বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৬ ২০:২৪ পিএম
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ছবি: বাসস
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নবাব সলিমুল্লাহ আবাসিক হলে বহিরাগত এক কলেজছাত্রকে মারধর করে চুল কেটে দিয়েছেন হলটির একদল শিক্ষার্থী। পরে তাকে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার কাছে সোপর্দ করা হয়।
হলের কয়েকজন শিক্ষার্থীর দাবি, তাদের কাছে ওই কলেজশিক্ষার্থীকে নেশাগ্রস্ত মনে হয়েছে।
নবাব সলিমুল্লাহ হলের গেস্ট রুমে শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী মিরপুর সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থী। তার বাড়ি বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী কাঠগড়া এলাকায় বলে জানা গেছে।
হলের শিক্ষার্থীরা জানান, শুক্রবার রাতে ওই কলেজশিক্ষার্থী পাশের শহীদ তাজউদ্দীন আহমদ হলের চারুকলা বিভাগের শিক্ষার্থী ওবায়দুর রহমানের (রুশাদ) কক্ষে ছিলেন। শনিবার সকালে তিনি বাড়ি ফিরছিলেন। এ সময় সলিমুল্লাহ হলের কয়েকজন শিক্ষার্থী ওই কলেজশিক্ষার্থীকে থামিয়ে পরিচয় জানতে চান। এ সময় কথাবার্তা অসংলগ্ন মনে হওয়ায় তাকে সলিমুল্লাহ হলে নিয়ে যাওয়া হয়। একপর্যায়ে ওই হলের গেস্ট রুমে ওই ছাত্রকে মারধরের পর চুল কেটে দেওয়া হয়।
তাৎক্ষণিকভাবে মারধর ও চুলকাটায় জড়িত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। তবে হলের একাধিক শিক্ষার্থীর ভাষ্য, এর আগে ওই কলেজশিক্ষার্থী হলের একটি কক্ষে গিয়ে মাদক সেবনের জন্য গ্যাসলাইটার চেয়েছিলেন। পরে তাকে ক্যাম্পাসে দেখতে পেয়ে কয়েকজন শিক্ষার্থী বহিরাগত পরিচয় জেনে তাকে হলে নিয়ে মারধর করেছেন।
ওই কলেজশিক্ষার্থীর পরিচিত চারুকলা বিভাগের শিক্ষার্থী ওবায়দুর রহমান বলেন, “আমার এক পরিচিত ব্যক্তির মাধ্যমে সে গতকাল (শুক্রবা) রাত দুইটার দিকে আমার কক্ষে এসেছিল। পরে সকালে আমি তাকে বাড়ি পাঠিয়ে দিয়েছিলাম। এরপরে এ ঘটনা ঘটে”।
ওই কলেজশিক্ষার্থী নেশাগ্রস্ত দাবি করে নবাব সলিমুল্লাহ হল সংসদের সহসভাপতি (ভিপি) ইবনে শিহাব বলেন, “হলের কয়েকজন ছেলেটিকে আটক করে আমাকে খবর দেয়। ওই ছেলের কথাবার্তা অসংলগ্ন ছিল এবং নেশাগ্রস্ত মনে হচ্ছিল। আমি নিরাপত্তাকর্মীর সঙ্গে কথা বলার সময় শিক্ষার্থীদের মধ্যে কেউ একজন তার চুল কেটে দিয়েছে”।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক জাকির হোসেন বলেন, “বহিরাগত একজন শিক্ষার্থীকে আটক করে আমাদের খবর দেওয়া হলে ঘটনাস্থলে নিরাপত্তা শাখার লোক এবং সহকারী প্রক্টরকে পাঠিয়েছিলাম। হলের শিক্ষার্থীরা জানিয়েছে ওই ছেলে নাকি নেশাগ্রস্ত ছিল। তাকে নিরাপত্তা শাখায় নিয়ে আসা হয়েছিল এবং আগে তার বিরুদ্ধে এ ধরনের অপরাধ নেই। মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়েছে”।