ববি প্রতিবেদক
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬ ১৯:৫১ পিএম
বরিশাল বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত
বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) মাসজুড়ে একের পর এক সংঘর্ষের ঘটনা ঘটছে। শিক্ষার্থীদের দাবি, এসবের পেছনে প্রশাসনের নিষ্ক্রিয়তা ও বিচারহীনতার সংস্কৃতিই দায়ী। ঘটনার পর তদন্ত কমিটি গঠন করা হলেও কোনোটিরই সুনির্দিষ্ট বিচারের পদক্ষেপ নেয়নি প্রশাসন।
বিশ্ববিদ্যালয়ের একাধিক সূত্রে জানা গেছে, গত ১৫ জুলাই বিশ্ববিদ্যালয়ের বিজয়-২৪ হলে ডেকে নিয়ে বাংলা বিভাগের শিক্ষার্থী ইনামুল হকের ওপর ইতিহাস বিভাগের কিছু শিক্ষার্থী হামলা করে। হলের দ্বিতীয় তলার করিডোরের ওই ঘটনায় ২০-২৫ জনকে অভিযুক্ত করে ইনামুল হক বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর একটি লিখিত অভিযোগ জমা দেন। ঘটনা তদন্তে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠিত হলেও কমিটি এখনও প্রতিবেদন জমা দিতে পারেনি।
তার ঠিক ৫ দিন পর ২০ জুলাই গণিত ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষটির তদন্তে কমিটি গঠিত হলেও এখনও তদন্ত প্রতিবেদন জমা দিতে পারেনি। এর কয়েকদিন পরে আইন-সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায়ও কোনো বিচার করতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন।
গত ৫ আগস্ট ‘অদম্য জুলাই’ মিছিলে বহিরাগত অভিযোগে শিবির-ছাত্রদলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে দুপক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। সংঘর্ষের পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শিবির ও ছাত্রদলের সঙ্গে বসলেও দৃশ্যমান কোনো বিচার বা পদক্ষেপ নেয়নি। ১৫ আগস্ট অর্থনীতি বিভাগের জুনিয়র মেয়েকে সিনিয়র ছেলের প্রেমের প্রস্তাব ও উত্ত্যক্তের অভিযোগকে কেন্দ্র করে ইংরেজি ও অর্থনীতি বিভাগের মধ্যে সংঘর্ষ হয়। এতে অন্তত ১০ জন আহত হন।
এসব বিষয়ে বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাইফুল ইসলাম বলেন, যদি প্রশাসন অতীতের ঘটনাগুলোর সুষ্ঠু তদন্তের ভিত্তিতে বিচার নিশ্চিত করতÑ তাহলে বারবার সংঘর্ষ ঘটত না। আরেক শিক্ষার্থী মুস্তাফিজুর রহমান সৌরভ বলেন, অপরাধীদের শাস্তি নিশ্চিতে এসব সংঘর্ষের ঘটনা এড়ানো যেত।
ববি ছাত্রদলের সাধারণ সম্পাদক ও বাংলা বিভাগের শিক্ষার্থী আরিফ হোসেন শান্ত বলেন, ইতিহাসের সঙ্গে বাংলা বিভাগের জুনিয়র দ্বারা সিনিয়র সংঘর্ষ হলো, সে ঘটনার বিচারহীনতায় পরবর্তীতে রাষ্ট্রবিজ্ঞানের সঙ্গে আইন বিভাগ, গণিত সঙ্গে গণযোগাযোগ ও সাংবাদিকতা, অর্থনীতির সঙ্গে ইংরেজি বিভাগ সংঘর্ষ ডিপার্টমেন্ট বাই ডিপার্টমেন্ট চলছেই। যদি অতীতের ঘটনার সুষ্ঠু বিচার হতো তাহলে এত দূর পর্যন্ত গড়াত না।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. মেহেদী হাসান সোহাগ বলেন, সংঘাতে জড়িত বিভাগগুলোর চেয়ারম্যানদের নিয়ে আলোচনা করা হয়েছে। প্রতিটি ঘটনার দ্রুত তদন্ত কমিটি গঠন করেছি। তদন্ত প্রতিবেদন শৃঙ্খলা কমিটি ও পরবর্তীতে সিন্ডিকেটে যাবে। সিন্ডিকেটই চূড়ান্ত শাস্তির সিদ্ধান্ত গ্রহণ করবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. মামুন অর রশিদ বলেন, ইতোমধ্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, বিচার হবে।