ই পড়ার সুযোগ, জ্ঞানচর্চা ও সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে প্রত্যন্ত গ্রামের মানুষের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে বগুড়ার দুর্গাহাটা এলাকার আবেদ আলী স্মৃতি গ্রন্থাগার। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বই পড়ার সুযোগ, জ্ঞানচর্চা ও সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে প্রত্যন্ত গ্রামের মানুষের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে বগুড়ার দুর্গাহাটা এলাকার আবেদ আলী স্মৃতি গ্রন্থাগার। ২০২১ সালের ১৭ ডিসেম্বর মাত্র ৭০টি পুরোনো বই নিয়ে যাত্রা শুরু করা গ্রন্থাগারটিতে বর্তমানে বইয়ের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। প্রতিদিন গড়ে ১০ থেকে ১৫ জন পাঠক এখানে বই পড়তে ও বই লেনদেন করতে আসেন।
শুরুতে দুর্গাহাটা এলাকার পনিরপাড়ায় শিপনের বাড়ির বারান্দায় গ্রন্থাগারটির কার্যক্রম চলত। সময়ের সঙ্গে পাঠকের সংখ্যা বাড়তে থাকায় এবং সব শ্রেণি-পেশার মানুষের জন্য পাঠাগারের সুযোগ সহজলভ্য করতে এটি দুর্গাহাটা বাজারে স্থানান্তর করা হয়।
বর্তমানে স্থানীয় হাইস্কুল, গার্লস হাইস্কুল, ডিগ্রি মাদ্রাসা, ডিগ্রি কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং এলাকার সাধারণ মানুষ নিয়মিত এ গ্রন্থাগারে আসেন। বই পড়ার পাশাপাশি এখানে পত্রিকা ও সাহিত্য সাময়িকী পড়ার সুযোগও রয়েছে।
গ্রন্থাগারটি শুধু বই পড়ার মধ্যে সীমাবদ্ধ নেই। পাঠকদের সৃজনশীল ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে নিয়মিত আয়োজন করা হয় আবৃত্তি প্রতিযোগিতা, বৃক্ষরোপণ কর্মসূচি, বিনা মূল্যে লেখা শেখার কোর্স, বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম এবং বিভিন্ন জাতীয় দিবসের অনুষ্ঠান।
গ্রন্থাগার প্রতিষ্ঠার শুরুতে কয়েকজন দাতা সদস্য বই, অর্থ, টেবিল ও বুকশেলফ দিয়ে সহযোগিতা করেন। তাদের সহযোগিতায় ধীরে ধীরে সমৃদ্ধ হয়েছে এর সংগ্রহ। বর্তমানে এখানে বিভিন্ন বয়স ও শ্রেণির পাঠকের উপযোগী নানা ধরনের বই রয়েছে।
গ্রন্থাগারের নিয়মিত পাঠক মো. আবদুল্লাহ আল রাব্বি বলেন, “এখানে এসে আমি শুধু বই পড়ি না, বরং নতুন কিছু শিখতে পারি। গ্রন্থাগারটি সত্যিই আমাদের শেখার জায়গা হয়ে উঠেছে।”
আরেক পাঠক সরমিলা আক্তার বলেন, “ছোটবেলা থেকে বই পড়ার সুযোগ খুব কম ছিল। এই গ্রন্থাগারে এসে নিজের পছন্দের বই পড়তে পারি এবং অন্য শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করতে পারি। এটি গ্রামের শিক্ষার মান উন্নয়নে বড় ভূমিকা রাখছে।”
গ্রন্থাগারের প্রতিষ্ঠাতা ও সভাপতি আবু সাঈদ শিপন বলেন, “শুধু বই পড়লেই হবে না। বই পড়ার পাশাপাশি কিছু কাজের দক্ষতাও অর্জন করতে হবে। শিক্ষার মাধ্যমে শ্রেণিবৈষম্য দূর করা সম্ভব। আর বিশ্বকে জানতে বই পড়ার বিকল্প নেই।”
তার এই উদ্যোগ ও দর্শনকে ঘিরে স্থানীয় মানুষের মধ্যেও বই পড়া ও জ্ঞানচর্চার প্রতি আগ্রহ বাড়ছে। শিক্ষা ও সমাজ সংস্কারে ভূমিকা রাখার পাশাপাশি গ্রন্থাগারটি গ্রামের তরুণদের সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত করার একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে গড়ে উঠছে।
শহর থেকে দূরের একটি প্রত্যন্ত এলাকায় প্রতিষ্ঠিত এই গ্রন্থাগারটি প্রমাণ করছে, জ্ঞানচর্চার জন্য বড় অবকাঠামোর চেয়ে প্রয়োজন উদ্যোগ ও মানুষের অংশগ্রহণ। নিয়মিত পাঠচর্চার সুযোগ তৈরি হলে একটি গ্রন্থাগারও বদলে দিতে পারে একটি গ্রামের শিক্ষার পরিবেশ ও সামাজিক চিত্র।