বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬ ১১:১০ এএম
ঢাকা বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. ইলিয়াস আল-মামুনের বিরুদ্ধে এক শিক্ষার্থীকে নিজ কক্ষে আটকে রেখে হেনস্তা, ভয়ভীতি প্রদর্শন ও জোরপূর্বক লিখিত বক্তব্যে স্বাক্ষর নেওয়ার অভিযোগ উঠেছে।
এ ঘটনাকে কেন্দ্র করে প্রভোস্টের পদত্যাগ ও সিসিটিভি ফুটেজ প্রকাশের দাবিতে বিক্ষোভে নেমেছেন হলটির আবাসিক শিক্ষার্থীরা। রাত গভীর হলেও আন্দোলন অব্যাহত রয়েছে।
হলের প্রভোস্ট কার্যালয়ের সামনে রবিবার রাত ৮টার দিকে অবস্থান নেন শিক্ষার্থীরা। পরে রাত সাড়ে ৯টার দিকে প্রভোস্টকে তার কক্ষে অবরুদ্ধ করার ঘোষণা দেন ডাকসুর পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ ও ফজলুল হক মুসলিম হল সংসদের ভিপি খন্দকার মো. আবু নাঈম। রাত আড়াইটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত শিক্ষার্থীরা প্রভোস্টের কক্ষে অবস্থান করছিলেন।
এ সময় শিক্ষার্থীরা ‘মামুন তুই গদি ছাড়’, ‘দফা এক দাবি এক, প্রভোস্টের পদত্যাগ’সহ বিভিন্ন স্লোগান দেন। তাদের দাবি, ঘটনার সময়কার সিসিটিভি ফুটেজ প্রকাশ করতে হবে এবং অভিযোগের বিষয়ে প্রভোস্টের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে।
ঘটনার সূত্রপাত রোবটিক্স অ্যান্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. ইব্রাহীমকে প্রভোস্টের কার্যালয়ে ডেকে নেওয়াকে কেন্দ্র করে। ইব্রাহীমের অভিযোগ, হলের বিভিন্ন সংকট নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট শেয়ার করার পর তাকে প্রভোস্টের কক্ষে ডেকে নেওয়া হয়।
ইব্রাহীমের দাবি, সেখানে প্রায় দেড় ঘণ্টা তাকে আটকে রেখে ভয়ভীতি প্রদর্শন করা হয়। এ সময় তার আবাসিক সিট ও ছাত্রত্ব বাতিলের হুমকি এবং সাইবার নিরাপত্তা আইনে মামলা করার ভয় দেখানো হয় বলেও অভিযোগ করেন তিনি।
ইব্রাহীম আরও বলেন, নিরাপত্তার জন্য তিনি মোবাইল ফোনে অডিও রেকর্ড চালু করে প্রভোস্টের কক্ষে প্রবেশ করেছিলেন। বিষয়টি জানতে পেরে প্রভোস্টের নির্দেশে হলের কয়েকজন কর্মচারী তার মোবাইল ফোন কেড়ে নেন। পরে কক্ষের দরজা বন্ধ করে তাকে আটকে রাখা হয় এবং ফোনের রেকর্ডিং মুছে ফেলা হয় বলে দাবি করেন তিনি।
তার অভিযোগ, পরে প্রভোস্টের কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সহায়তায় তাকে একটি লিখিত বক্তব্য লিখতে এবং তাতে স্বাক্ষর করতে বাধ্য করা হয়। ওই বক্তব্যে হল সংসদের নেতাদের প্ররোচনায় তিনি প্রভোস্টের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন, এমন কথা লিখতে বলা হয়েছিল বলে দাবি করেন ইব্রাহীম।
ঘটনার বিষয়ে ইব্রাহীম বলেন, “ফেসবুকে হলের একটি সমস্যা নিয়ে পোস্ট শেয়ার দেওয়ার পর আমাকে হল অফিসে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে আমার গায়ে হাত তোলা হয়। আমার মোবাইল ফোনও চেক করা হয়।”
এদিকে শিক্ষার্থীরা অভিযোগ করছেন, দীর্ঘ সময় ধরে অবস্থান করলেও প্রশাসনের পক্ষ থেকে সিসিটিভি ফুটেজ দেখানোর বিষয়ে কার্যকর কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।
ডাকসুর সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের বলেন, “প্রভোস্ট নির্দোষ হলে সিসিটিভি ফুটেজ দেখাতে সমস্যা কোথায়? আমরা শুধু ঘটনার সময়কার ফুটেজ চেয়েছি।”
তিনি বলেন, প্রায় পাঁচ ঘণ্টা ধরে তারা প্রভোস্টের কার্যালয়ে অবস্থান করছেন। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে ফুটেজ দেখানো কিংবা প্রভোস্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়ে কোনও সিদ্ধান্ত জানানো হয়নি।
ফজলুল হক মুসলিম হল সংসদের জিএস ইমামুল হাসান বলেন, “আমরা সন্ধ্যা থেকে সিসিটিভি ফুটেজ দেখার জন্য দাঁড়িয়ে আছি। কিন্তু হল প্রশাসন ফুটেজ নিয়ে তালবাহানা করছে। এখন দাবি একটাই, প্রভোস্টের পদত্যাগ।”
ডাকসুর বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মো. ইকবাল হায়দার বলেন, “প্রভোস্টের বিরুদ্ধে এর আগেও শিক্ষার্থীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ ছিল। সর্বশেষ ঘটনাটি কোনোভাবেই কাম্য নয়।”
একজন শিক্ষার্থীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠলে প্রশাসনেরই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা উচিত বলে মন্তব্য করেন তিনি।
আন্দোলনে সংহতি জানিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন ডাকসুর পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ, সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মো. ইকবাল হায়দার, ক্রীড়া সম্পাদক আরমান হোসেনসহ হল সংসদের নেতারা। পরে ঢাবি প্রক্টর অধ্যাপক ইসতাফিল রতনসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তারাও ঘটনাস্থলে যান।
এ সময় শিক্ষার্থীরা প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন। প্রভোস্টের পদত্যাগ এবং সিসিটিভি ফুটেজ প্রকাশ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।
অন্যদিকে, শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে প্রভোস্ট অধ্যাপক ইলিয়াস আল-মামুন বলেন, “দেড় ঘণ্টা মানসিক নির্যাতন কীভাবে করে? আর শারীরিক নির্যাতন, বিশ্ববিদ্যালয়ের একটা ছেলেকে কি মারধর করা যায়? এটা কেমন কথা?”
রাত বাড়ার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি অব্যাহত থাকে। প্রতিবেদন লেখা পর্যন্ত প্রভোস্টের কক্ষে অবস্থান করছিলেন তারা। অভিযোগের সুষ্ঠু তদন্ত, সিসিটিভি ফুটেজ প্রকাশ এবং প্রভোস্টের পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন শিক্ষার্থীরা।