাল কলেজের শিশু ও নবজাতক বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. আবিদ হোসেন মোল্লা, আইসিডিডিআর, বির মাতৃ ও শিশু স্বাস্থ্য বিভাগের ইমেরিটাস বিজ্ঞানী ডা. শামস এল আরেফিন, চিকিৎসক ও রোগতত্ত্ববিদ ডা. মামুনুর রহমান মালিক এবং প্রথম আলোর বিশেষ প্রতিনিধি শিশির মোড়ল।

সংলাপে বাংলাদেশ মেডিক্যাল রিসার্চ কাউন্সিল (বিএমআরসি), ঢাকা মেডিক্যাল কলেজ, বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন, অবসটেট্রিক অ্যান্ড গাইনোকোলজি সোসাইটি অব বাংলাদেশ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ, ইউএনওপিএস ও ইউএনডিপির প্রতিনিধিরা অংশ নেন। এ ছাড়া আইইউবির স্কুল অব ফার্মেসি অ্যান্ড পাবলিক হেলথের শিক্ষক-শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন স্কুল অব ফার্মেসি অ্যান্ড পাবলিক হেলথের ডিন ডা. কামরান উল বাছেত। আইইউবির ট্রাস্টি রাশেদ চৌধুরী ও ড. হোসনে আরা আলীও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

চিপস প্রমাণভিত্তিক জনস্বাস্থ্য অ্যাডভোকেসি, ইমপ্লিমেন্টেশন গবেষণা ও সক্ষমতা বৃদ্ধির প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। প্রতিষ্ঠানটির কার্যক্রমের মধ্যে রয়েছে নীতি গবেষণা ও সহায়তা, সক্ষমতা বৃদ্ধি, ইমপ্লিমেন্টেশন গবেষণা এবং নলেজ ম্যানেজমেন্ট। মাতৃ ও শিশুস্বাস্থ্য, অসংক্রামক রোগ, কিশোর-কিশোরী ও মানসিক স্বাস্থ্য, জেলা পর্যায়ে চিকিৎসা অক্সিজেন সরবরাহ এবং নগর ও জরুরি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানটির অগ্রাধিকারমূলক বিষয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা